কক্সবাজারে গিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে ইউজিসির এপিএ চুক্তি সই
সৈকত জেলা কক্সবাজারে অনুষ্ঠান আয়োজন করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একই সঙ্গে সেখানে অনুষ্ঠিত হয়েছে জাতীয় শুদ্ধাচার কর্মপরিকল্পনা ও ইনোভেশন ল্যাবসংক্রান্ত কর্মশালা।
গতকাল বুধবার শুরু হওয়া দুদিনব্যাপী এ অনুষ্ঠান শেষ হয়েছে আজ বৃহস্পতিবার। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
কেউ কেউ বলছেন, কক্সবাজারে এ অনুষ্ঠান না করে সেটি ঢাকায় ইউজিসি মিলনায়তনেও করা যেত। তাতে সরকারের খরচ কম হতো। অবশ্য ইউজিসি বলছে, কক্সবাজারের ওই অনুষ্ঠানের জন্য ১৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
এ বিষয়ে ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক এ কে এম শামসুল আরেফিন প্রথম আলোকে বলেন, সংশ্লিষ্ট সবাই যাতে নিরবচ্ছিন্নভাবে একসঙ্গে কথা বলতে পারেন, সে জন্যই ঢাকার বাইরে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। ঢাকায় থাকলে সবাইকে সব সময় একসঙ্গে পাওয়া যায় না। করোনার আগেও একাধিকবার এ অনুষ্ঠান ঢাকার বাইরে আয়োজন করা হয়েছে।
কাজ ও সেবায় গতিশীলতা আনা, দক্ষতা বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিত করার জন্য সরকার ২০১৪-১৫ সাল থেকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) চালু করে। তবে ইউজিসির সঙ্গে প্রতিবছর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর এ চুক্তি সই হয়ে আসছে ২০১৬-১৭ অর্থবছর থেকে।
ইউজিসি সূত্র জানিয়েছে, গতকাল বুধবার সন্ধ্যায় কক্সবাজারের হোটেল সি পার্লে ইউজিসির সঙ্গে দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সই ও ইনোভেশন ল্যাব কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউজিসি সচিব ফেরদৌস জামান ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর রেজিস্ট্রাররা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ৫১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও এপিএর ফোকাল পয়েন্টরা উপস্থিত ছিলেন। পাঁচটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম এখনো শুরু হয়নি। তাই এবার ৪৬টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি সই হয়েছে।
ইউজিসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক দিল আফরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক মো. আবু তাহের, অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক মুহাম্মদ আলমগীর,অধ্যাপক বিশ্বজিৎ চন্দ প্রমুখ।