কৃষি নিয়ে পড়ি

কৃষি বিষয়ে পড়াশোনায় তরুণদের আগ্রহ দিন দিন বাড়ছে। তা ছাড়া বাংলাদেশের অর্থনীতি কৃষিনির্ভর হওয়ায় কৃষি খাতের মানোন্নয়নে গবেষণা ও মাঠপর্যায়ে কাজের জন্য প্রয়োজন দক্ষ জনবল। বর্তমানে চারটি বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয়, একটি ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় এবং দুটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে কৃষি বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
ছয়টি অনুষদে ৪৩টি বিষয় নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এই প্রতিষ্ঠানে স্নাতক শ্রেণিতে মোট ১ হাজার ২০০ শিক্ষার্থী ভর্তি করানো হয়। ভর্তির যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে অথবা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.৫-সহ মোট জিপিএ ৮.০ (চতুর্থ বিষয় ছাড়া)। এ ছাড়া এসএসসি ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত ও জীববিদ্যা আলাদা বিষয় হিসেবে থাকতে হয়। আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর। ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর। ওয়েবসাইট: www.bau.edu.bd ।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা
ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আসনসংখ্যা ৫০০। এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রতিটিতে ন্যূনতম জিপিএ-৩সহ মোট জিপিএ-৭ থাকতে হবে। এ ছাড়া এসএসসি ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় পদার্থ, রসায়ন, গণিত ও জীববিদ্যা আলাদা বিষয় হিসেবে থাকতে হয়। আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। বিস্তারিত: www.sau.edu.bd ।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
ছয়টি অনুষদের অধীনে এ বিশ্ববিদ্যালয়ে আসনসংখ্যা ৩৪০টি। ভর্তির আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ ৬.৫ হতে হবে। এ দুই পরীক্ষার প্রতিটিতে আলাদাভাবে গ্রেড পয়েন্ট ন্যূনতম ৩ করে থাকতে হবে। আবেদনের শেষ তারিখ ১৮ নভেম্বর। ভর্তি পরীক্ষা ২৮ নভেম্বর। বিস্তারিত জানতে সর্বশেষ ভর্তি বিজ্ঞপ্তি অথবা ওয়েবসাইট দেখুন: www.sau.ac.bd ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়টি গাজীপুরের সালনায় অবস্থিত। এ বিশ্ববিদ্যালয়ে চারটি অনুষদে আসনসংখ্যা ৩১০। এ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিতে হলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে অথবা সমমান পরীক্ষায় মোট গ্রেড পয়েন্ট হতে হবে ন্যূনতম ৭.৫। এ দুই পরীক্ষার প্রতিটিতেই গ্রেড পয়েন্ট অ্যাভারেজ চতুর্থ বিষয় ছাড়া ৩.৫ করে থাকতে হবে। আবেদনের শেষ তারিখ ১০ ডিসেম্বর। ভর্তি পরীক্ষা ২৬ ডিসেম্বর। ওয়েবসাইট: bsmrau.edu.bd ।
অন্যান্য বিশ্ববিদ্যালয়
ওপরের চারটি বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় ছাড়াও আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কৃষি নিয়ে পড়ার সুযোগ রয়েছে।
যেমন:
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর
এ বিশ্ববিদ্যালয়ে আবেদনের শেষ তারিখ ৮ নভেম্বর। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর। বিস্তারিত: www.hstu.ac.bd।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আবেদনের শেষ তারিখ ২০ নভেম্বর। ভর্তি পরীক্ষা হবে ১৩ ডিসেম্বর। বিস্তারিত: www.pstu.ac.bd ।
ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম
এ বিশ্ববিদ্যালয়ে আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ নভেম্বর। বিস্তারিত: www.cvasu.ac.bd।
ভর্তির তথ্যের জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করা যেতে পারে।