কুমিল্লায় পাসের হারে ছেলেরা এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা শিক্ষাবোর্ডে টানা পঞ্চমবারের মতো প্রথম হয়েছে কুমিল্লা জিলা স্কুল। আজ শনিবার ফল পাওয়ার পর উচ্ছ্বসিত ছেলেরা। ছবি: এম সাদেক, কুমিল্লা
কুমিল্লা শিক্ষাবোর্ডে টানা পঞ্চমবারের মতো প্রথম হয়েছে কুমিল্লা জিলা স্কুল। আজ শনিবার ফল পাওয়ার পর উচ্ছ্বসিত ছেলেরা। ছবি: এম সাদেক, কুমিল্লা

কুমিল্লা শিক্ষাবোর্ডে এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে। পাসের হার ও জিপিএ-৫ এ মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে।

বোর্ডে গড় পাসের হার ৮৪ দশমিক ২২ শতাংশ। ছেলেদের গড় পাসের হার ৮৬ দশমিক শূন্য ১৪ শতাংশ ও মেয়েদের গড় পাসের হার ৮২ দশমিক ৫৭ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৯৫ জন। এর মধ্যে ছেলে পাঁচ হাজার ৪৯২ জন ও মেয়ে চার হাজার ৭০৩ জন।

আজ শনিবার দুপুরে এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল বিবরণীতে ওই তথ্য পাওয়া গেছে। বোর্ডে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ বেড়েছে, তবে ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে কমেছে। বোর্ডে এবারও প্রথম হয়েছে কুমিল্লা জিলা স্কুল। সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১১টিই কুমিল্লা জেলার। গত বছরের চেয়ে এবার বেশি স্কুলে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। শূন্যভাগ পাস করা স্কুলের সংখ্যা নেই।

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর বোর্ডের ছয় জেলার এক হাজার ৬৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক লাখ ৪৬ হাজার ২৬৯ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে এক লাখ ২২ হাজার ৭৬৫ জন। তাদের মধ্যে ছেলে ৫৭ হাজার ৯৩৫ জন, মেয়ে ৬৪ হাজার ৮৩০ জন।

এ বছর বিজ্ঞান বিভাগে ৩৪ হাজার ৩৬২ জন পরীক্ষা দেয়। পাস করেছে ৩২ হাজার ৮৬২ জন। পাসের হার ৯৫ দশমিক ৭৮। এতে ছেলেদের পাসের হার ৯৬ দশমিক ১৫, মেয়েদের পাসের হার ৯৫ দশমিক ৩২। বিজ্ঞানে জিপিএ-৫ পেয়েছে নয় হাজার ৫৫৭ জন। এর মধ্যে ছেলে পাঁচ হাজার ৩৩২ জন, মেয়ে চার হাজার ২২৫ জন।

মানবিক বিভাগে ৩৭ হাজার ৭৩ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৭ হাজার ৬০৪ জন। পাসের হার ৭৪ দশমিক ৮৫ শতাংশ। ছেলেদের পাসের হার ৭৬ দশমিক ৫৮ শতাংশ, মেয়েদের পাসের হার ৭৪ দশমিক ৩৮ শতাংশ। মানবিকে জিপিএ-৫ পেয়েছে ৯৩ জন।

ব্যবসায় শিক্ষা শাখায় ৭৪ হাজার ৮৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬২ হাজার ২৯৯ জন। পাসের হার ৮৩ দশমিক ৫৩ শতাংশ। ছেলেদের পাসের হার ৮৩ দশমিক ৩০ শতাংশ ও মেয়েদের পাসের হার ৮৩ দশমিক ৮০ শতাংশ।

ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ-৫ পেয়েছে ৫৪৫ জন। এর মধ্যে ১৫৩ জন ছেলে ও ৩৯২ জন মেয়ে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে জানা গেছে, গত বছর কুমিল্লা বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ৯২ শতাংশ। এবার পাসের হার কমেছে পাঁচ দশমিক ৭০ ভাগ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৯৫ জন। গত বছর জিপিএ ৫ পেয়েছে ১০ হাজার ৯৪৫ জন। এবার জিপিএ ৫ কমেছে ৭৫০ টি। তবে বিজ্ঞান বিভাগে এ বছর জিপিএ-৫ বেড়েছে এক হাজার ২৬৫ টি। অন্যদিকে ব্যবসায় শিক্ষা শাখায় কমেছে এক হাজার ৯৩৬টি এবং মানবিকে ৭৯ টি।

বেড়েছে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা: এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এক হাজার ৬৪৯টি শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এবার ১৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে। এর আগে ২০১৪ সালে ১৬৭ টি,২০১৩ সালে ২৭৫ টি,২০১২ সালে ১৩০ টি,২০১১ সালে ১১২ টি,২০১০ সালে ৮৫ টি,২০০৯ সালে ৪৫ টি,২০০৮ সালে ৭২ টি,২০০৭ সালে ছয়টি, ২০০৬ সালে ৩২ টি,২০০৫ সালে ১৭টি এবং ২০০৪ সালে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস করেছে। এবার শূন্যভাগ পাস করা প্রতিষ্ঠান নেই।

সেরা ১১ শিক্ষাপ্রতিষ্ঠানই কুমিল্লা জেলার: বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১১টিই কুমিল্লা জেলার। এগুলো হচ্ছে কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা ক্যাডেট কলেজ, কুমিল্লা মডার্ন হাইস্কুল, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাইস্কুল, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল কলেজ, কুমিল্লা গভর্নমেন্ট ল্যাবরেটরি উচ্চবিদ্যালয়, লাকসাম পাইলট হাইস্কুল ও কুমিল্লা ক্যান্টনমেন্ট হাইস্কুল। এ ছাড়া ফেনী জেলার তিনটি, চাঁদপুরের তিনটি, নোয়াখালীর দুইটি এবং ব্রাহ্মণবাড়িয়ার একটি প্রতিষ্ঠান রয়েছে। তবে লক্ষ্মীপুর জেলার কোনো প্রতিষ্ঠান শীর্ষ ২০ তালিকায় নেই।


টানা পঞ্চমবার বোর্ডে প্রথম কুমিল্লা জিলা স্কুল: কুমিল্লা শিক্ষাবোর্ডের শীর্ষ ২০টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছে কুমিল্লা জিলা স্কুল। ওই বিদ্যালয়ের ৪০১ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৫৩ জন। এ নিয়ে পঞ্চমবারের মতো স্কুলটি বোর্ডে প্রথম হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বলেন, ‘এ বছর প্রথমবারের মতো গণিতে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হয়েছে। ওই কারণে মোট পরীক্ষার্থীর ১২ শতাংশ গণিতে অকৃতকার্য হয়েছে। গণিতে কাঙ্ক্ষিত নম্বর না পাওয়ায় জিপিএ-৫ ও পাসের হারে প্রভাব পড়েছে। যে কারণে এ বছর বোর্ডে পাসের হার কমেছে ৫ দশমিক ৭০ এবং জিপিএ-৫ কমেছে ৭৫০ টি।’