কলেজের ভর্তির ফল নিয়ে জটিলতা কাটেনি
ওয়েবসাইটের কারিগরি সমস্যা সমাধান না হওয়ায় একাদশ শ্রেণিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা কে কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছে তার তালিকা আজ শনিবারও প্রকাশ করা হচ্ছে না। আগামীকাল রোববার তা প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কর্মকর্তারা।
এ কারণে ভর্তির নির্ধারিত সময়সীমাও পরিবর্তন করা হচ্ছে।
নীতিমালা অনুযায়ী ফল প্রকাশের পর আজ থেকে ৩০ জুনের মধ্যে ভর্তির কাজ শেষ করে ১ জুলাই একাদশ শ্রেণির ক্লাস শুরুর কথা ছিল। শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষাবোর্ডের সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান আজ বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আশা করছি রোববার ফল প্রকাশ করা যাবে।’ তবে ঢাকা শিক্ষা বোর্ডের দায়িত্বশীল একজন কর্মকর্তা আজ রাত নয়টার দিকে প্রথম আলোকে বলেন, আগামীকাল রাতে তালিকা প্রকাশের চেষ্টা চলছে। সেই লক্ষে কাজ চলছে। কিন্তু এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে না। কারণ কোনো কারণে যদি কালও না দেওয়া যায়, তাহলে আরও নেতিবাচক অবস্থা তৈরি হবে।
এই কর্মকর্তা বলেন, কাজটি দ্রুত করার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক মো. কায়কোবাদকেও এ কাজের সঙ্গে যুক্ত করা হয়েছে। এ ছাড়া সরকারের একসেস টু ইনফরমেশন (এ টু আই) প্রকল্পের বিশেষজ্ঞদেরও এ কাজে যুক্ত করা হয়েছে।
বুয়েটের কারিগরি সহায়তায় ঢাকা শিক্ষা বোর্ড কলেজে ভর্তির কাজটি করছে। বোর্ডের পূর্বঘোষিত সময় অনুযায়ী গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ফলাফল প্রকাশ করার কথা ছিল। কিন্তু ওই দিন কারিগরি সমস্যার কারণে ফল প্রকাশ করতে পারেনি ঢাকা বোর্ড। এ জন্য এক দিন সময় বাড়িয়ে শুক্রবার রাত সাড়ে ১১টায় ফলাফল প্রকাশের সময় নির্ধারণ করা হয়। কিন্তু শুক্রবার রাতে ফলাফল প্রকাশের সময় পিছিয়ে আজ শনিবার সকালে প্রকাশ করা হবে বলে জানানো হয়। কিন্তু আজ সকালেও তা প্রকাশ করা হয়নি। আজ সকাল ১০টার দিকে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক প্রথম আলোকে বলেন, আজ ফল প্রকাশ হবে না কি না, সেই সম্ভাবনার কথা বলা যাচ্ছে না। তবে চেষ্টা চলছে।
ঢাকা শিক্ষাবোর্ডের একটি সূত্র জানায়, যে ওয়েবসাইটে কাজ চলছে, সেখানে বড় ধরনের কারিগরি সমস্যা হচ্ছে। সেটি একাধিকার হ্যাকড হয়েছে। এ জন্য ফল প্রকাশ করা যাচ্ছে না। তবে শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, যে সফটওয়ারে কাজটি হচ্ছে তার ‘কোডিং’ (প্রোগ্রামিং সংকেত) সমস্যা হয়ে থাকতে পারে। তবে দায়িত্বশীল পক্ষ থেকে এ বিষয়ে স্পষ্ট করে কারণ বলা হচ্ছে না।
এদিকে বারবার সময় দিয়েও ফল প্রকাশ করতে না পারায় ভর্তি-ইচ্ছুক লাখ লাখ শিক্ষার্থীর মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। সন্তানদের ভর্তি নিয়েও অভিভাবকদের মধ্যে উৎকণ্ঠা রয়েছে। এবার মোট ১১ লাখ ৫৬ হাজার শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য আবেদন করে।