কম্পিউটার শিক্ষা
অধ্যায়-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ কম্পিউটার শিক্ষা বিষয় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। প্রশ্ন: আউটপুট যন্ত্র হিসেবে মনিটরের প্রয়োজনীয়তা ও ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো।উত্তর: মনিটর হচ্ছে বর্তমান সময়ের জন্য সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহূত আউটপুট যন্ত্র। কম্পিউটারের সঙ্গে সংযুক্ত ১২/১৪/১৭/২০/২১/২৯ ইঞ্চি বা আরও বড় আকৃতির মনিটর আউটপুট যন্ত্র হিসেবে ব্যবহূত হচ্ছে। তবে সাধারণভাবে সবচেয়ে বেশি ব্যবহূত হয় ১৪ ইঞ্চি মাপের মনিটর। কম্পিউটার প্রদত্ত আউটপুট তাৎক্ষণিকভাবে প্রদর্শনের জন্য মনিটর ব্যবহার করা হয়। প্রথমদিকের কম্পিউটারের সঙ্গে আউটপুট প্রদর্শনের জন্য মনিটর ছিল না। তখন ইনপুট দেওয়া ও আউটপুট পাওয়ার জন্য বিশেষ ধরনের কার্ড ব্যবহার করা হতো। কম্পিউটারের সঙ্গে সংযুক্ত কি-বোর্ডের সাহায্যে কোনো কিছু টাইপ করার সময় প্রতিটি বোতামে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মনিটরের পর্দায় অক্ষরগুলো পরপর প্রদর্শিত হতে থাকে। এভাবে মনিটরের পর্দায় দেখে দেখে দীর্ঘ বিষয়বস্তু টাইপ করা যায়, সংযোজন ও বিয়োজনের কাজ করা যায় এবং বিচিত্র রকমের সম্পাদনার কাজ করা যায়, গ্রাফিক্সের কাজ করা যায়। এ ছাড়া নানা প্রকার আর্কিটেকচারাল ড্রয়িংয়ের কাজ করা যায়। মনিটরের মূল অংশটির কারিগরি নাম হচ্ছে সি আর টি (CRT) বা ক্যাথোড রে টিউব (Cathod Ray Tube)। সি আর টি হচ্ছে বায়ুশূন্য টিউব (Vacuum Tube)। টিউবের পেছন দিকে অবস্থিত ইলেক্ট্রন গান (Electron Gun) থেকে ইলেক্টন রশ্মি বিচ্ছুরিত হয় এবং পর্দার দিকে ধাবিত হয়। আর পর্দার ভেতরের পৃষ্ঠে ফসফরাসের প্রলেপ থাকে। ইলেক্ট্রন বিম ফসফরাসের ওপর পতিত হলে ফসফরাস থেকে উজ্জ্বল আলো নির্গত হয়। নির্গত আলোর রং কী হবে, তা নির্ভর করে ফসফরাসের ধরনের ওপর। ফসফরাসের ধরনের ভিত্তিতে মনিটরের পর্দায় প্রদর্শিত বিষয় এক রঙের বা বহু রঙের হতে পারে। সাধারণত মনিটরের ভূমি বরাবর ২০ থেকে ৪০টি লাইন থাকে এবং প্রতিটি লাইনে ৮০টি অক্ষর থাকে।লেজার প্রিন্টার: নন-ইম্প্যাক্ট প্রিন্টারের মধ্যে উন্নতমানের ও সবচেয়ে বহুল ব্যবহূত প্রিন্টার হচ্ছে লেজার প্রিন্টার। লেজার প্রিন্টারে একবারে পূূর্ণ একটি পৃষ্ঠা মুদ্রিত হয় বলে একে পেজ প্রিন্টার হিসেবেও অভিহিত করা হয়ে থাকে। লেজার প্রিন্টার মুদ্রণের জন্য লেজার রশ্মি একটি আলোক-সংবেদনশীল ড্রামের ওপর মুদ্রণযোগ্য বিষয়ের ছাপ (Image) তৈরি করে। তখন লেজার রশ্মি প্রক্ষেপিত অংশ টোনার (গুঁড়ো কালি) আকর্ষণ করে। এরপর ড্রাম সেই টোনারকে কাগজে স্থানান্তরিত করে। কাগজের ওপর পতিত টোনার উচ্চ তাপে গলে গিয়ে স্থায়ীভাবে বসে যায়। এভাবেই লেজার প্রিন্টারে মুদ্রণের কাজ সম্পন্ন হয়। লেজার প্রিন্টারে মুদ্রণের সময় ডট মেট্রিক্স প্রিন্টারের মতো শব্দ হয় না। লেজার প্রিন্টারের মুদ্রণের মান অত্যন্ত উন্নত। লেজার প্রিন্টারের সাহায্যে মুদ্রিত অক্ষর বেশি ঝকঝকে হওয়ার জন্য উচ্চ ঘনত্বের (High Density) লেজার প্রিন্টার ব্যবহার করতে হয়। লেজার প্রিন্টারের ঘনত্ব পরিমাপ করা হয় ডিপিআই (DPI) বা প্রতি ইঞ্চিতে ডটের পরিমাণ (Dot Per Inch) দিয়ে। আমাদের দেশে ব্যবহূত লেজার প্রিন্টারগুলো এখন ৬০০ ডিপিআই এবং ১২০০ ডিপিআই বিশিষ্ট। কম্পিউটার প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট সব প্রযুক্তিই অত্যন্ত দ্রুত উন্নত হচ্ছে। লেজার প্রিন্টারে মুদ্রিত অক্ষর তৈরি হয় অসংখ্য ছোট ছোট বিন্দু বা ডটের সাহায্যে। ৬০০ ডিপিআই অর্থ হচ্ছে এক বর্গ ইঞ্চি জায়গার মধ্যে পাশাপাশি ৬০০ বিন্দু এবং খাড়াখাড়ি ৬০০ বিন্দু। অর্থাৎ এক বর্গ ইঞ্চিতে মোট বিন্দুর পরিমাণ হচ্ছে (৬০০*৬০০) ৩ লাখ ৬০ হাজার। ১২০০ ডিপিআই প্রিন্টারে এক বর্গ ইঞ্চিতে বিন্দুর পরিমাণ হচ্ছে ১৪ লাখ ৪০ হাজার। অতএব ৬০০ ডিপিআই প্রিন্টারের চেয়ে ১২০০ ডিপিআই প্রিন্টারে মুদ্রিত অক্ষর অনেক বেশি উজ্জ্বল হবে। উচ্চ ডিপিআই বিশিষ্ট প্রিন্টারে ছবির মুদ্রণ নিখুঁত হয়। প্রকাশনার জন্য তৈরি লেখার মুদ্রণ লেজার প্রিন্টারে নেওয়ার জন্য ট্রেসিং কাগজ ব্যবহার করতে হয়। ওভারহেড প্রজেক্টরে ব্যবহারের জন্য মুদ্রণ নিতে হয় ট্রান্সপারেন্সি সিটে। লেজার প্রিন্টারে মুদ্রণের গতি সাধারণত প্রতি মিনিটে ৮/১২/১৬/২০ বা আরও বেশি পৃষ্ঠা হয়ে থাকে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল