ক্লাসরুম আমাদের ক্যাম্পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাবাস্সুম তানিয়া
তাবাস্সুম তানিয়া

বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমগুলোই আমাদের ক্যাম্পাস। আনন্দ-উল্লাস, হইহুল্লোড় সব হয় এই ক্লাসরুম ঘিরেই। বিশ্ববিদ্যালয়জীবনে অনেকগুলো মধুর স্মৃতি রয়েছে। প্রথম সেমিস্টারে একজন শিক্ষক পেয়েছিলাম এমদাদ স্যার, যিনি আমাদের পরম মমতায় ছোট বাচ্চাদের মতো পড়িয়েছেন, বুঝিয়েছেন। অবশ্য তখন তো আমরা ছোটই ছিলাম। তারপর আবার পঞ্চম সেমিস্টারে এসে স্যারকে পেলাম। স্যার সব সময় চেষ্টা করতেন আমরা যেন পড়া বুঝতে পারি। যদি না বুঝতে পারতাম তাহলে বারবার বোঝাতেন। ক্লাসে অনেক কথাবার্তা নিয়ে আমরা স্যারের সঙ্গে আলোচনা করতাম, মজা করতাম।
পঞ্চম সেমিস্টারের পর শুনলাম স্যার দেশের বাইরে চলে যাবেন তাঁর ব্যারিস্টারি সম্পন্ন করতে। তিনি স্কলারশিপ পেয়েছিলেন। শুনে খুশি যেমন হয়েছিলাম, কষ্টও পেয়েছিলাম এই ভেবে যে স্যারের ক্লাস আর পাব না। বিদায়ী ক্লাসে আমরা স্যারের জন্য ছোট্ট একটা আয়োজন করেছিলাম, যেন তিনি আমদের সব সময় মনে রাখেন। আমরা বন্ধুরা বেশ উৎসাহ নিয়ে কাজ করেছিলাম। স্যার আমদের গান শুনিয়েছিলেন। আমরা সহপাঠীরা মিলে স্যারের জন্য একটা বড় কার্ড বানিয়েছিলাম আর যে যাঁর মতো মন্তব্য লিখেছিলাম। আমাদের ছোট্ট আয়োজনে স্যার বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন, আমাদেরও আবেগপ্রবণ করেছিলেন।
অনেক উপদেশ দিয়েছিলেন সেদিন। কীভাবে সামনে এগিয়ে যাওয়া যায়, কীভাবে জীবনে বড় হওয়া যায়...। ভেবেই নিয়েছিলাম স্যারের আর কোনো ক্লাস পাব না। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই ১১ সেমিস্টারে এসে আবার স্যারের ক্লাস পেয়েছি। ক্লাসের সময় পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে। স্যার এখন আমাদের দেশের বাইরে তাঁর অভিজ্ঞতার গল্প বলেন। সেই প্রথম সেমিস্টার থেকে এখন অব্দি তাঁর ছোট্ট ছোট্ট উপদেশগুলো মাথায় আছে এবং থাকবে।
ক্যাম্পাস জীবনে আমার কাছে মনে হয় এর চেয়ে মধুর আর কোনো স্মৃতি হতে পারে না। স্যার আমাদের বন্ধুর মতো। বন্ধুর মতোই আমাদের পড়াশোনায় সাহায্য করছেন।
আগেই বলেছি, ক্লাসরুম আমাদের ক্যাম্পাস। তাই ছোট ছোট আনন্দ-আড্ডাগুলো আমরা শিক্ষকদের সঙ্গে ভাগাভাগি করে নিই। ক্লাস শেষে বন্ধুরা মিলে খালার দোকানে চায়ে চুমুক দিতে দিতে কিছুক্ষণ আড্ডাবাজি করি। আমার ক্যাম্পাসের স্মৃতিগুলো খুব ছোট ছোট কিন্তু অসংখ্য। ভালোবাসি আমার প্রিয় ক্যাম্পাসকে, ভালোবাসি আমার ৩২ ব্যাচকে এবং পুরো সাউথইস্ট পরিবারকে।
লেখক: চতুর্থ বর্ষ, আইন এবং বিচার বিভাগ, সাউথইস্ট ইউনিভার্সিটি