কীভাবে প্রশ্ন তৈরি করা হয়, কীভাবে উত্তর লিখবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রিয় জেএসসি পরীক্ষার্থী, সৃজনশীল প্রশ্নপদ্ধতির প্রশ্ন তৈরি ও উত্তর লেখার নিয়মকানুন নিয়ে ধারাবাহিকভাবে প্রকাশিত লেখাটির ২য় অংশ ছাপা হলো আজ।
দৃশ্য-২
এরপর দেখি স্যার তাঁর ডায়েরিতে কিছু লিখতে আরম্ভ করলেন। স্যার ‘নারী’ কবিতায় বর্ণিত বিভিন্ন দিক বা ভাব খঁুজে বের করে তা ডায়েরিতে টুকে রাখছেন। একটু পর ভাবগুলো দিয়ে স্যার একটা নকশা আঁকলেন। এর নাম দিলেন ভাবের গাছ। যেখানে দেখতে পাচ্ছি গাছের গোড়ায় লেখা আছে ‘নারী’ কবিতার মূলভাব। আর শাখা-প্রশাখায় লেখা রয়েছে বিভিন্ন ভাব। যেমন, ‘নারী’ কবিতার ভাবের গাছ স্যার আঁকলেন এমন করে—
সাম্যের যুগ/ মানবতার যুগ এখন। তাই নারীর প্রতি আর বৈষম্যমূলক আচরণ করা যাবে না।
পুরুষতান্ত্রিক মানসিকতা/ পুরুষের অবদান যথাযথভাবে লিখিত হয়েছে
নারীর সমঅধিকার না দিলে বা নারীর অবদান অস্বীকার করলে পরে পুরুষেরা নিজেরাই নির্যাতনের শিকার হবে।
শোষণ-বঞ্চনার শিকার নারী/ নারীর অবদান যথাযথভাবে স্বীকৃত হয়নি/ নারীর অবমূল্যায়ন হয়েছে।
সভ্যতার উন্নয়নে নারীর অবদান
পৃথিবীর সব ভালো-মন্দ নারী এবং পুরুষের সমান অবদানের ফসল
নারী
মূলভাব: নারী ও পুরুষের মধ্যে কোন বৈষম্য বা ভেদাভেদ নেই। উভয়ের সমান অবদানেই আজকের এ আধুনিক সভ্যতা
গাছ আঁকার পর স্যারের চোখে-মুখে ভীষণ খুশির ঝিলিক। কারণ, এই গাছ থেকে সারা বছর ধরে যখন মন চাইবে তখনই স্যার ফল পেড়ে খেতে পারবেন। ব্যাপারটা বোঝা গেল না? তাহলে খোলাসা করেই বলি; এই যে ‘নারী’ কবিতার বিভিন্ন দিক বা ভাব স্যার আলাদা করে নিলেন। এর সুবিধা হলো, এই কবিতা থেকে কোনো উদ্দীপক তৈরি করতে চাইলে স্যার এখানকার যেকোনো একটি দিক বা ভাব বেছে নেবেন। তারপর সেই দিক বা ভাবের সঙ্গে সাদৃশ্য বা বৈসাদৃশ্যপূর্ণ কোনো বিষয় খঁুজবেন। সেটা হতে পারে কোনো গল্প, কবিতা, পত্রিকার কোনো রিপোর্ট, কোনো কাহিনি, কোনো ছক, কোনো ছবি ইত্যাদি। তারপর তিনি সেটি দিয়ে একটি উদ্দীপক তৈরি করবেন। আর এভাবে একটি দিক বা একটি ভাব দিয়ে অসংখ্য উদ্দীপক তৈরি করা যায়। আরে কথা বলতে বলতে স্যারের কথা ভুলেই গেছি। দেখি স্যার কী করেছেন?

