জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থীদের জন্য-৪: সৃজনশীল প্রশ্নপদ্ধতি: বাংলা ১ম পত্র
কীভাবে প্রশ্ন তৈরি করা হয়, কীভাবে উত্তর লিখবে
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, সৃজনশীল প্রশ্নপদ্ধতির প্রশ্ন তৈরি ও উত্তর লেখার নিয়মকানুন নিয়ে ধারাবাহিকভাবে প্রকাশিত লেখাটির ৪র্থ অংশ ছাপা হলো আজ।
অনুধাবনমূলক দক্ষতা
স্যার ভাবছেন অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে। অনুধাবন স্তর হলো চিন্তন-দক্ষতার দ্বিতীয় স্তর। ‘অনুধাবন’ বলতে কোনো বিষয়ের অর্থ বোঝার ক্ষমতাকে বোঝায়। যা হতে পারে তথ্য, নীতিমালা, সূত্র, নিয়ম, পদ্ধতি, প্রক্রিয়া ইত্যাদি বুঝতে পারা। এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জ্ঞান স্তরের তুলনায় অধিকতর দক্ষতার প্রয়োজন হয়। অর্থাত্ পাঠ্যবইয়ে বিভিন্ন ঘটনা বা বিষয়বস্তুর বিবরণ দেওয়া থাকে। এ ধরনের প্রশ্নে সরাসরি পাঠ্যবইয়ের অনুরূপ বিবরণ জানতে চাওয়া হয় না। এ ক্ষেত্রে শিক্ষার্থীকে বিষয়বস্তু সম্পর্কে নিজের ভাষায় ব্যাখ্যা বা বর্ণনা দিতে বলা হয়। যেমন ৪ নম্বর প্রশ্নের অনুধাবনমূলক প্রশ্নটি হলো—খ. কবির চোখে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নেই কেন? এ প্রশ্নের উত্তর বইয়ে সরাসরি উল্লেখ নেই। কবিতাটি পড়ার পর শিক্ষার্থী বুঝবে যে সভ্যতার উন্নয়নে নারী এবং পুরুষ উভয়েই সমান অবদান রেখেছে। কাজেই তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এ বিষয়টিই শিক্ষার্থী সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে দেবে। একেই বলে অনুধাবন। অর্থাত্ কবি-সাহিত্যিক কোন কথা দিয়ে বা কোন বাক্য দিয়ে কী বোঝাতে চেয়েছেন, সেটা বুঝতে পারাই অনুধাবন। অনুধাবনমূলক প্রশ্নের মান ২। এর মধ্যে একটি নম্বর জ্ঞানের জন্য, আরেকটি নম্বর অনুধাবনের জন্য। শিক্ষার্থী ইচ্ছে করলে জ্ঞান অংশের উত্তর আগে, অনুধাবনমূলক উত্তর পরে অথবা অনুধাবনমূলকের উত্তর আগে, জ্ঞানমূলকের উত্তর পরে লিখতে পারে। তবে জ্ঞানমূলকের উত্তর আগে লিখে অনুধাবনের উত্তর পরে লেখাই ভালো। অনুধাবনমূলক প্রশ্নের উত্তর এক প্যারায়ও লেখা যায়, দুই প্যারায়ও লেখা যায়। তবে দুই প্যারায় লিখলে ভালো। আর অনুধাবনমূলক প্রশ্নের শুরুতে অযথা কবি/সাহিত্যিককে নানা বিশেষণে বিশেষায়িত করার দরকার নেই। মনে রাখতে হবে, সৃজনশীল প্রশ্নের উত্তর হবে ‘জিরো ফ্যাট’। অর্থাত্ চর্বিশূন্য। শুধু অনুধাবনেই নয়, কোনোক্রমে কোনো প্রশ্নের উত্তরেই অপ্রাসঙ্গিক কথা, অপ্রয়োজনীয় তথ্য বা বাহুল্যদোষ করা যাবে না। এ জন্যই ‘খ’ অংশ অর্থাত্ অনুধাবনমূলক প্রশ্নের উত্তর সম্পর্কে বোর্ড বলছে, সর্বোচ্চ পাঁচটি বাক্যে উত্তর লিখতে হবে। তবে এর সামান্য কম-বেশি হলে কোনো অসুবিধা নেই।
