খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন জমা দেওয়ার শেষ সময় আরও দুই দিন বাড়ানো হয়েছে। এর ফলে ২ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ৩, ৪ ও ৫ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এস এম আতিয়ার রহমান জানান, ভর্তি পরীক্ষার আবেদনের পূর্বনির্ধারিত শেষ সময় ছিল ৩০ সেপ্টেম্বর। কিন্তু ওই দিন শুক্রবার ও পরের দিন শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় আগামী ২ অক্টোবর রোববার পর্যন্ত আবেদনের সময় বাড়ানো হয়েছে। ওই দিন বিকেল পাঁচটা পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন আগের নিয়ম অনুযায়ী করা যাবে। উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। উপাচার্য মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কমিটির সদস্য বিভিন্ন স্কুলের (অনুষদ) ডিনরা উপস্থিত ছিলেন।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ku.ac.bd) পাওয়া যাবে। এ ছাড়া সংশ্লিষ্ট স্কুলের ডিন অফিস ও ইনস্টিটিউটের পরিচালকের অফিস অথবা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের একাডেমিক শাখায় যোগাযোগ করে জানা যাবে।