কালকের প্রাথমিক সমাপনী পরীক্ষা নিয়ে আলোচনা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের কারণে কাল সোমবার প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা হবে কি না, তা নিয়ে মন্ত্রণালয় ও অধিদপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এখন আলাপ-আলোচনা করছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এই আলাপ-আলোচনা চলছে বলে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন। সেখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত আছেন।

ওই কর্মকর্তা বলেন, কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে একটি সিদ্ধান্ত হতে পারে। তবে আজকের নির্ধারিত পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে।

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা আজ রোববার বেলা ১১টা থেকে শুরু হচ্ছে। এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ জন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, নির্ধারিত সময়েই পরীক্ষা শুরু হবে। প্রথম দিনে অনুষ্ঠিত হবে ইংরেজি পরীক্ষা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া হিসাবে, মোট পরীক্ষার্থীর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থী ২৯ লাখ ৪৯ হাজার ৬৩ জন। আর ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থী ৩ লাখ ৫ হাজার ৪৫১ জন।

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর করার প্রতিবাদে কাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি। জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গত শনিবার দিবাগত রাতে এক বিবৃতিতে ওই কর্মসূচি ঘোষণা করেন।

গতকাল দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। একই সময়ে একাত্তরে মানবতাবিরোধী আরেক অপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

আরও পড়ুন: