কেন্দ্রে দায়িত্বে অবহেলায় দুই শিক্ষক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আজ সোমবার এসএসসি পরীক্ষার প্রথম দিনে দায়িত্বে অবহেলার কারণে দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সূত্রে জানা যায়, আজ থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্রের পরীক্ষা ছিল। ওই কেন্দ্রের ৩০২ নম্বর কক্ষের দুই শিক্ষক বহুনির্বাচনী পরীক্ষার পর রচনামূলক পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র দিতে ২০ মিনিট দেরি করেন। এ সময় পরীক্ষার্থীরা ২০ মিনিট দেরিতে প্রশ্ন ও উত্তরপত্র দেওয়ার কারণ জানতে চাইলে পরিদর্শকেরা বাড়তি সময় দিয়ে তা পুষিয়ে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু বাড়তি সময় না দিয়ে যথারীতি একটায় পরীক্ষা শেষ করা হয়। এ নিয়ে কেন্দ্রের ভেতর ৪২ জন পরীক্ষার্থী ও অভিভাবকেরা বিক্ষোভ করেন।

খবর পেয়ে ইউএনও ফ্লোরা বিলকিছ জাহান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইলাহী আখন্দ কেন্দ্রে যান। পরীক্ষার্থী ও অভিভাবকদের করা অভিযোগের সত্যতা পেয়ে দুই পরিদর্শক আবদুল্লাহেল বাকী ও খোরশেদ আলমকে বহিষ্কার করেন তাঁরা।

ইউএনও ফ্লোরা বিলকিছ জাহান প্রথম আলোকে বলেন, দায়িত্বে অবহেলায় দুই শিক্ষক পরিদর্শককে বহিষ্কার করা হয়েছে।

তবে বহিষ্কৃত শিক্ষক আবদুল্লাহেল বাকী বলেন, তাঁরা দায়িত্বে অবহেলা করেননি। তাঁদের অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে।