অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম এ বিষয়ে লেখার জন্য। প্রথম আলোকে ধন্যবাদ। টিনএজ বা বয়ঃসন্ধিকাল—এই সময় প্রকৃতিগত কারণে কৈশোর জীবনে নানা ধরনের সমস্যা বা প্রশ্ন তৈির হয় ছেলেমেয়েদের মধ্যে। যেহেতু আমার নিজের দুটি সন্তানই টিনএজার, তাই আমি এই বয়সে বাচ্চাদের মনমানসিকতা বুঝতে পারি বেশ ভালোভাবেই। জন্মসূত্রে সব বাচ্চাই নিষ্পাপ থাকে। এখন প্রশ্ন, তা হলে কেন সমস্যা তৈির হচ্ছে এই কিশোর ও কিশোরীদের নিয়ে? এর উত্তরে আমি বলব, আমরা মা-বাবারাই অধিকাংশ ক্ষেত্রে দায়ী এবং আমরাই সমস্যার বৃত্তে সন্তানকে ঠেলে দিচ্ছি।
হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না, তেমনি সব বাচ্চাই মেধা-মননে সমান হয় না। মা-বাবাকে খুঁজে নিতে হবে বাচ্চা কী চায়, আর তার সর্বোচ্চ গুণ বা প্রতিভা কোথায়? বাচ্চাদের মানসিক সমস্যার অন্যতম কারণ মা ও বাবার সীমাহীন চাওয়া সন্তানদের কাছ থেকে। একটা অর্থহীন প্রতিযোগিতায় বাচ্চাটি বড় হতে থাকে। যখন সন্তানেরা সবার ইচ্ছা পূরণ করতে পারে না, তখনই শুরু হয় সমস্যা।
আজকাল দেখছি অল্প বয়সে বেশ কিছু ছেলেমেয়ে প্রেমে পড়ছে। কিন্তু যখন এই প্রেমগুলো ব্যর্থ হয়, তখন দেখা দেয় আসল বিপর্যয়। এ সময় ওদের অযথা বকা বা অবিশ্বাস না করে আপনার ভালোবাসার হাতটি বাড়িয়ে দিন। ওকে বুঝতে দিন প্রেমে ব্যর্থ হওয়া কোনো ব্যাপার না; চেয়ে দেখ, সুন্দর পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে। আমরা আছি তোমার জন্য।
আমি সবাইকে বলি, দয়া করে সন্তানকে বড় করতে হলে ওর জন্য বিশ্বাস, সন্তানের ভালো গুণের প্রশংসা, অপরের জন্য ভালোবাসা, ধর্মীয় চেতনা, মুক্ত মন; সর্বোপরি ভালো মানুষ হওয়ার জন্য প্রকৃত শিক্ষা দিন। ওদের সমস্যা মানে আমাদের সমস্যা, ওদের লজ্জা আমাদের। তাই কোনো লুকোচুরি নয়। সমস্যা থাকলে আগে নিজেরা চেষ্টা করুন৷ কারণ, ওরা তো আমাদেরই শরীরের অংশ। যদি নিজেরা না পারেন, তখন মানসিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন। ছেলে বা মেয়েটি কী চায়, তা বোঝার চেষ্টা করুন। একটা সন্তান একবার ব্যর্থ হওয়া মানেই সব শেষ নয়, এটা প্রথমে আপনি বুঝুন, তারপর সন্তানকে বোঝান। আজকের সুযোগ্য সন্তানই তো আগামীকালের ভবিষ্যৎ।