কুমিল্লায় ১২ গুণী শিক্ষককে সম্মাননা প্রদান
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ হরলাল রায় মারা গেছেন ৩২ বছর আগে। কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতী গ্রামের সন্তান এই গুণী শিক্ষক ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি ছিলেন। আশি ও নব্বইয়ের দশকে তাঁর লেখা বাংলা ব্যাকরণ বই এ অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্য ছিল।
হরলাল রায়কে গতকাল সোমবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মরণোত্তর সম্মাননা দিয়েছে কুমিল্লা গণিত ক্লাব। শুধু হরলাল রায় নন, শিক্ষকতা পেশায় ছিলেন ও আছেন এমন ১২ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হয় গতকাল। এবারের বিশ্ব শিক্ষক দিবসের স্লোগান, ‘শিক্ষক: সংকটে নেতৃত্ব দান, ভবিষ্যতের পুনর্নির্মাণ’। কুমিল্লা গণিত ক্লাব ১২ বছর ধরে শিক্ষক সম্মাননা দিয়ে আসছে।
কুমিল্লা নগরের নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সম্মেলনকক্ষে কুমিল্লা গণিত ক্লাবের সভাপতি আবু জাফর খানের সভাপতিত্বের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবদুস ছালাম।
হরলাল রায়ের পক্ষে সম্মাননা নেন তাঁর ছোট ছেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের দন্ত চিকিৎসক কল্লোল রায়। তিনি বলেন, ‘বাবার মৃত্যুর পর কেউ তাঁর নাম উচ্চারণ করেননি। কুমিল্লা গণিত ক্লাব ৩২ বছর পর আমার বাবার কর্মযজ্ঞ মূল্যায়ন করে সম্মাননা দিয়েছে। এটা গৌরবের ও সম্মানের।’
সম্মাননা পাওয়া শিক্ষকদের মধ্যে এ বছর আজীবন শিক্ষক সম্মাননা পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক সেলিনা রহমান। সম্মাননা পাওয়া অপর শিক্ষকেরা হলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব নূর মোহাম্মদ, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ রিহান উদ্দিন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক অরুপা সরকার, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক ইসরাত জাহান, মুরাদনগর উপজেলার অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরী, দাউদকান্দির গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া খোন্দকার, কুমিল্লা জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফারজানা নওশিন, ফরিদা বিদ্যায়তনের সহকারী প্রধান শিক্ষক গোপা রানী লোধ, লালমাই উপজেলার বাগমারা উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মো. আবদুল মান্নান (মরণোত্তর) ও কুমিল্লা নগরের দ্বিতীয় মুরাদপুর এলাকার বাসিন্দা অহিদ উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানা চৌধুরী। তাঁদের প্রত্যেককে ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি আবদুস ছালাম বলেন, শিক্ষকেরা সামনে এসে নেতৃত্ব দিয়ে সব বদলে দেন। সামনের দিকে পথচলার প্রেরণা দেন। অন্য পেশায় তেমনটা নেই। তিনি সব শিক্ষকের প্রতি এ সময় কৃতজ্ঞতা জানান।
আরও উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আমীর আলী চৌধুরী, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেহ উদ্দিন আহমেদ, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. জামাল নাছের, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাশমাশিস) কুমিল্লা অঞ্চলের সভাপতি ও নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার প্রমুখ।