খুলনা বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী ও পুনর্মিলনী ২৫ ডিসেম্বর
চলতি বছর খুলনা বিশ্ববিদ্যালয়ের ২৫ তম বর্ষপূর্তি । এ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যৌথভাবে ২৫ ডিসেম্বর শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে।
খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কার্যক্রম ১৯৮৭ সালে শুরু হলেও শিক্ষা কার্যক্রম শুরু হয় ১৯৯১ সাল থেকে। প্রাথমিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিনির্ভর বিষয় থাকলেও ধীরে ধীরে এটির কলেবর বৃদ্ধি পায়, যোগ হয় মানবিকসহ অন্যান্য বিষয়। বেশ কিছু কারণে খুলনা বিশ্ববিদ্যালয় দেশের দক্ষিণাঞ্চলসহ বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। প্রথম থেকেই এই বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি ও সন্ত্রাসমুক্ত, শিক্ষা কর্মসূচি, মানের ধারাবাহিকতা এবং সময়ের চাহিদা অনুযায়ী প্রযুক্তি ও প্রায়োগিক বিষয়ে পাঠদান। ইতিমধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১২ হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষা শেষ করে দেশ ও দেশের বাইরে কর্মরত আছেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর পূর্তিতে খুলনা বিশ্ববিদ্যালয় আলামনাই অ্যাসোসিয়েশন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যৌথভাবে ২৫ ডিসেম্বর ২০১৫ তারিখ শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী “রজতজয়ন্তী ও পুনর্মিলনী ২০১৫” উদ্যাপন করতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে দেশ বিদেশে কর্মরত প্রায় তিন হাজার গ্র্যাজুয়েট অংশগ্রহণ করবে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে রয়েছে গ্র্যাজুয়েট ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, প্রীতিভোজ, আলোকসজ্জা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উল্লেখযোগ্য। উক্ত অনুষ্ঠানে ব্যান্ড সংগীত পরিবেশন করবে দেশের প্রখ্যাত ব্যান্ড মাইলস।
আগামী ২৫ ডিসেম্বর শুক্রবার খুলনা বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী উৎসবে নিবন্ধিত গ্র্যাজুয়েটদের ২৪ ডিসেম্বর বিকেল ৪: ০০ থেকে রাত ৮: ০০টা এবং ২৫ ডিসেম্বর সকাল ৭: ৩০ থেকে ৯: ০০টার মধ্যে স্ব স্ব ডিসিপ্লিন থেকে প্রয়োজনীয় নিবন্ধন সরঞ্জাম সংগ্রহের জন্য অনুরোধ করা যাচ্ছে। নির্ধারিত সময়ের আগে ও পরে কোনো কুপণ বিতরণ সম্ভব হবে না। খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিএসএ দপ্তরে রিইউনিয়ন সংক্রান্ত অন্যান্য যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন ০১৯৬৭৬৩৮৮৮৮ অথবা ০১৯৬৭৬৩৯৯৯৯ নম্বরে।