প্রয়োগদক্ষতামূলক স্তর
চিন্তন-দক্ষতার তৃতীয় স্তর হলো—প্রয়োগ স্তর। প্রয়োগমূলক প্রশ্নের মোট নম্বর-৩। ১ নম্বর জ্ঞানে, ১ নম্বর অনুধাবনে ও ১ নম্বর প্রয়োগে। প্রয়োগ মানে আমরা জানি শিক্ষার্থী তার পাঠ্যবই থেকে অর্জিত জ্ঞান ও অনুধাবন নতুন পরিস্থিতি বা উদ্দীপকে প্রয়োগ করবে। অর্থাত্ শিক্ষার্থী তার শিক্ষাক্রমের আওতায় পাঠ্যবইয়ের বিষয়বস্তু ভালোভাবে পড়েছে ও বুঝেছে। এখন সে তার অর্জিত জ্ঞান ও অনুধাবন সম্পূর্ণ নতুন ক্ষেত্রে (উদ্দীপকে) প্রয়োগ করবে। বিষয়টি একজন ডাক্তারের রোগী দেখার মতো। যেমন ধরি, কোনো ব্যক্তি দীর্ঘ পাঁচ বছর ধরে ডাক্তারি পড়ল। এ দীর্ঘ সময়ে সে পাঠ্যবিষয় থেকে যা যা শিখল তাই তার জ্ঞান ও অনুধাবন। এরপর যখন সে একটা চেম্বার খুলে প্র্যাকটিস করা শুরু করল, তখন সেটা তার প্রয়োগ। তার ডাক্তারি বিদ্যার অর্জিত সব জ্ঞান ও অনুধাবন সে নতুন পরিস্থিতি তথা রোগীর ওপর প্রয়োগ করছে। রোগীর রোগ-লক্ষণ দেখে-শুনে সে প্রেসক্রিপশন করছে। যদি ডাক্তার সাহেবের অর্জিত বিদ্যায় গলদ থাকে তাহলে তার প্রেসক্রিপশনে রোগী মারা যেতে পারে। আর যদি তার জ্ঞান-অনুধাবন সঠিক হয়, তাহলে রোগী দ্রুত সেরে উঠবে। বর্তমান সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার্থীরাও সে ডাক্তারের অনুরূপ। শিক্ষার্থী এ জাতীয় প্রশ্নের উত্তর করার সময় জ্ঞান, অনুধাবন বা প্রয়োগ, এর যেকোনো একটির উত্তর আগে দিয়ে লেখা শুরু করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। মূল তথ্যগুলো উত্তরের যেকোনো অংশে থাকলেই শিক্ষার্থী নম্বর পাবে। যেমন ৪ নম্বর উদ্দীপকের প্রয়োগমূলক প্রশ্ন ছিল গ. উদ্দীপকে ‘নারী’ কবিতার যে ভাবের প্রতিফলন ঘটেছে, তা ব্যাখ্যা করো। উদ্দীপক তৈরির সময়ই আমরা গোপন ক্যামেরায় দেখেছিলাম ‘নারী’ কবিতার ‘নারীর অবদান যথাযথভাবে স্বীকৃত হয়নি বা নারীর অবমূল্যায়ন হয়েছে’ এই দিকটি অবলম্বন করে স্যার উদ্দীপক তৈরি করেছিলেন। সুতরাং আলোচ্য উদ্দীপকে ‘নারী’ কবিতার এই দিকটিই অর্থাত্ ‘নারীর অবমূল্যায়নের দিকটি ফুটে উঠেছে। এখন শিক্ষার্থীরা অনুধাবন স্তরে দেখাবে ‘নারী’ কবিতায় কাজী নজরুল ইসলাম কীভাবে নারীর অবমূল্যায়নের চিত্র তুলে ধরেছেন সেগুলো। আর প্রয়োগ স্তরে দেখাবে উদ্দীপকে কীভাবে নারীর অবমূল্যায়ন হয়েছে সে কথা। উদ্দীপক ও পাঠ্যবই মিলিয়ে এই আলোচনার নামই প্রয়োগ দক্ষতা। শিক্ষার্থী উদ্দীপকের বক্তব্যকে পাঠ্যবইয়ের বক্তব্যের সঙ্গে মেলাতে পারবে আবার পাঠ্যবইয়ের বক্তব্যকেও উদ্দীপকের বক্তব্যের সঙ্গে মেলাতে পারবে। অর্থাত্ উভয়মুখী প্রক্রিয়া। ‘গ’ অংশ বা প্রয়োগমূলক সম্পর্কে বোর্ড বলছে, এর উত্তর হবে সর্বোচ্চ ১২ বাক্যে। তবে আবারও বলতে হয়— দক্ষতার স্তরগুলোকে স্পষ্টভাবে প্রকাশ করতে উত্তরের বাক্য সংখ্যা কম-বেশি হতে পারে।
