কুয়েট শিক্ষকের মৃত্যুর ঘটনায় ‘প্রভাবমুক্ত’ তদন্ত চায় ঢাবি শিক্ষক সমিতি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক মো. সেলিম হোসেনের মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ ঘটনায় কুয়েট কর্তৃপক্ষের গঠন করা তদন্ত কমিটিকে সব ধরনের ‘প্রভাবমুক্ত’ থেকে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ জানিয়েছে তারা। একই সঙ্গে ছাত্র নামধারী দুর্বৃত্তদের অনৈতিক চাপে মাথা নত না করে সেলিম হোসেন শিক্ষকদের মর্যাদা সমুন্নত রেখেছেন বলেও জানানো হয়েছে বিবৃতিতে।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. রহমত উল্লাহ ও সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া।
বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষার্থী নামধারী দুর্বৃত্তদের দ্বারা লাঞ্ছিত হওয়ার ঘটনা সহ্য করতে না পেরে একপর্যায়ে সেলিম হোসেন মৃত্যুবরণ করেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মনে করে, আত্মসম্মান ও মর্যাদাবোধই একজন শিক্ষকের নৈতিক শক্তির ভিত্তি৷ কুয়েট শিক্ষক সেলিম হোসেন ছাত্রনামধারী দুর্বৃত্তদের অনৈতিক চাপে মাথা নত না করে শিক্ষকদের মর্যাদা সমুন্নত রেখেছেন।
শিক্ষক সমিতি আরও বলেছে, কুয়েট কর্তৃপক্ষ ইতিমধ্যে অভিযুক্ত কয়েকজনকে সাময়িক বহিষ্কার, তদন্ত কমিটি গঠনসহ কিছু পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। তবে কমিটি যেন সব ধরনের প্রভাবমুক্ত থেকে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ করে এবং কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, শিক্ষক-শিক্ষার্থীদের জন্য একটি শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হলে এ ধরনের ছাত্রনামধারী দুর্বৃত্তমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান বিনির্মাণ করতেই হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করে শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানানো হয় বিবৃতিতে।