কুমিল্লায় বেড়েছে পাসের হার ও জিপিএ-৫
এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় সব সূচকেই কুমিল্লা শিক্ষা বোর্ডের ফল ভালো হয়েছে। বেড়েছে পাসের হার, জিপিএ-৫ ও শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা। বরাবরের মতো এবারও মেয়েরা ভালো ফল করেছে। আজ বৃহস্পতিবার এই ফল ঘোষণা করা হয়।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৬ সালে কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ৯ হাজার ৭৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। কৃতকার্য হন ৬৯ হাজার ৮৯৫ জন। পাসের হার ৬৪ দশমিক ৪৯। এর মধ্যে ছেলেদের পাসের হার ৬৪ এবং মেয়েদের পাসের হার ৬৪ দশমিক ৯৭।
বোর্ডের উপকলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী জানান, গতবারের চেয়ে এ বছর পাসের হার বেড়েছে ৪ দশমিক ৬৯ শতাংশ। জিপিএ-৫ বেড়েছে ৪৬০টি। এ বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা আট। গত বছর পাসের হার ছিল ৫৯ দশমিক ৮০, জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৪৫২ জন, শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ছয়।
তিন বিভাগে পাসের হার
বিজ্ঞান বিভাগে ১৭ হাজার ৯৬২ জন পরীক্ষা দিয়ে কৃতকার্য হন ১৪ হাজার ২৫০ জন। পাসের হার ৮০ দশমিক ০৬। এর মধ্যে ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ২৭, মেয়েদের পাসের হার ৮২ দশমিক ৫০।
মানবিকে ৪৫ হাজার ২১৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হন ২৪ হাজার ৩৬৯ জন। পাসের হার ৫৪ দশমিক ৭৬। ছেলেদের পাসের হার ৫২ দশমিক ৭২, মেয়েদের পাসের হার ৫৫ দশমিক ৮৭।
ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৬ হাজার ৫৮৩ জনের মধ্যে উত্তীর্ণ হন ৩১ হাজার ২৭৬ জন। পাসের হার ৬৭ দশমিক ৮৮। ছেলেদের পাসের হার ৬৫ দশমিক ১২, মেয়েদের পাসের হার ৭১ দশমিক ৮৫।
জিপিএ-৫
কুমিল্লা শিক্ষা বোর্ডে এ বছর ১ হাজার ৯১২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে ছেলে ৯৬৮ ও মেয়ে ৯৪৪ জন। এ বছর বিজ্ঞান বিভাগে ১ হাজার ৫০৮ জন, মানবিকে ১০৬ জন ও ব্যবসায় শিক্ষা শাখায় ২৯৮ জন জিপিএ-৫ পেয়েছেন।
শতভাগ পাস করা পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানই কুমিল্লা জেলার
কুমিল্লা শিক্ষা বোর্ডে এ বছর আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানই কুমিল্লা জেলার। শতভাগ পাস করা প্রতিষ্ঠানগুলো হলো কুমিল্লা ক্যাডেট কলেজ, কুমিল্লার বুড়িচংয়ের সোনার বাংলা কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, চাঁদপুরের কচুয়া উপজেলার ড. মনসুর উদ্দিন কলেজ, কুমিল্লা ক্যামব্রিয়ান কলেজ, কুমিল্লা ক্রিয়েটিভ ইন্টারন্যাশনাল কলেজ, চাঁদপুরের হাজীগঞ্জ কমার্স কলেজ ও কুমিল্লার বরুড়া উপজেলার ছোটতুলাগাঁও মহিলা কলেজ।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বলেন, ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং ইংরেজিতে ফল কিছুটা খারাপ হওয়ার কারণে এমন অবস্থা হয়েছে। বোর্ডের এবারের ফলাফলে আমি সন্তুষ্ট ।’
এক নজরে
কুমিল্লা শিক্ষা বোর্ড
সাল পাসের হার
২০১৬ ৬৪.৪৯
২০১৫ ৫৯.৮০
২০১৪ ৭০.১৪
২০১৩ ৬১.২৯
২০১২ ৭৪.৬০
২০১১ ৬৮.৬৮
২০১০ ৭৩.১৩
২০০৯ ৬৬.৯৯
২০০৮ ৭৭.৩৩
২০০৭ ৬৫.৭৫