কওমি মাদ্রাসা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ১৭ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) ৩৭তম কেন্দ্রীয় পরীক্ষার ফল আজ রোববার প্রকাশিত হয়েছে। পরীক্ষার সাতটি স্তরে গড় পাসের হার ৭১ দশমিক ১৭ শতাংশ। এবার মোট ৬৩ হাজার ৩৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১০ হাজার ২৬ জন প্রথম বিভাগে পাস করেছে।

আজ বিকেলে বেফাকের মহাসচিব মুহাম্মাদ আবদুল জব্বার ফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক আবু ইউসুফ বোর্ডের ফলাফল তাঁর কাছে হস্তান্তর করেন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, কওমি মাদ্রাসা শিক্ষার সর্বোচ্চ তাকমিল শ্রেণিতে (স্নাতকোত্তর) ছাত্রদের পাসের হার ৭৯ দশমিক ২৫ ভাগ। ছাত্রীদের পাসের হার ৭২ দশমিক ১৫ ভাগ। স্নাতক বা ফজিলত শ্রেণিতে ছাত্রদের পাসের হার ৬৬ দশমিক ৭৬ ভাগ এবং ছাত্রীদের ৫৮ দশমিক ৬৬ ভাগ। উচ্চমাধ্যমিক বা সানাবিয়্যাহ শ্রেণিতে ছাত্রদের পাসের হার ৬৫ দশমিক ৭৪ ভাগ এবং ছাত্রীদের পাসের হার ৪৮ দশমিক ৭০ ভাগ। নিম্নমাধ্যমিক বা মুতাওয়াসসিতাহ শ্রেণিতে ছাত্রদের পাসের হার ৭৮ দশমিক ৩৩ ভাগ এবং ছাত্রীদের পাসের হার ৬৭ দশমিক ৬০ ভাগ। প্রাথমিক বা ইবতিদাইয়্যাহ শ্রেণিতে ছাত্রদের পাসের হার ৬৬ দশমিক ৩০ ভাগ ও ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৮ ভাগ।

এ ছাড়া তাহফিজুুল কোরআন বিভাগে ৮৪ দশমিক ৭ ভাগ এবং ইলমুত তাজবিদ ওয়াল কিরায়াত বিভাগে পাসের হার ৮৭ দশমিক ৫২ ভাগ।

বেফাক জানিয়েছে, পরীক্ষার ফলাফল বেফাকের ওয়েবসাইটে www.befaqbd.com <http://www.befaqbd.com> পাওয়া যাবে।