
‘আবার আসিব ফিরে, ধানসিড়িটির তীরে এই বাংলায়...’ লিখেছিলেন বরিশাল ব্রজমোহন কলেজের (বিএম কলেজ) ইংরেজির শিক্ষক, কবি জীবনানন্দ দাশ! বিএম কলেজ নিয়ে বলতে গেলে তাই জীবনানন্দের প্রসঙ্গ এসেই যায়। কবির কলেজের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে ১৫ ডিসেম্বর হাজির হই প্রায় ২৮ হাজার শিক্ষার্থীর পদভারে মুখরিত ঐতিহ্যবাহী কলেজে।
শতক পেরিয়ে
১৮৮৪ সালের কথা। প্রখ্যাত রাজনীতিবিদ ও সমাজসেবক মহাত্মা অশ্বিনী কুমার তাঁর বাবার নামে প্রতিষ্ঠা করেন ব্রজমোহন স্কুল। অল্প সময়ের মধ্যেই স্কুলটির সুনাম ছড়িয়ে পড়েছিল। কিন্তু তখনো প্রবেশিকা (মাধ্যমিক) পরীক্ষায় পাস করার পর বরিশালে উচ্চশিক্ষার সুযোগ ছিল না।
দক্ষিণাঞ্চলের মানুষের দাবির পরিপ্রেক্ষিতে তখনকার জেলা ম্যাজিস্ট্রেট রমেশ চন্দ্র দত্তের অনুরোধে ১৮৮৯ সালের ১৪ জুন বিএম স্কুল প্রাঙ্গণে যাত্রা শুরু হয় ব্রজমোহন কলেজের। কয়েক বছর পর কলেজটি স্থানান্তর করা হয়। অবিভক্ত ভারতের খ্যাতিমান শিক্ষকেরা এই কলেজে অধ্যাপনা করতেন। সে সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল বিএম কলেজ।
শিক্ষা কার্যক্রম সন্তোষজনক হওয়ায় ১৯৬৫ সালে এটি সরকারীকরণ করা হয়। ৬০ একর জায়গার ওপর নির্মিত কলেজে ২২টি বিষয়ে স্নাতক এবং ১৯টি বিষয়ে স্নাতকোত্তর পাঠদান চালু আছে। শিক্ষার্থীরা বিএ (পাস), বিএসএস, বিএসসি সনদ নিতে পারেন। ২৮ হাজার শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন ১৯৮ জন। বড় একটা অংশজুড়ে আছে বিজ্ঞান বিভাগ। একপাশে রয়েছে কলা ও বাণিজ্য বিভাগ।
পদধূলি
জীবনানন্দ দাশের স্মৃতি তো জড়িয়ে আছেই, এ ছাড়া বহু গুণীজন এই কলেজে পা রেখেছেন। অনেকবার ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে এসেছেন বাংলার বাঘখ্যাত শেরেবাংলা এ কে ফজলুল হক। জাতীয় অধ্যাপক কবির চৌধুরী এই কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। একই দায়িত্বে ছিলেন সুরেশ চন্দ্র সেনগুপ্ত, ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মনোরমা গুহ, শান্তিসুধা ঘোষসহ অনেক গুণী শিক্ষক। বিখ্যাত লেখক তপন রায় চৌধুরী এই কলেজের ছাত্র ছিলেন। সাহিত্যিক মিহির সেনগুপ্ত, ৯ নম্বর সেক্টরের মুক্তিযুদ্ধের সংগঠক নজরুল ইসলাম মঞ্জু, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, চিফ হুইপ আ স ম ফিরোজ, কবি আসাদ চৌধুরী, সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ অনেক গুণী ব্যক্তি এই প্রতিষ্ঠানে পড়েছেন।
ক্যাম্পাস ঘুরে
ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে মোট আটটি বহুতল একাডেমিক ভবনে পাঠদান চলে। পুরো ক্যাম্পাস কৃষ্ণচূড়া, রাধাচূড়া, জাম, জামরুল, রঙ্গন, মেহগনিগাছে ঘেরা। বোটানিক্যাল গার্ডেনে আছে বিরল প্রজাতির নাগলিঙ্গমসহ নানা প্রজাতির ফুলের গাছ। এসব গাছের ফাঁকে ফাঁকে নতুন-পুরোনো ভবনগুলো দাঁড়িয়ে আছে। ছাত্রছাত্রীদের জন্য সাতটি ছাত্রাবাস রয়েছে। এর মধ্যে চারটি ছাত্রদের, তিনটি ছাত্রীদের জন্য। মোট আসনসংখ্যা ১ হাজার ৬৩০।
আশপাশের জেলা ও উপজেলা থেকে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রয়েছে চারটি বাস। আছে ১৬টি পরীক্ষাগার ও প্রায় এক লাখ বইয়ের একটি পাঠাগার। এক হাজার আসনের মিলনায়তন, ২০০ আসনের সেমিনার রুম, ছাত্রী মিলনায়তন ও ছাত্র সংসদ ভবন, ক্যানটিন, বড় দুইটি খেলার মাঠ, বিদেশি ভাষা প্রশিক্ষণকেন্দ্র, দুইটি কম্পিউটার ল্যাব, একটি জাদুঘর, সাতটি বড় পুকুর, তিনটি শহীদ মিনার, চারটি মসজিদ, দুইটি মন্দির, বিএনসিসি ও স্কাউট ভবন কলেজ প্রাঙ্গণকে সমৃদ্ধ করেছে।
সহশিক্ষা কার্যক্রম
