কীভাবে প্রশ্ন তৈরি করা হয়, কীভাবে উত্তর লিখবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় জেএসসি পরীক্ষার্থী, সৃজনশীল প্রশ্নপদ্ধতির প্রশ্ন তৈরি ও উত্তর লেখার নিয়মকানুন নিয়ে ধারাবাহিকভাবে প্রকাশিত লেখাটির শেষ অংশ ছাপা হলো আজ।

৪ (ক) নং প্রশ্নের উত্তর
কাজী নজরুল ইসলামকে ১৯৭২ সালে এ দেশের নাগরিকত্ব দেওয়া হয়।

৪ (খ) নং প্রশ্নের উত্তর
কবির চোখে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নেই। কারণ, সমাজ-সভ্যতার উন্নয়নে উভয়েই সমান অবদান রাখতে পারে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কবি, মানবতাবাদী কবি। ‘নারী’ কবিতায় তিনি দেখিয়েছেন, সৃষ্টির ঊষালগ্ন থেকেই পুরুষ ও নারীর সমান অংশগ্রহণেই আজকের এ সভ্যতা। এ পৃথিবীতে যা কিছু ভালো, যা কিছু মন্দ—সবকিছুই পুরুষ ও নারী উভয়ের সমান অবদানের ফসল। পুরুষকে বাদ দিয়ে নারী নয় এবং নারীকে বাদ দিয়েও পুরুষ নয়। তাই কবি পুরুষ-রমণীর মধ্যে কোনো ভেদাভেদ খঁুজে পাননি।

৪ (গ) নং প্রশ্নের উত্তর
উদ্দীপকে ‘নারী’ কবিতার নারীর অবদান অস্বীকার বা নারীর অবমূল্যায়নের দিকটি প্রতিফলিত হয়েছে।
‘নারী’ কবিতায় আমরা দেখতে পাই, নারীর অবমূল্যায়নের এক বীভৎস চিত্র। পুরুষতান্ত্রিক মানসিকতার কারণে নারীকে সে যুগে যথাযথ সম্মান দেওয়া হতো না। পুরুষের পাশাপাশি নারী সমানতালে, সমান শক্তিমত্তায় সভ্যতার উন্নয়নে অংশগ্রহণ করত। স্বাধিকার, স্বাধীনতা ছিনিয়ে আনতে কত মায়ের সিঁথির সিঁদুর মুছে গেছে, কত বোন জীবন বাজি রেখে সেবা দিয়েছে। বিপ্লব-বিদ্রোহের মাধ্যমে কত মা, বোন, বধূরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে।
কিন্তু পুরুষের অবদান ইতিহাসের পাতায় স্বর্ণোজ্জ্বল করে লেখা থাকলেও নারীর সে অবদান ধুলোয় মিশে যেত, লেখা হতো না কোথাও। নারীরা হতো অধিকারবঞ্চিত, শোষিত, নির্যাতিত।
কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে,
কত নারী দিল সিঁথির সিঁদূর, লেখা নাই তার পাশে।
কত মাতা দিল হৃদয় উপাড়ি কত বোন দিল সেবা,
বীরের স্মৃতি-স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা?