দৃশ্য-৩
এরপর দেখি স্যার ‘নারীর প্রতি বৈষম্য বা শোষণ-বঞ্চনার শিকার নারী’ এই দিকটি বা ভাবটি নির্বাচন করলেন। অর্থাৎ ‘নারীর প্রতি বৈষম্য বা শোষণ-বঞ্চনার শিকার নারী’ এই দিকটি অবলম্বন করে তার সঙ্গে সাদৃশ্য/বৈসাদৃশ্যপূর্ণ কাহিনি দিয়ে স্যার একটি মৌলিক উদ্দীপক তৈরি করবেন। স্যার ভাবতে শুরু করলেন, নারীর প্রতি বৈষম্যের ঘটনা কোথায় পাওয়া যায়। হুট করে স্যারের মনে পড়ল বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধের কথা। সেখানে লেখিকা নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণের কথা উল্লেখ করেছেন। সঙ্গে সঙ্গে স্যার প্রবন্ধটি বের করে সেখান থেকে কিছু অংশ তুলে নিয়ে একটি উদ্দীপক তৈরি করলেন। চলো, আমরা দেখি স্যার কী উদ্দীপক তৈরি করলেন।
উদ্দীপক:
১। বেগম রোকেয়া তাঁর ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধে বলেছেন, ‘নারীদের উপযুক্ত স্কুল-কলেজ একেবারেই নাই। পুরুষ যত ইচ্ছা অধ্যয়ন করিতে পারে, কিন্তু নারীর জন্য জ্ঞানরূপ সুধা ভান্ডারের দ্বার উন্মুক্ত হইবে কী ? তা ছাড়া “স্ত্রীশিক্ষার” বিরুদ্ধে অধিকাংশ লোকের কেমন একটা কুসংস্কার আছে যে তাহারা “স্ত্রীশিক্ষা” শব্দ শুনিলেই শিক্ষার কুফলের একটা ভাবী বিভীষিকা দেখিয়া শিহরিয়া ওঠেন। অশিক্ষিত স্ত্রীলোকের শত দোষ সমাজ অম্লানবদনে ক্ষমা করে। কিন্তু সামান্য শিক্ষাপ্রাপ্ত মহিলা দোষ না করিলেও সমাজ কোন কল্পিত দোষ শত গুণ বাড়াইয়া ঐ শিক্ষার ঘাড়ে চাপাইয়া দেয়।’
ক. যুগের ধর্ম কী?
খ. ‘কত নারী দিল সিঁথির সিঁদুর’ বলতে কবি কী বুঝিয়েছেন?
গ. বেগম রোকেয়ার বক্তব্যে ‘নারী’ কবিতার যে ভাবটি প্রতিফলিত হয়েছে, তা ব্যাখ্যা করো।
ঘ. কাজী নজরুল ইসলাম বেগম রোকেয়ার বক্তব্যকে ধারণ করে নারী কবিতায় তার প্রতিকার তুলে ধরেছেন—মন্তব্যটি মূল্যায়ন করো।

স্যার এবার ‘সভ্যতার উন্নয়নে নারীর অবদান’ এই দিকটি নির্বাচন করলেন। অর্থাৎ এই দিকটির ওপর ভিত্তি করে একটি উদ্দীপক তৈরি করবেন স্যার। বিভিন্ন ঘটনা/কাহিনি মনে করার চেষ্টা করছেন তিনি। হঠাৎ তাঁর মনে হলো মানবসেবার ক্ষেত্রে এক অনন্য নাম ফ্লোরেন্স নাইটেঙ্গেলের কথা। আর সে কাহিনি দিয়েই স্যার তাৎক্ষণিকভাবে একটি উদ্দীপক তৈরি করে ফেললেন। আমরা এবার উদ্দীপকটি লক্ষ করব।
উদ্দীপক:
২। সারা বিশ্বে মহীয়সী এক নারী হিসেবে খ্যাতি অর্জন করেছেন ফ্লোরেন্স নাইটেঙ্গেল। সেবাকে তিনি ব্রত হিসেবে গ্রহণ করেছেন। অনেক উচ্চ বংশীয় মেয়ে হওয়া সত্ত্বেও যুদ্ধবিধ্বস্ত মানুষগুলোর সেবা করার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। নিজের সমস্ত অর্থ, বিত্ত, বংশগৌরব ইত্যাদি তুচ্ছজ্ঞান করে তিনি অসুস্থ-অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। ধর্ম-বর্ণ-গোত্র ভুলে গিয়ে তিনি আর্ত-পীড়িতের সেবা করেছেন। তাই তো আজও সরা বিশ্বে সেবার প্রতীক হিসেবে ফ্লোরেন্স নাইটেঙ্গেলের নাম সর্বাগ্রে স্মরণীয়।
ক. ‘ডঙ্কা’ শব্দের অর্থ কী?
খ. ‘পীড়ন করিলে সে-পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই’—বলতে কী বোঝানো হয়েছে?
গ. উদ্দীপকটিতে ‘নারী’ কবিতার যে দিকটি ফুটে উঠেছে, তা ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকটি যেন কাজী নজরু²ল ইসলামের অনুভূতিকেই ধারণ করে আছে—উক্তিটির যথার্থতা যাচাই করো।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার, সৃজনশীল প্রশ্নপদ্ধতি
প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা