খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির তারিখ ঘোষণা
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা ডিসিপ্লিন (স্কুল) এবং কলা ও মানবিক স্কুলের প্রথম বর্ষের ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আজ রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, মেধা তালিকা থেকে বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলে ভর্তি করা হবে আগামী বছরের ৪ জানুয়ারি। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। অপেক্ষমাণ মেধা তালিকা থেকে নিবন্ধন করা হবে ১০ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। অপেক্ষমাণ মেধা তালিকা থেকে ভর্তি করা হবে ১১ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
কলা ও মানবিক স্কুলের মেধা তালিকার প্রার্থীদের ভর্তি করা হবে ৬ জানুয়ারি। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ভর্তি কার্যক্রম চলবে। প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে নিবন্ধন করা হবে ১০ জানুয়ারি সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। নিবন্ধন তালিকা থেকে ওই দিনই ভর্তি করা হবে বেলা সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
এ ছাড়া ভর্তি ও ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ku.ac.bd) পাওয়া যাবে।