কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বুধবার থেকে শুরু
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী বুধবার থেকে শুরু হচ্ছে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘এ’ ইউনিট এবং একই দিন বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।
আগামী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে। এমসিকিউ পদ্ধতিতে এক ঘণ্টার পরীক্ষা হবে।
ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, এ বছর ৯১০ আসনের বিপরীতে ৫১ হাজার ১৪৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য নাম নিবন্ধন করেছেন। প্রতি আসনে ৫৬ জন প্রতিদ্বিন্দ্বতা করছেন। এর মধ্যে বিজ্ঞান অনুষদে ৩৫০ আসনের বিপরীতে ২০ হাজার ৪০৫, ব্যবসায় শিক্ষা অনুষদে ২৩০ আসনের বিপরীতে ১৪ হাজার ৭৭০ এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ৩৩০ আসনের বিপরীতে ১৫ হাজার ৯৬৮ জন প্রতিদ্বিন্দ্বতা করছেন। এ বছর ১৭টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হবে।
ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, ভর্তি পরীক্ষার দিন প্রত্যেক পরীক্ষার্থীকে দুই কপি পাসপোর্ট আকারের রঙিন ছবির পেছনে নাম ও পরীক্ষার রোল নম্বর এবং ইউনিটের নাম লিখে আনতে হবে। এই দুই কপি ছবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র হিসেবে বিবেচিত হবে।
পরীক্ষার হলে ঢোকার সময় এইচএসসি পরীক্ষার ছবিসংবলিত মূল রেজিস্ট্রেশন কার্ড দেখাতে হবে। পরীক্ষার হলে কোনো ধরনের ইলেক্ট্রনিকস ডিভাইস (মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি, হেড ফোন ইত্যাদি) ব্যবহার করা যাবে না। ভর্তিসংক্রান্ত অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট http://www.cou.ac.bd/-এ পাওয়া যাবে। আসনবিন্যাসও ওয়েবসাইটে দেওয়া আছে।