খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ৫ সেপ্টেম্বর
খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির সময়সূচি ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী আগামী ৫ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়ে চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান জানান, আগামী ৩, ৪ ও ৫ নভেম্বর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের, বেলা একটা থেকে আড়াইটা পর্যন্ত জীববিজ্ঞান স্কুলের এবং বেলা সাড়ে তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৪ নভেম্বর শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের এবং বেলা আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত সমাজবিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫ নভেম্বর শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কলা ও মানবিক স্কুলের এবং বেলা আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত আইন স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার বিশ্ববিদ্যালয়ের ছয়টি স্কুলের (অনুষদ) ও একটি ইনস্টিটিউটের অধীন ২৮টি ডিসিপ্লিনে (বিভাগ) মুক্তিযোদ্ধা সন্তান ও উপজাতি কোটা ছাড়াও বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান থেকে (বিকেএসপি) উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত অতিরিক্ত সাতটি আসনসহ মোট ১ হাজার ২১১টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। গত শিক্ষাবর্ষের চেয়ে এবার আসন বেড়েছে ৯৩টি। এবার দুটি নতুন বিভাগ খোলা হচ্ছে। এ দুটি নতুন বিভাগ হলো ইতিহাস ও সভ্যতা এবং আইন ও বিচার বিভাগ।