কুমিল্লায় পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় এ বছর পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে। পাসের হারে ছেলেরা ও জিপিএ-৫-এ মেয়েরা এগিয়ে। একই সঙ্গে বেড়েছে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা। পাসের হার শূন্যে থাকা কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। এবার বোর্ডে প্রথম হয়েছে কুমিল্লা জিলা স্কুল।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৪ সালে এই বোর্ডে ২ লাখ ২৬ হাজার ৮২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে কৃতকার্য হয়েছে ২ লাখ ৯ হাজার ৪৪৬ জন। পাসের হার ৯৩ দশমিক ৭৫ শতাংশ। ছেলেদের পাসের হার ৯৪ দশমিক ৭৫, মেয়েদের পাসের হার ৯৩। জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ২৬৪ জন। এর মধ্যে ছেলে ৭ হাজার ১১০ জন, মেয়ে ১০ হাজার ১৫৪ জন। এবার বোর্ডের অধিভুক্ত ছয়টি জেলার ১ হাজার ৭৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৫২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে।
বোর্ড সূত্রে জানা গিয়েছে, গত বছর পাসের হার ছিল ৯০ দশমিক ৪৫, জিপিএ-৫ পেয়েছিল ১৬ হাজার ৯৫ জন। শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩১৪টি।
বোর্ডের সেরা ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রথম কুমিল্লা জিলা স্কুল, দ্বিতীয় কুমিল্লা শহরের নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, তৃতীয় যৌথভাবে ফেনী গালর্স ক্যাডেট কলেজ ও কুমিল্লা ক্যাডেট কলেজ। সেরা ২০টি প্রতিষ্ঠানের মধ্যে কুমিল্লা জেলার ১০টি, ফেনীর চারটি, চাঁদপুরের তিনটি, নোয়াখালীর দুটি ও ব্রাহ্মণবাড়িয়ার একটি। তবে লক্ষ্মীপুর জেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠান সেরা প্রতিষ্ঠানের তালিকায় নেই। নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বরাবরের মতো এবারও সেরা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।

এ ব্যাপারে কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার ও নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস বলেন, ‘অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীর সমন্বিত প্রচেষ্টায় এ ফল হয়েছে। বিদ্যালয়ের এমন তাক লাগানো সাফল্যে আমরা আনন্দিত।’
কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইন্দুভূষণ ভৌমিক বলেন, ‘প্রকাশিত ফলে আমি খুশি। পরীক্ষার্থী অনুপাতে জিপিএ-৫ আরও পেলে ভালো হতো।’