উচ্চতর দক্ষতামূলক
এখন স্যার ভাবছেন উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন নিয়ে। এটি চিন্তন-দক্ষতার চতুর্থ ও শেষ স্তর। এ অংশে শিক্ষার্থীর চিন্তন-দক্ষতার উচ্চতর সামর্থ্য যাচাই করা হয়। অর্থাত্ শিক্ষার্থী তার পাঠ্যবই থেকে অর্জিত জ্ঞান ও অনুধাবন নতুন কোনো ক্ষেত্রে প্রয়োগ করে তা আবার সংশ্লেষণ, বিশ্লেষণ, মূল্যায়ন করে নতুন কোনো সিদ্ধান্ত নেবে। শিক্ষার্থীর এই বিশ্লেষণী শক্তিকে উচ্চতর দক্ষতা বলে। উচ্চতর দক্ষতা মানেই একটা সিদ্ধান্তের ব্যাপার। প্রশ্নেই সাধারণত একটা অনুসিদ্ধান্ত দেওয়া থাকে। যদি সিদ্ধান্তটি সঠিক হয় তাহলে সেটাকেই ব্যাখ্যা-বিশ্লেষণ করে, উদ্দীপকে প্রয়োগ করে প্রমাণ করতে হবে যে সিদ্ধান্তটি সঠিক। আর যদি সিদ্ধান্তটি ভুল হয় তাহলে কেন ভুল সেটাও প্রমাণ করতে হবে। অনেক সময় সিদ্ধান্তটি আংশিক সত্য হতে পারে। সে ক্ষেত্রে উদ্দীপকের সঙ্গে পাঠ্যবইয়ের যে অংশটুকুর মিল আছে তা বর্ণনা করে যে যে ক্ষেত্রে মিল নেই সেগুলোও বর্ণনা করতে হবে এবং সর্বশেষ সিদ্ধান্ত দিতে হবে যে বক্তব্যটি/সিদ্ধান্তটি আংশিক সত্য, পুরোপুরি নয়। বিচার-বিশ্লেষণ-সংশ্লেষণ, মূল্যায়ন করে সিদ্ধান্ত দেওয়ার নামই উচ্চতর দক্ষতা। এ ক্ষেত্রে সিদ্ধান্তটি/ প্রশ্নটি ভালোভাবে পড়ে পাঠ্যবইয়ের সঙ্গে মিলিয়ে বুঝতে হবে। সিদ্ধান্ত বুঝতে ভুল হলে পুরো ৪ নম্বরে ০ পাবে। এ ক্ষেত্রে উত্তর চার প্যারায় লিখতে পারলে ভালো। ‘ঘ’ অংশ বা উচ্চতর দক্ষতামূলক সম্পর্কে বোর্ড বলছে, উত্তর সর্বোচ্চ ১৫ বাক্যে সীমিত থাকবে। এখন আমরা ওপরের উদ্দীপকের উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটি লক্ষ করি।
ঘ. মকবুলের মতো লোকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ‘নারী’ কবিতায় কাজী নজরুল ইসলাম যে পরামর্শ দিয়েছেন, তা ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরে শিক্ষার্থীরা দেখাবে যে মকবুলের মতো লোক অর্থাত্ যারা নারীর অধিকার দেয় না, নারীকে শোষিত, বঞ্চিত ও অবমূল্যায়িত করে, তাদের সম্পর্কে কাজী নজরুল ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দিন বদলে গেছে। এখন সাম্যের যুগ, মানবতার যুগ। এখন আর নারীকে অধিকারবঞ্চিত করে রাখা যাবে না। নারীদের অবদান অস্বীকার করে তাদের দাসী বানিয়ে রাখা যাবে না। আর যদি কেউ এখনো তা করতে চায়, তাহলে পরবর্তী যুগে সেসব পুরুষ উত্পীড়নের শিকার হবে। মকবুলের মতো লোকদের কবি এ পরামর্শই দিয়েছেন। বন্ধুরা চলো, এবার পুরো উত্তরটাই আমরা একবার দেখি। স্যার কী লিখলেন।
# শেষ অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার, সৃজনশীল প্রশ্নপদ্ধতি, প্রভাষক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা