পূর্ণ নামের ক্ষেত্রে বানানগুলো ইংরেজিতে লেখা ভালো
কম্পিউটার শিক্ষা এইচএসসি পরীক্ষা-২০১০: দরকারি প্রস্তুতি-৪
বিভাগীয় প্রধান, কম্পিউটার শিক্ষা বিভাগ, নটর ডেম কলেজ, ঢাকাকম্পিউটার শিক্ষা বিষয়ে ভালো নম্বর পেতে হলে কম্পিউটার শিক্ষা প্রথম পত্রেই বেশি নম্বর পেতে হবে। কেননা কম্পিউটার দ্বিতীয় পত্র রচনামূলক এবং কোনো গাণিতিক প্রশ্ন নেই বলে তুলনামূলকভাবে নম্বর কম পাওয়া যায়। গাণিতিক এবং যুক্তিমূলক বর্তনী ও প্রোগ্রামিংয়ের মতো অধ্যায় যেমন রয়েছে, তেমনি এসব অধ্যায় থেকে উত্তর লিখলে অনেক বেশি নম্বর পাওয়া যায়। উত্তরপত্র লেখার সময় প্রশ্নের ধারাবাহিকতা রক্ষা করে লিখবে। প্রশ্নের দুটি অংশ থাকলে পর পর উত্তর লিখবে। যেসব প্রশ্নে অথবা রয়েছে সেসব প্রশ্নের উত্তরের আগে প্রশ্নের নম্বরসহ অথবা লেখা উচিত। প্রশ্ন নির্বাচনের ক্ষেত্রে মনে রাখতে হবে, যেসব প্রশ্নের উত্তর সহজ ও ভালোভাবে আয়ত্তে আছে, সেসব প্রশ্নের উত্তর আগে লিখতে হবে। প্রশ্নে কে, কী, কেন বা কোথায়? যেভাবে প্রশ্ন থাকবে ঠিক সেভাবে ধারাবাহিকতা বজায় রেখে উত্তর লিখতে হবে। প্রাসঙ্গিক চিত্রের ক্ষেত্রে চিত্রের নিচে কী বিষয়ের চিত্র, তা উল্লেখ করতে হবে। যেসব প্রশ্নে পার্থক্য রয়েছে, সেখানে প্রশ্নের মান যত নম্বর থাকবে, ঠিক ততটা পার্থক্য লিখতে হবে। মনে রেখো, আলোচনা বা সংক্ষেপে লিখ প্রশ্নের তুলনায় সঠিকভাবে পার্থক্য লিখলে তুলনামূলক বেশি নম্বর পাওয়া যায়। অঙ্কন, প্রোগ্রাম ও ফ্লোচার্টভিত্তিক প্রশ্নের উত্তর সঠিক হলে যেমন পূর্ণ নম্বর পাওয়া যায়, তেমনি সময়ও কম লাগে। সেজন্য এসব প্রশ্নের উত্তর লেখা ভালো। কম্পিউটার প্রথম পত্রের গাণিতিক বিষয়গুলোর মধ্যে প্রথমেই রয়েছে সংখ্যাপদ্ধতি। এই অঙ্কগুলো করার সময় বেজ বা ভিত উল্লেখ করতে হবে। দশমিক পদ্ধতি, ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে ন্যূনতম তিন থেকে চার ঘর পর্যন্ত সংখ্যা বের করে দেখাবে। অনেক ক্ষেত্রে পরীক্ষার্থীরা দশমিক থেকে অন্য সংখ্যা রূপান্তর করার পদ্ধতির সঙ্গে অন্য সংখ্যা থেকে দশমিকে ফেরত আসার পদ্ধতি মিলিয়ে ফেলে। এতে ফলাফল ভুল বের হয়। এ জন্য এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে কীভাবে রূপান্তর করতে হবে, তা ভালো করে মনে রাখবে। ডিজিটাল লজিকের বর্তনী বা গেটগুলো অঙ্কনের সময় গেটের আকৃতি ও সঠিক গেটটি অঙ্কন না করলে কোনো নম্বর পাওয়া যায় না। সরলীকরণের সময় মনে রাখবে যে যখন চলকগুলো পৃথক হয়ে যাবে অর্থাৎ একই চলক দুইবার থাকবে না। কার্নু ম্যাপের মানগুলোকে সঠিকভাবে ম্যাপে বসাতে হবে। সঠিকভাবে না বসালে কমন নিলেও উত্তর সঠিক হবে না। কমন নেয়ার সময় খেয়াল রাখবে যে প্রথম অক্টেট পরে কোয়ার্ড এবং শেষে পেয়ার-এর মান ধরে বের করবে। মনে রেখো, কোনো কোয়ার্ডকে পেয়ার হিসেবে ধরা যাবে না। অধিকাংশ পরীক্ষার্থী প্রোগ্রামিংকে খুব ভয় পায়। এজন্য অনেকেই প্রোগ্রামিং লেখা এড়িয়ে চলে। কিন্তু গঠন (সিন্টেক্স) ঠিক থাকলে আংশিক নম্বর পাওয়া যায়। পূর্ণ নামের ক্ষেত্রে বানানগুলো ইংরেজিতে লেখা ভালো। যেমন CPU- Central Processing Unit। ডাটা সাজানোর ক্ষেত্রে মনে রেখো ঊর্ধ্বক্রম সাজানোর অর্থ ছোট থেকে বড় আকারে সাজানো এবং অধঃক্রম বা নিম্নক্রম মানে বড় থেকে ছোট আকারে সাজানো।