একাডেমিক শিক্ষার বাইরে কলেজের শিক্ষার্থীরা সহশিক্ষা কার্যক্রমে সমানভাবে ভূমিকা রাখছেন। শিক্ষার্থীদের পরিচালনায় ১৫টি সংগঠন নানা কর্মসূচি পরিচালনা করছে। নাটক ও গানের ভুবনে কাজ করছে ব্রজমোহন থিয়েটার ও সংস্কৃতি পরিষদ। শিক্ষার্থীদের যুক্তিবাদী হিসেবে গড়ে তুলতে বিতর্ক চর্চা চলছে বরিশাল ডিবেটিং সোসাইটি (বিডিএস) এবং ডিবেটিং ক্লাবের মাধ্যমে। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিচালনা করে সন্ধানী এবং বাঁধন নামের দুটি সংগঠন। আছে বিএনসিসি ও রোভার স্কাউট।
প্রাণের প্রাঙ্গণ
আমরা যখন কলেজ ঘুরে দেখছি, শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন তখন বিজয় দিবস উদ্যাপনের মহড়ায় ব্যস্ত। উত্তরণ সাংস্কৃতিক সংগঠন, ব্রজমোহন থিয়েটার প্রাঙ্গণ, জীবনানন্দ চত্বর, মুক্তমঞ্চসহ পুরো ক্যাম্পাসে বিজয়ের সুর। মহড়ার ফাঁকে ফাঁকেই তাঁরা জানালেন স্বপ্নের কথা।
পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী চৈতী কুণ্ডু গানের মহড়া করছিলেন। হারমোনিয়ামে হাত রেখেই বললেন, ‘আমার কাছে গানই সব। ইচ্ছে ছিল ইংরেজি সাহিত্যে পড়ার। তবে কলেজে সংগীত বিভাগ থাকলে সেটাই পছন্দ করতাম। আমার স্বপ্ন, সুবিধাবঞ্চিত শিশুদের গান শেখাব।’
কথা হলো ইংরেজি বিভাগের ছাত্র শুখদেব মণ্ডলের সঙ্গে। বিজয় দিবস প্রসঙ্গে বলছিলেন, ‘আমাদের একটা স্বপ্ন ছিল কলেজ ক্যাম্পাসে মুক্তিযুদ্ধকে স্মরণ করে একটা ভাস্কর্য তৈরি হবে।’
বাংলা তৃতীয় বর্ষের শিক্ষার্থী উদয় শংকর বলছিলেন, বাংলা ভাষার চর্চা আরও সমৃদ্ধ করতে একটা বড় পাঠাগার করতে চান। অন্যদিকে ইংরেজি সাহিত্যের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মৌতিথি নন্দীর ধ্যান-জ্ঞান সংগীত। স্বনামে পরিচিতি পেয়েছেন গানের মাধ্যমে। ইংরেজি সাহিত্যের এই শিক্ষার্থী চান প্রতিষ্ঠিত শিল্পী হতে।
একা একা ক্যাম্পাসে ঘুরতে ভালো লাগে জাহানারা মিতুর। হিসাববিজ্ঞানের পাঠ শেষ করে ব্যাংকার হওয়ার স্বপ্ন তাঁর। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সুমিতা তানজিলা একই সঙ্গে ফ্যাশন ডিজাইনার ও সংবাদপাঠক হতে চান। একেকজনের লক্ষ্য, স্বপ্ন একেক রকম। ব্যাংকার হতে চান তবলাবাদক অনয় বণিক, বিজ্ঞানী হওয়ার ইচ্ছে ইসরাত জাহানের, অর্থনীতিবিদ হতে চান উজ্জ্বল ব্যাপারী, গণিতের ভীতি দূর করতে কাজ করার স্বপ্ন মাসুদুর রহমানের।
শিক্ষার্থীদের সঙ্গে আড্ডায় বসে মনে হলো, কয়েক বছর পর যদি ব্রজমোহন কলেজ নিয়ে আবার কোনো প্রতিবেদন লেখা হয়, তখন হয়তো এই কলেজ থেকে পাস করা গুণীজনের তালিকা আরও অনেক লম্বা হবে!

দক্ষিণাঞ্চলের মানুষের অহংকার
স ম ইমানুল হাকিম
অধ্যক্ষ
ব্রজমোহন কলেজ কেবল বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি পুরো দক্ষিণাঞ্চলের মানুষের অহংকারও। ব্রিটিশবিরোধী স্বদেশি আন্দোলন, অসহযোগ আন্দোলন, ’৫২-র ভাষা আন্দোলন, ’৬২-র শিক্ষা আন্দোলন, ’৬৬-র ছয় দফা, ’৬৯-এর গণ-অভ্যুত্থান এবং ’৭১-এর মহান মুক্তিযুদ্ধে ব্রজমোহন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ভূমিকা রেখেছেন। কলেজ প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের মধ্যে নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল। এখনো সেই সম্পর্কটা আছে। কবি জীবনানন্দ দাশ এই কলেজের শিক্ষক ছিলেন। এখনো দেশ-বিদেশের পর্যটকেরা আসেন জীবনানন্দ দাশের কলেজ দেখার জন্য। অগণিত খ্যাতিমান রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সরকারি-বেসরকারি পদস্থ কর্মকর্তা, সাহিত্যিক, সাংবাদিক, আইনজ্ঞ এই কলেজের ছাত্র ছিলেন। সবার সম্মিলিত চেষ্টার ফসল আমদের এই কলেজ।