কুয়েটে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের (কুয়েট) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং (বিইউআরপি) কোর্সের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ২৮ অক্টোবর।

ওই দিন সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার কুয়েটের ভর্তি কমিটির সঙ্গে উপাচার্যের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, কুয়েটে বর্তমানে তিনটি অনুষদের অধীনে ১১টি বিভাগ রয়েছে। এসব বিভাগে মোট ৮৭৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে কয়েকটি বিভাগ বাড়ানোর প্রস্তাব করেছে কুয়েট কর্তৃপক্ষ। এর মধ্যে ওই সব বিভাগ চালুর অনুমোদন পাওয়া গেলে এ বছর থেকেই ওই বিভাগগুলোতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আলমগীর বলেন, এ বছর তিনটি নতুন বিষয় ​যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। ​আর্কিটেকচার, মেটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ভর্তির পরীক্ষার জন্য প্রাথমিকভাবে এই তারিখটি ধার্য করা হয়েছে। ফল প্রকাশের পর ভর্তির আবেদন প্রক্রিয়াসহ বিস্তারিত জানানো হবে।