কলকাতায় সত্যানন্দের বালুচিত্র

কলকাতার আকাশে তখন বর্ষার আনাগোনা। বৃষ্টি মাথায় নিয়েই দেখা গেল কলকাতার একাডেমি অব ফাইন আর্টসের গ্যালারিতে অনেক লোক হাজির। একে একে উপস্থিত হলেন অতিথি, মিডিয়াকর্মী ও বিশিষ্টজনেরা। ১ জুলাই ২০১৭, শনিবার ঠিক বিকেল ৫টায় শিল্পী সত্যানন্দ পাইকের ‘প্রকৃতি-অন্বেষণ’ শিরোনামের ৬ দিনের একক চিত্রকর্ম প্রদর্শনীর শুভ সূচনা হলো। উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. পবিত্র সরকার, চিত্রকলা বিভাগের অধ্যাপক শ্রী নিখিল রঞ্জন পাল এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. মোফাকখারুল ইকবাল।
সত্যানন্দ বাংলাদেশের ছেলে। আমার বন্ধু। দুজন একসঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়েছি। সত্যানন্দ এখন এমএফএ কোর্সে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে পড়ছে। বন্ধুর প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পড়েছিল আমার কাঁধে। সেই সুবাদে আরও কাছ থেকে তাঁর কাজগুলো দেখার সুযোগ হয়েছে।
এটাই সত্যানন্দের প্রথম ও একক প্রদর্শনী। ওর রোমাঞ্চটা তাই বেশ ভালোভাবেই টের পাচ্ছিলাম। সে তাঁর শিল্পকর্মে গ্রাম, নদী, মাঠঘাট, প্রান্তর, প্রকৃতি ও শৈশবকে তুলে ধরার চেষ্টা করেছ। তবে তাঁর এই শিল্পকর্ম একটু অন্যরকম। বালুর সঙ্গে আঠা ও রং মিশিয়ে আঁকা ছবিগুলো সহজেই আপনাকে খুব গভীরে নিয়ে যাবে, মনে হবে যেন প্রকৃতির মধ্যে ডুবে যাচ্ছেন! যেহেতু বালু দিয়ে আঁকা, তাই ছবিগুলো দ্বিমাত্রিক। আরও বেশি বাস্তব। দর্শনার্থীদের সহজে আকৃষ্ট করে। নদী ও নৌকা আঁকা ছবিটি দেখে মনে হচ্ছিল, আমিও একটা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। নৌকাটা একটুখানি ছুঁয়ে দেখারও ইচ্ছা হচ্ছিল, সেটা দমন করতে হলো। প্রদর্শনী ঘুরে দেখে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার বলছিলেন, ‘সত্যানন্দের শিল্পকর্ম দেখে শৈশবের কথা, বাংলাদেশের কথা মনে পড়ে গেল। পরে জেনেছি, তিনি বাংলাদেশে জন্মেছিলেন।’ পবিত্র সরকার আরও বলেন, ‘বালুর ভিন্ন ভিন্ন ব্যবহার ওর ছবিকে অন্য মাত্রা দিয়েছে।’
সত্যিই অদ্ভুত সুন্দর আঁকে সত্যানন্দ। তাঁর প্রতিটি চিত্রকর্মই যেন একেকটি প্রাণবন্ত কবিতা। প্রদর্শনীতে স্থান পেয়েছিল মোট ২২টি চিত্রকর্ম। প্রতিটি ছবির সামনেই দাঁড়িয়ে বেশ খানিকটা সময় ব্যয় করতে হলো। নিজের কাজ সম্পর্কে সত্যানন্দের ব্যাখ্যাটা এমন, ‘প্রাকৃতিক বালুকে নানা তাপমাত্রায় এনে আঠা এবং কোথাও কোথাও রঙের সঙ্গে মিশিয়ে ক্যানভাসে প্রয়োগ করেছি। ফুটিয়ে তুলতে চেষ্টা করেছি প্রকৃতির রূপ। মূলত আমার জন্মস্থান খুলনা ও সাতক্ষীরার রূপই আমার শিল্পের উৎস।’
সত্যানন্দের সাফল্যের পেছনের গল্পটা এবার বলি। আমরা দুজনই খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক শেষ করেছি। প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলাম। তখন সিদ্ধান্ত নিয়েছিলাম, উচ্চতর শিক্ষার জন্য দেশের বাইরে যাব। ২০১৫ সালের মে মাসে আমরা সর্বপ্রথম আবেদন করার সুযোগ পাই পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতনে। আমার পাসপোর্টজনিত জটিলতার কারণে সত্যানন্দই আমার ভর্তি ফরমটি জমা দিয়ে যায় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। আমি শান্তিনিকেতনে ভর্তি হই জুলাইতে। পরে সত্যানন্দ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় একই বছরে। তখন থেকেই প্রত্যয়, পরিশ্রম আর প্রতিভা দিয়ে সে ফুটিয়ে তুলছে বাংলাদেশের চিরায়ত রূপ।
শান্তিনিকেতনে আমার পড়ালেখার পাট চুকে গেছে। শুধু বন্ধুর প্রথম প্রদর্শনী দেখতেই আমি বাংলাদেশ থেকে কলকাতায় গিয়েছিলাম। তাঁর প্রদর্শনী দেখার পরে মনে হলো, যাত্রাটা সার্থক হয়েছে। আমি মনে করি, দেশের বাইরে সত্যানন্দের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জনই নয়, এ অর্জন খুলনা বিশ্ববিদ্যালয়ের, এই অর্জন বাংলাদেশের। তাই বন্ধুটিকে নিয়ে আমার খুব গর্ব হয়। একদিন নিশ্চয়ই সত্যানন্দ তাঁর বালুশিল্প দিয়ে বাংলার রূপ বিশ্বের দরবারে তুলে ধরবে।