ক্লাসে অনুপস্থিতি ও 'কোচিং-বাণিজ্য' খারাপ ফলের কারণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল ভালো না হওয়ার কারণ হিসেবে শিক্ষকেরা ‘কোচিং-বাণিজ্য’ ও শিক্ষার্থীদের ক্লাস না করাকে দায়ী করছেন। শহরের চারটি কলেজের অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. বদরুদ্দোজা বলেন, ‘ছাত্রছাত্রীরা কলেজে ক্লাস না করে কোচিং সেন্টারে পড়তে যায়। এতে ফল তো খারাপই হবে।’
তিনি আরও বলেন, কলেজের ক্লাস চলার সময়ে কোচিং বন্ধ করতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান ও তাঁকে (অধ্যক্ষ) সদস্যসচিব করে একটি কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু কোনো এক কারণে কমিটির কোনো কাজই হয়নি। অধ্যক্ষ বলেন, এবার ফলাফল খারাপ হয়েছে।
কুষ্টিয়া সরকারি কলেজে এবার মোট পরীক্ষার্থী ছিলেন ১ হাজার ২৭০ জন। পাস করেছেন ১ হাজার ১৩০ জন। জিপিএ-৫ পেয়েছেন ২৩৪ জন। এর মধ্যে বিজ্ঞানে ৫০৮ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২২৩ জন, মানবিকে ৩২৮ জনের মধ্যে দুজন এবং বাণিজ্য বিভাগে ৪৩৪ জনের মধ্যে নয়জন জিপিএ-৫ পেয়েছেন।
সরকারি মহিলা কলেজ থেকে ৮১২ জনের মধ্যে পাস করেছেন ৪৮১ জন। এর মধ্যে একমাত্র বাণিজ্য বিভাগের রুমী খাতুন জিপিএ-৫ পেয়েছেন।
কলেজের অধ্যক্ষ শফিকুর রহমানের দাবি, গতবারের চেয়ে এবার ফলাফল খারাপ হয়েছে। শহরের ইসলামিয়া কলেজের ১ হাজার ২৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৬৫ জন। বাণিজ্য বিভাগের দুজন জিপিএ-৫ পেয়েছেন। মানবিক বিভাগের ৫০৩ জন ছাত্রছাত্রীর মধ্যে ৭১ জন পাস করেছেন।
এ ছাড়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের ৩৪১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৯১ জন। বিজ্ঞানের দুজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রাশিদ আসকারি বলেন, এবারের পরীক্ষায় ইংরেজিতে শিক্ষার্থীরা খারাপ করার কারণে এমন অবস্থা হয়েছে। এর কারণ, এখনকার শিক্ষার্থীরা কোচিং ও সাজেশননির্ভর বেশি। কুষ্টিয়া জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস বলেন, রোজার আগে কোচিং সেন্টারের মালিকদের সঙ্গে বৈঠক করা হয়। সেখানে সরকারি কলেজের কোনো শিক্ষক যাতে কোচিংয়ে ক্লাস করাতে না পারেন, সে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয় ও কলেজে ক্লাস চলাকালীন কোচিং না চালাতেও বলা হয়।