খুলনা বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ছে, ভর্তি পরীক্ষা শুরু ৩ নভেম্বর
খুলনা বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে (২০১৬-১৭) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৩ নভেম্বর। চলবে ৫ নভেম্বর পর্যন্ত। এ ছাড়া চলতি শিক্ষাবর্ষ থেকেই নতুন একটি স্কুল (অনুষদ) ও দুটি ডিসিপ্লিন (বিভাগ) চালু করা হচ্ছে। শিগগিরই ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন অনুষদের নামে এই নতুন অনুষদের অধীন আইন ও বিচার বিভাগ এবং বর্তমান কলা ও মানবিক অনুষদের অধীন ইতিহাস ও সভ্যতা বিভাগ নামে নতুন দুটি বিভাগ চালুর সিদ্ধান্ত হয়। চলতি শিক্ষাবর্ষেই শিক্ষার্থীরা ওই দুই বিভাগে ভর্তির সুযোগ পাবেন।
নতুন দুই বিভাগে ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এ ছাড়া স্থাপত্য ও গণিত বিভাগে ৫টি করে মোট ১০টি এবং নগর ও গ্রামীণ পরিকল্পনা বিভাগে দুটি আসন বাড়ানো হচ্ছে। এর ফলে চলতি শিক্ষাবর্ষে নতুন ৯২টি আসন বৃদ্ধি পাচ্ছে। সে ক্ষেত্রে মোট আসনসংখ্যা দাঁড়াবে ১ হাজার ২১০টি এবং বিভাগের সংখ্যা উন্নীত হবে ২৮টিতে।
ভর্তি কমিটির সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামান। এ ছাড়া সভায় ভর্তি কমিটির সদস্য, ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উপস্থিত ছিলেন।