
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা চলমান হরতাল-অবরোধে ব্যাহত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা। এই অবস্থায় নতুন করে সেশনজটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।
রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে শুক্র ও শনিবার ক্লাস-পরীক্ষা নিয়ে তা পুষিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য মীজানুর রহমান।
গত মাসে অবরোধ চলাকালে ক্যাম্পাসের ভেতরে শিক্ষকদের বাসে আগুন এবং বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায় আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে।
অনাবাসিক এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা সবাই রাজধানীর বিভিন্ন স্থানে নিজ নিজ বাসা বা মেসে থাকেন। অবরোধে তাঁদের কেউ কেউ ক্যাম্পাসে এলেও হরতালে উপস্থিতি বেশ কম।
খোঁজ নিয়ে জানা যায়, অবরোধ চলাকালে গত ৫ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস স্বাভাবিক ছিল। ছুটির দিন শুক্র ও শনিবারেও পরীক্ষা নেওয়া হয়েছে। কিন্তু গত রোববার থেকে লাগাতার হরতালের কারণে অধিকাংশ বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। এ ছাড়া বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের যানবাহন।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি কম। কয়েকটি বিভাগ রয়েছে বন্ধ। এ ছাড়া প্রশাসনিক ভবন খুললেও কর্মকর্তাদের উপস্থিতি ছিল কম।
পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের মোট ৩৩টি বিভাগের মধ্যে প্রায় ২০টি বিভাগের বিভিন্ন সেমিস্টারের পরীক্ষা চলছে। তবে অবরোধ ও হরতালের কারণে বারবার তারিখ পরিবর্তন করে তা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান প্রথম আলোকে বলেন, হরতালে কিছু বিভাগের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। তাই আজ শুক্র ও কাল শনিবার এই পরীক্ষাগুলো নেওয়া হবে।
আরও পড়ুন: