কুমিল্লা বোর্ডে পাসের হার কম, এগিয়ে ছেলেরা
কুমিল্লা শিক্ষা বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ ও পাসের হার কমেছে। তবে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এবার মেয়েদের চেয়ে এগিয়ে আছে ছেলেরা।
আজ বুধবার দুপুরে এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল বিবরণীতে এ তথ্য পাওয়া গেছে। এবার শতভাগ পরীক্ষার্থী পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা গতবারের চেয়ে কমেছে। শূন্য ভাগ পাস করা বিদ্যালয়ের সংখ্যা তিন।
এ প্রসঙ্গে জানতে চাইলে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বলেন, পরীক্ষা ব্যবস্থাপনায় কড়াকড়ি আরোপ ও বাংলায় প্রত্যাশিত ফল না করার কারণে জিপিএ-৫ ও পাসের হার কমেছে। এ ছাড়া আর কী কী কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিভুক্ত ছয় জেলার ১ হাজার ৬৭১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ৬১ হাজার ৯৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পাস করেছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৩ জন। এর মধ্যে ছেলে ৬২ হাজার ৭৭৭ জন ও মেয়ে ৭২ হাজার ৫৬ জন। পাসের হার ৮৪ শতাংশ। ছেলেদের পাসের হার ৮৫ দশমিক ২৩ ও মেয়েদের পাসের হার ৮২ দশমিক ৯৫। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৯৫৪ জন। এদের মধ্যে ৩ হাজার ৬৭২ জন ছেলে ও ৩ হাজার ২৮২ জন মেয়ে রয়েছে।
এ বছর বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছে ৪১ হাজার ৬৩ জন। পাস করেছে ৩৮ হাজার ৮৬৫ জন। পাসের হার ৯৪ দশমিক ৭৯। এতে ছেলেদের পাসের হার ৯৫ দশমিক ১৬ ও মেয়েদের পাসের হার ৯৪ দশমিক ৩৭। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৫৬১ জন। এদের মধ্যে ছেলে ৩ হাজার ৫৫৬ জন ও মেয়ে ৩ হাজার ৫ জন।
মানবিক বিভাগ থেকে ৪২ হাজার ২৯৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩০ হাজার ৪৪২ জন। পাসের হার ৭২ দশমিক ৪১। ছেলেদের পাসের হার ৭২ দশমিক ২৭ ও মেয়েদের পাসের হার ৭২ দশমিক ৪৪। মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া ৩৩ জনের মধ্যে পাঁচজন ছেলে ও ২৮ জন মেয়ে।
ব্যবসায় শিক্ষা শাখা থেকে পরীক্ষা দিয়েছে ৭৭ হাজার ৭৩৫ জন। পাস করেছে ৬৫ হাজার ৫২৬ জন। পাসের হার ৮৪ দশমিক ৫৮। ছেলেদের পাসের হার ৮২ দশমিক ৯৪ ও মেয়েদের পাসের হার ৮৬ দশমিক ৫৯। এ বিভাগ থেকে ৩৬০ জন জিপিএ-৫ পাওয়ার মধ্যে ১১১ জন ছেলে ও ২৪৯ জন মেয়ে রয়েছে।
কুমিল্লা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম বলেন, ২০১৪ সালে এ বোর্ডে পাসের হার ছিল শতকরা ৮৯ দশমিক ৯২ ও জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ৯৪৫ জন। ২০১৫ সালে পাসের হার ছিল ৮৪ দশমিক ২২ ও জিপিএ-৫ পেয়েছিল ১০ হাজার ১৯৫। এ বছর পাসের হার ৮৪ ও জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৯৫৪ জন। গত তিন বছরে বোর্ডে পরীক্ষায় অংশ নেওয়া বিদ্যালয়ের সংখ্যা ও পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। কিন্তু ক্রমাগতভাবে পাসের হার ও জিপিএ-৫ কমেছে।
তিন স্কুলে কোনো শিক্ষার্থী পাস করেনি: কুমিল্লা শিক্ষা বোর্ডের তিনটি স্কুল থেকে এবার কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। ওই বিদ্যালয়গুলোতে পাসের হার শূন্য ভাগ। বিদ্যালয় তিনটি হলো কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাজী রুস্তম আলী বালিকা উচ্চবিদ্যালয়, গোত্রশাল উচ্চবিদ্যালয় ও নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার উত্তর রামেশ্বর উচ্চবিদ্যালয়। এর মধ্যে যথাক্রমে ১৭, ১৪ ও ১৪ জন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা: এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৬৭১টি শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এবার ১১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে। এর আগে ২০১৫ সালে ১৭৬ টি, ২০১৪ সালে ১৬৭টি, ২০১৩ সালে ২৭৫টি, ২০১২ সালে ১৩০টি, ২০১১ সালে ১১২টি, ২০১০ সালে ৮৫টি, ২০০৯ সালে ৪৫টি, ২০০৮ সালে ৭২টি, ২০০৭ সালে ৬টি, ২০০৬ সালে ৩২টি, ২০০৫ সালে ১৭টি এবং ২০০৪ সালে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস করেছে।