[বি.দ্র. উত্তরে কবিতার চরণ দিতেই হবে এমন কোনো বাধ্য বাধ্যকতা নেই। কবিতার উদ্ধৃতি ছাড়াও উত্তর স্বয়ংসম্পূর্ণ হতে পারে এবং নম্বরও পাওয়া যেতে পারে।]
আলোচ্য উদ্দীপকেও আমরা নারীর অবমূল্যায়নের দিকটি লক্ষ করি। মাঝিবাড়ির দরিদ্র কৃষক মকবুল বউদের আয়ে চললেও কখনো সে বউদের মর্যাদা ও কাজের স্বীকৃতি দেয়নি। ধান ভানা, চাটাই বোনা থেকে শুরু করে বিচিত্র কাজের মাধ্যমে তিন বউ সংসারের চাকা সচল রেখেছিল। কিন্তু মকবুল তার স্বার্থে চতুর্থ বিয়ে করতে চাইলে বউরা ন্যায়সংগত প্রতিবাদ জানায়। অথচ মকবুল পৌরুষ দেখিয়ে একসঙ্গে তিনজনকেই তালাক দিয়ে নিঃস্ব-অসহায় অবস্থায় যার যার বাবার বাড়ি পাঠিয়ে দেয়। একবারও সে ভাবে না, এত বছর ধরে বউরা এ সংসারে কত শ্রম দিয়েছে, কত ঘাম ঝরিয়েছে। মুহূর্তের মধ্যেই বউদের সব অবদান মকবুল ভুলে যায়। যুগ যুগ ধরে নারীর এই অবমূল্যায়নের দিকটিই উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।

৪ (ঘ) নং প্রশ্নের উত্তর
মকবুলের মতো লোকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে কাজী নজরুল ইসলাম ‘নারী’ কবিতায় কার্যকর কিছু পরামর্শ বা দিকনির্দেশনা দিয়েছেন। অর্থাৎ পুরুষতান্ত্রিক মানসিকতাসম্পন্ন লোকগুলোকে কবি জানাতে চান যে সময় বদলে গেছে, এখন সাম্যের যুগ, মানবতার যুগ। এখন আর নারীকে অবদমন করে রাখা যাবে না। আর যদি কেউ নারীকে অবদমন করে রাখতে চায়, তাহলে পরের যুগে তাকে অবশ্যই লাঞ্ছিত ও অধিকারবঞ্চিত হতে হবে।
আলোচ্য ‘নারী’ কবিতায় কাজী নজরুল ইসলাম দেখিয়েছেন এমন একসময় ছিল, যখন নারীরা ঠিকই পুরুষের পাশাপাশি সভ্যতার উন্নয়নে অংশ নিত এবং পুরুষের মতোই সাহসিকতাপূর্ণ অবদান রাখত। কিন্তু পুরুষেরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নারীর সে অবদান অস্বীকার করত। পুরুষের অবদান ইতিহাসের পাতায় পাতায় লিখে রাখলেও নারীর অবদান লিখে রাখার ব্যাপারে তাদের ছিল যত কার্পণ্য। মাতা, ভগ্নি, বধূদের ত্যাগ, সেবা, আতÄদান ইত্যাদি কিছুই মূল্যায়ন করা হতো না।
আলোচ্য উদ্দীপকেও আমরা নারীর সে অবমূল্যায়নের চিত্র দেখেছি। মকবুলের সংসারে তিন স্ত্রী তাদের হাঁড়ভাঙা খাটুনির প্রতিদান পেয়েছে নিঃস্ব-অসহায় অবস্থায় তালাকপ্রাপ্ত হয়ে বাবার বাড়ি ফিরে যাওয়ার মাধ্যমে। মকবুল একবারের জন্যও এত বছর ধরে তার সংসারে বউদের অবদানের কথা স্বীকার করেনি। মকবুল বউদের মূল্যায়ন করা তো দূরের কথা, বউদের নিজ হাতে গড়া সংসারের কুটোটি পর্যন্ত কোনো বউকে দেয়নি।
কবি আলোচ্য কবিতায় সেসব পুরুষতান্ত্রিক মানসিকতাসম্পন্ন মানুষের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন—
বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি
কেহ রহিবে না বন্দী কাহারও, উঠিছে ডঙ্কা বাজি।
নর যদি রাখে নারী বন্দী, তবে এর পরযুগে
আপনারি রচা ঐ কারাগারে পুরুষ মরিবে ভুগে।
অর্থাৎ এখন আর নারীকে অবদমন করে রাখা যাবে না। নারীর যথাযথ মূল্যায়ন করতে হবে, নারীর অবদানকে যথার্থভাবে স্বীকার করতে হবে। পুরুষতান্ত্রিক মানসিকতা দূর করতে হবে। অন্যথায় পরবর্তী সময়ে তাদের নিজেদেরকেই এর বিরূপ প্রতিক্রিয়ার ফল ভোগ করতে হবে। উদ্দীপকের মকবুলের মতো লোকদেরকে ‘নারী’ কবিতা থেকে কাজী নজরুল ইসলামের এ পরামর্শ গ্রহণ করতে হবে। অন্যথায় সভ্যতার উন্নয়ন বিঘ্নিত হবে এবং পুরুষেরা একসময় তাদের নিজেদের তৈরি করা কারাগারে নিজেরাই ভুগে মরবে।
[বি.দ্র. এটি একটি নমুনা উত্তর মাত্র। শিক্ষার্থীর উত্তর এর চেয়ে ভালোও হতে পারে। কম বাক্য দিয়েও শিক্ষার্থী ভালো উত্তর লিখতে পারে। তাছাড়া পৃষ্ঠা ভরে দীর্ঘ উত্তর লিখতে হবে এ ধারণাও ঠিক নয়। শিক্ষক দেখবেন যে, শিক্ষার্থী দক্ষতার স্তরগুলো বুঝাতে পেরেছে কি না।]
স্যারের সামগ্রিক কাজ ক্যামেরায় রেকর্ড করতে গিয়ে আমরা সৃজনশীল পদ্ধতির সঙ্গে এতটাই একাতÄ হয়ে গিয়েছিলাম যে নড়াচড়া করে কথা বলতে গিয়ে স্যারের কাছে ধরা পড়ে যাই। পরে আমাদের মহৎ উদ্দেশ্যের কথা জানতে পেরে স্যার অনেক খুশি হলেন এবং তাঁর কাছে বসিয়ে সৃজনশীল পদ্ধতি সম্পর্কে আরও কিছু পরামর্শ দিলেন। স্যার বললেন, সৃজনশীল প্রশ্ন-পদ্ধতি যেহেতু একটি বিশেষ ধরনের পরীক্ষা-পদ্ধতি, তাই এর উত্তর লিখন কৌশলও বিশেষ ধরনের।
পুরোনো পদ্ধতির উত্তর কৌশল থেকে সৃজনশীল পদ্ধতির উত্তরের style সম্পূর্ণ আলাদা। যেমন—পুরোনো পদ্ধতিতে তোমরা যেকোনো একটা বড় প্রশ্নের উত্তরের শুরুতে ভাষার কারুকাজ দিয়ে অর্থাৎ ওজস্বী, গুরুগম্ভীর কিছু শব্দ দিয়ে চমৎকার একটা ভূমিকা লিখতে। যেখানে কবি/সাহিত্যিককেই কেবল নানা বিশেষণে বিশেষায়িত করতে। তা ছাড়া ওই গল্প/কবিতাটির কবির নাম, জন্ম-মৃত্যুসালসহ কোথা থেকে সংকলিত সেসব তথ্যও হয়তো উল্লেখ করতে। যেমন ‘নারী’ কবিতার মূলভাব লেখো—এই প্রশ্নের উত্তরের শুরুতেই কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে হয়তো একটি প্যারাই তোমরা লিখে ফেলতে। কিন্তু বর্তমানে সৃজনশীল পদ্ধতিতে এ জাতীয় অপ্রাসঙ্গিক বক্তব্য দেওয়া বা বাহুল্যদোষ ঘটানো যাবে না। এখন পরিমিত প্রশ্ন, পরিমিত উত্তর। অর্থাৎ প্রশ্নও থাকবে সুনির্দিষ্ট এবং উত্তরও হবে সুনির্দিষ্ট। কথা শেষে স্যার আমাদের আপ্যায়ন করালেন এবং সৃজনশীল পদ্ধতিতে আমরা যেন ভালো ফল করি সে জন্য পরম স্রষ্টার কাছে অনেক দোয়া করলেন।
কী! কল্পনা জগতের দৃশ্যকল্প থেকে আর বাস্তবে ফিরতে ইচ্ছে করছে না বুঝি? তা ভালো। জীবনে যদি এ রকম অভ্যাস করতে পারো যা-ই পড়বে, যে শব্দ পড়বে, যে বাক্য পড়বে, তারই একটা ছবি মনের চোখে ভাসবে, তাহলে আজীবন সে বিষয়টি মনে থাকবে। আর কোনো শব্দ বা বাক্য বা কোনো বিষয় পড়ার পরে তার ছবি যদি তোমার মনের চোখে না ভাসে, তাহলে সে শিক্ষা কার্যকর হবে না। এটাই সৃজনশীলতা।
(শেষ)
মাস্টার ট্রেইনার, সৃজনশীল প্রশ্নপদ্ধতি
প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা