জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য-৩: সৃজনশীল প্রশ্নপদ্ধতি: বাংলা ১ম পত্র
কীভাবে প্রশ্ন তৈরি করা হয়, কীভাবে উত্তর লিখবে
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, সৃজনশীল প্রশ্নপদ্ধতির প্রশ্ন তৈরি ও উত্তর লেখার নিয়মকানুন নিয়ে ধারাবাহিকভাবে প্রকাশিত লেখাটির ৩য় অংশ ছাপা হলো আজ।
এবার স্যার ‘নজরুল রচনাবলী’ বের করে কাজী নজরুলের লেখা বিভিন্ন কবিতার ওপর চোখ বোলাতে লাগলেন। হঠাত্ একটি কবিতার কিছু অংশে তাঁর চোখ আটকে গেল, যেখানে নারীর মাহাত্ম/ নারীর শ্রেষ্ঠত্ব/ নারীর অবদান উল্লিখিত হয়েছে। স্যার সেই কবিতাংশটুকু দিয়ে ‘সভ্যতার উন্নয়নে নারীর অবদান’ এই ভাবের ওপর আরও একটি উদ্দীপক তৈরি করে ফেললেন। চলো, দেখি উদ্দীপকটি—
৩। কত মহাজন মহান মানবে জঠরে ধরিয়া নারী
এই বিশ্বেরে দিল উপহার-জয়গান আজ তারি
যত বীর, যত মহামানব জগতে এসেছে, তারে
জঠরে ধরেছে, পালন করেছে স্তন্যদুগ্ধ ধারে
সে যে নারী, সে যে মাতা মহীয়সী, কোথায় তুলনা তার
সর্বংসহা জননী, শ্রেষ্ঠ সৃষ্টি সে বিধাতার।
ক. ‘নারী’ কবিতার শেষ চরণটি লেখো।
খ. ‘সাম্যের গান’ বলতে কবি কী বোঝাতে চেয়েছে?
গ. কবিতাংশের ভাবের সঙ্গে ‘নারী’ কবিতার যে ভাবের সাদৃশ্য রয়েছে, তা ব্যাখ্যা করো।
ঘ. ওই ভাবকে ধারণ করলে কাজী নজরুল ইসলামের প্রত্যাশা পূরণ হবে বলে তুমি মনে করো? ‘নারী’ কবিতার আলোকে যুক্তি দাও।
এবার স্যারের মনে হলো সব পুরুষই তো নারীকে সমমর্যাদা দেন না। অনেকেই নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ করেন। তাই তিনি এবার ভাব ‘নারী’ কবিতার আরেকটি দিক অর্থাত্ ‘নারীর অবদান যথাযথভাবে স্বীকৃত হয়নি বা নারীর অবমূল্যায়ন হয়েছে’ এই দিকটি নির্বাচন করলেন। স্যারের মনে পড়ল ‘হাজার বছর ধরে’ উপন্যাসের আমেনা, ফাতেমা, টুনি, আয়েশা এদের কথা। এরা হাড়ভাঙা খাটুনি দিয়েও স্বামীর সংসারে কোনো মূল্য পায়নি। ওদের জীবন কাহিনি দিয়েই স্যার একটা উদ্দীপক তৈরি করলেন। এবার সেই উদ্দীপকটি দেখব।
উদ্দীপক:
৪। মাঝিপাড়া গ্রামের দরিদ্র মকবুল তিন বিয়ে করেছে। নিজের কোনো আয়-রোজগার নেই। বউদের আয়ে সংসার চলে ওর। ১৫/২০ বছর ধরে চলছে এ অবস্থা। বউরা চাটাই বুনে, ধান ভানে অন্যের বাড়িতে ঝি গিরি করে আর কখনোবা কোদাল দিয়ে কুপিয়ে জমি চাষ করে। অথচ কারণে-অকারণে বিভিন্ন সময় তাদেরকে নানা রকম গঞ্জনা সইতে হয়। একদিন মকবুল চতুর্থ বিয়ে করতে চাইলে তিন বউ যখন বাধা দিয়েছিল তখন মকবুল একসঙ্গে তিন বউকেই তালাক দিয়ে দেয়। উপায়ান্তর না দেখে অসহায় অবস্থায় তারা তিনজনই তাদের এত বছরের তিল তিল করে গড়ে তোলা সংসার ছেড়ে বাধ্য হয়ে বাবার বাড়ি চলে যায়। তারপরও মকবুলের কোনো অনুশোচনা হয় না।
ক. কাজী নজরুল ইসলামকে কত সালে এ দেশের নাগরিকত্ব দেওয়া হয়?
খ. কবির চোখে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নেই কেন?
