কোনো প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষায় মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করতে পারেনি। এ ছাড়া দুটি উপজেলায় দাখিল পরীক্ষায় কোনো পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি।
সংশ্লিষ্ট এলাকার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কুলাউড়ায় পাসের হার ৮৩ দশমিক ৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন। এর মধ্যে কুলাউড়া পৌর শহরে অবস্থিত কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয় থেকে সর্বোচ্চ ২২ জন জিপিএ-৫ পেয়েছে। তবে উপজেলার ৩৩টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের কোনোটিতে শতভাগ পরীক্ষার্থী পাস করেনি। এবারের দাখিল পরীক্ষায় পাসের হার ৮৮ দশমিক ১৫ শতাংশ। কোনো পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। বাবনিয়া নিজামিয়া দাখিল মাদ্রাসার শতভাগ পরীক্ষার্থী (মোট ৪৬ জন) পাস করেছে।
এদিকে জুড়ীতে এসএসসিতে পাসের হার ৬২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। উপজেলা সদরের জুড়ী মডেল উচ্চবিদ্যালয় থেকে সর্বোচ্চ আটজন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। উপজেলার ১৪টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের কোনোটিরই শতভাগ পরীক্ষার্থী পাস করতে পারেনি। জুড়ীতে এবারের দাখিল পরীক্ষায় পাসের হার ৮৭ শতাংশ। কেউ জিপিএ-৫ পায়নি। তবে হজরত শাহ খাকী (রহ.) দাখিল মাদ্রাসায় শতভাগ পরীক্ষার্থী (মোট ৪৭ জন) পাস করেছে।
কুলাউড়ার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার উদ্দিন ও জুড়ীর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রহমান প্রথম আলোকে জানান, এবারের এসএসসি ও দাখিল পরীক্ষার ফল গত বছরের তুলনায় খারাপ হয়েছে। দাখিল পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ার বিষয়টি ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেন তাঁরা।