কলেজ ভর্তির শেষ দফায় ৮২ হাজার আবেদন ফল প্রকাশ ২৩ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শেষ দফায় আবেদনের সময় শেষ হয়েছে গতকাল মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিটে। সর্বশেষ হিসাব অনুযায়ী গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত প্রায় ৮২ হাজার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেছে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর প্রথম আলোকে এই তথ্য জানান। এর আগে যেসব শিক্ষার্থী আবেদন করেও কোনো কলেজে ভর্তি হয়নি এবং যারা আগে কখনো আবেদন করেনি তারাই শেষ দফায় আবেদন করতে পারবে। এই দফায় মনোনীতদের তালিকা প্রকাশ করা হবে ২৩ জুলাই।
ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আশা করছেন, এই দফায় আবেদনের পর ভর্তি নিয়ে আর বড় সমস্যা থাকবে না।
কলেজ ভর্তির আবেদন শুরু হয়েছিল ৬ জুন, ফল প্রকাশের কথা ছিল ২৫ জুন। কিন্তু কারিগরি ত্রুটির কারণে চার দফায় পিছিয়ে ফল প্রকাশ করা হয় ২৮ জুন।
এরপরও ভর্তি প্রক্রিয়ায় নানা ধরনের ভুলভ্রান্তি ও জটিলতা হয় এবং এ নিয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হয়। একপর্যায়ে সংবাদ সম্মেলন করে দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিক্ষাসচিব নজরুল ইসলাম খান।