গ. উদ্দীপকে ‘নারী’ কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে, তা ব্যাখ্যা করো।
ঘ. মকবুলের মতো লোকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ‘নারী’ কবিতায় কাজী নজরুল ইসলাম যে পরামর্শ দিয়েছেন, তা ব্যাখ্যা করো।
ঊদ্দীপক তৈরির পর মকবুলের মতো লোকগুলোর প্রতি তীব্র ক্ষোভে স্যারের মন বিষিয়ে উঠেছে। তাঁর মনে হচ্ছে আমেনা, ফাতেমা, টুনি এরা প্রতিবাদে ঝলসে ওঠে না কেন? এদের বিরু্নদ্ধে নারীরা অধিকারসচেতন হয় না কেন? হঠাত্ স্যারের মাথায় এলো দৈনিক প্রথম আলোতে পড়া একটি রিপোর্টের কাহিনি। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকাকে তাঁর স্বামী অমানবিকভাবে নির্যাতন করতেন। সেই শিক্ষিকা পুলিশের কাছে নালিশ করলে পুলিশ তাঁর স্বামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। স্যার সেই রিপোর্টের ভিত্তিতে একটি উদ্দীপক তৈরি করলেন ‘নারীকে শোষণ-বঞ্চনা করলে পুরুষও একসময় শোষিত-বঞ্চিত হবে’ এই ভাবের ওপর।
উদ্দীপক:
৫। দৈনিক প্রথম আলোর সংবাদ—স্বামীর নির্মম নির্যাতনের প্রতিবাদে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মিসেস ‘খ’ সংবাদ সম্মেলন করে স্বামীর উপযুক্ত বিচার দাবি করেছেন। গত ১৫ জুন তাঁর স্বামী হাসান তাঁকে অমানবিকভাবে নির্যাতন করে তাঁর দুটো চোখই নষ্ট করে দেন, নাক কামড়ে ছিঁড়ে নেন। উল্লেখ্য, বিয়ের পর থেকেই হাসান তাঁর বেতনের টাকাপয়সাও নিয়ে নিতেন। কিন্তু এতে তিনি কিছু মনে করতেন না। ‘স্বামী’ বলে এত দিন তিনি সব মুখ বুজে সহ্য করে আসছিলেন। কিন্তু আজ উপায়ান্তর না দেখে বিষয়টি সবাইকে জানাতে হলো। এরপর পুলিশ মিসেস ‘খ’-এর দায়ের করা মালার ভিত্তিতে হাসানকে গ্রেপ্তার করে এবং আদালতের নির্দেশে জেলহাজতে পাঠায়।
ক. ইতিহাসে কী লেখা আছে?
খ. ‘বেদনার যুগ, মানুষের যুগ’ বলতে কী বোঝানো হয়েছে?
গ. হাসানের জেলহাজতে যাওয়ার মধ্য দিয়ে ‘নারী’ কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
ঘ. হাসানকে জেলহাজতে যেতে হতো না যদি তিনি ‘নারী’ কবিতার শিক্ষা গ্রহণ করতেন— মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।
বিরতির পর স্যার একটি সৃজনশীল প্রশ্নের একটি নমুনা উত্তর লিখবেন। আমরা সেই উত্তরটিও তোমাদের দেখাব। বিরতির পর স্যার এসে নমুনা উত্তর লিখতে বসলেন। তিনি ৪ নম্বর প্রশ্নের নমুনা উত্তর লিখবেন বলে সিদ্ধান্ত নিলেন। উত্তর লেখার আগে স্যার চিন্তন-দক্ষতার চারটি স্তর সম্পর্কে নিজেই একটু ভেবে নিলেন।
জ্ঞান স্তর
স্যারের জানা মতে, জ্ঞানস্তর হলো চিন্তন-দক্ষতার সর্বনিম্ন স্তর। এর অর্থ আগের জানা কোনো জিনিস স্মরণ করা। এ ধরনের প্রশ্নের উত্তর শিক্ষার্থী মনে রাখা তথ্যের ভিত্তিতে দেবে। পাঠ্যবইয়ের বিভিন্ন অধ্যায়ে হাজার হাজার তথ্য রয়েছে। সেখান থেকে যেকোনো একটি তথ্য জানতে চাওয়ার নামই জ্ঞানমূলক প্রশ্ন। মনে রাখতে হবে, একটি তথ্যই একটি জ্ঞান। এ তথ্যগুলো থাকে text এবং context অংশে। text হলো—মূল গল্প, মূল কবিতা, মূল উপন্যাস, মূল নাটক। আর context হলো—কবি বা লেখক পরিচিতি, পাঠ পরিচিতি, টীকা ইত্যাদি। যেমন ৪ নং উদ্দীপকের জ্ঞানমূলক প্রশ্নটি ছিল ক. কাজী নজরুল ইসলামকে কত সালে এ দেশের নাগরিকত্ব দেওয়া হয়? এ প্রশ্নটি করা হয়েছে context থেকে। এ প্রশ্নের উত্তর সরাসরি বইয়ে উল্লেখ আছে। শিক্ষার্থী তার স্মৃতি থেকে উত্তরটি লিখে দেবে। আর সে উত্তর সে লিখতে পারে একটি শব্দে। অর্থাত্ শুধু ১৯৭২। এটুকু লিখলেই ১ নম্বর পাওয়া যাবে। তবে এর উত্তর একটি বাক্যে অর্থাত্ কাজী নজরুল ইসলামকে ১৯৭২ সালে এ দেশের নাগরিকত্ব দেওয়া হয়, এর বেশি আর কিছু লেখার দরকার নেই। মনে রাখতে হবে জ্ঞানমূলক প্রশ্নে যে তথ্যটা জানতে চাওয়া হয়েছে, সেটি ভুল করলে বা ভুল বানানে লিখলে উত্তর কাটা যাবে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার, সৃজনশীল প্রশ্নপদ্ধতি
প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা