কারিগরি বোর্ডের ফল আগের মতোই
কারিগরি শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৮৫ দশমিক ২ শতাংশ। গত বছর এ হার ছিল ৮৫ দশমিক ০৩ শতাংশ।
এ বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় মোট এক লাখ চার হাজার ৫৮৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এদের মধ্যে ৮৮ হাজার ৯২৫ জন পরীক্ষার্থী পাস করেছেন।
গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই বোর্ডের ফল প্রকাশ করা হয়। এবার জিপিএ-৫ পেয়েছেন ছয় হাজার ২৫ পরীক্ষার্থী। গত বছর চার হাজার ৬৫৮ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।
কারিগরি বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে দিনাজপুরের পার্বতীপুর আদর্শ ডিগ্রি কলেজ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে কুমিল্লার আবেদা নূর বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও খুলনার সূর্যমুখী মহিলা টেকনিক্যাল ও বিএম কলেজ।
চতুর্থ থেকে ২০তম স্থান অধিকারী কলেজগুলো হলো যথাক্রমে কুমিল্লার ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি, রাজশাহীর রাজপাড়া আদর্শ মহিলা টেকনিক্যাল ও বিএম কলেজ, চাঁদপুরের হাজীগঞ্জ মডেল কলেজ, টাঙ্গাইলের আলহাজ শফিউদ্দিন মিয়া অ্যান্ড আকবর হোসেন টেকনিক্যাল কলেজ, ময়মনসিংহের ধানীখোলা টেকনিক্যাল ও কমার্শিয়াল কলেজ, ডেমরার বামইল উচ্চবিদ্যালয় ও কলেজ, টাঙ্গাইলের বাসাইল এমদাদ-হামিদা ডিগ্রি কলেজ, পটুয়াখালীর ধানখালী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, দিনাজপুরের খোলাহাটি ডিগ্রি কলেজ, ঝালকাঠির রাজাপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ, যশোরের আলিমুন্নেসা গার্লস হাইস্কুল ও টেকনিক্যাল কলেজ, ঝিনাইদহের কাটগরা কলেজ, কক্সবাজারের লিডারশিপ বিশ্ববিদ্যালয় কলেজ, ঝালকাঠির রাজাপুর ডিগ্রি কলেজ, নীলফামারীর জলঢাকা বিএম ইনস্টিটিউট, একই জেলার মকবুল হোসাইন টেকনিক্যাল ও বিএম কলেজ এবং গাইবান্ধার তুলসীঘাট শামসুল হক ডিগ্রি কলেজ।