
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২ সেপ্টেম্বর ছাত্রলীগের সমাবেশ শুরুর আগে সামনে বসা নিয়ে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল ও অমর একুশে হল শাখার নেতা-কর্মীদের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীদের প্রায় ২০ মিনিট চেয়ার ছোড়াছুড়ি হয়েছে। এতে আহত হন নয়জন।
(সূত্র: প্রথম আলো, ৩ সেপ্টেম্বর ২০১৪)
সরকারি দলের মন্তব্য
সবই বিরোধী দলের ষড়যন্ত্র আর মিডিয়ার সৃষ্টি। আসলে চেয়ার নিয়ে ছোড়াছুড়ি করেছিল তো ছাত্রদলের ছেলেরা। আমাদের ছেলেরা শুধু চেয়ারগুলোকে লুফে নিয়ে জায়গামতো বসিয়ে দিয়েছিল।
বিরোধী দলের মন্তব্য
জাতির ইতিহাসে এ এক ঘৃণ্য, কলঙ্কিত অধ্যায়। আমরা এই কাজের তীব্র নিন্দা জানিয়ে আগামীকাল সকাল–সন্ধ্যা হরতাল ঘোষণা করলাম। খবরদার, বাধা দেওয়ার চেষ্টা করলে আমরাও চেয়ার ছুড়ে মারব কিন্তু!
ছাত্রলীগের মন্তব্য
আসলে আমরা চেয়ারগুলো মজবুত কি না, সেটা একটু পরীক্ষা করে দেখতে চেয়েছিলাম। তাই নিজেদের মাঝে একটু ক্যাচ প্র্যাকটিস করছিলাম আরকি।
চেয়ারের মালিকদের মন্তব্য
এখন থেকে কোনো রাজনৈতিক সমাবেশে চেয়ার, টেবিল ভাড়া দেওয়ার আগে প্রত্যেকটারই বিমা করিয়ে রাখতে হবে।
সাধারণ জনগণের মন্তব্য
ওরা তো এখন সামনে বসা নিয়ে চেয়ার ছোড়াছুড়ি করছে। বড় হয়ে আশা করি আমাদের নিয়েও ছোড়াছুড়ি করবে!