গণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল গণিতে প্রতিটি ধাপে নম্বর
প্রিয় পরীক্ষার্থী, গণিত বিষয়টি সৃজনশীল হওয়ায় ভয়ের কোনো কারণ নেই; বরং আগের প্রচলিত পরীক্ষা পদ্ধতির তুলনায় বর্তমান সৃজনশীল প্রশ্নপত্র পদ্ধতিতে নম্বর পাওয়ার বেশি সুযোগ রয়েছে। গণিত সৃজনশীল প্রশ্নপত্র পদ্ধতির দুটি অংশ।
ক. সৃজনশীল বহুনির্বাচনি অংশ ও
খ. সৃজনশীল রচনামূলক অংশ।

ক. সৃজনশীল বহুনির্বাচনি অংশ
এই অংশে ৩০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে।
প্রতিটি সঠিক উত্তরের মান ১।
সব কটির উত্তর দিতে হবে।
সৃজনশীল বহুনির্বাচনি অংশে তিন ধরনের প্রশ্ন থাকবে। ধরন তিনটি হলো—
i. সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন
ii. বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্ন
iii. অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্ন।
প্রিয় পরীক্ষার্থী, তোমরা জেনে নিশ্চয়ই খুশি হবে, সৃজনশীল বহুনির্বাচনি প্রশ্নপত্রে তোমাদের চিন্তন-দক্ষতার বিভিন্ন স্তরের ভিত্তিতে ৪০টি প্রশ্নের শতকরা হার নিম্নরূপ হওয়ার সম্ভাবনা থাকবে। সহজ স্তর—৩০% (অর্থাত্ ১২টি প্রশ্ন),
মধ্যম স্তর—৫০% (অর্থাত্ ২০টি প্রশ্ন) এবং
কঠিন স্তর—২০% (অর্থাত্ ৮টি প্রশ্ন)।

খ. সৃজনশীল রচনামূলক অংশ
প্রিয় পরীক্ষার্থী, সৃজনশীল রচনামূলক অংশে চারটি বিভাগ থাকবে। নম্বর থাকবে ৭০।
১১টি প্রশ্ন থাকবে, উত্তর করতে হবে ৭টির।
ক বিভাগ: বীজগণিত—৩টি প্রশ্ন
খ বিভাগ: জ্যামিতি—৩টি প্রশ্ন
গ বিভাগ: ত্রিকোণমিতি ও পরিমিতি—৩টি প্রশ্ন
ঘ বিভাগ: পরিসংখ্যান—২টি প্রশ্ন।
# ‘ক’ বিভাগ থেকে ২টি, ‘খ’ বিভাগ থেকে ২টি, ‘গ’ বিভাগ থেকে ১টি এবং ‘ঘ’ বিভাগ থেকে ১টি প্রশ্নের উত্তর দিতে হবে। অর্থাত্ মোট ৭টি প্রশ্নের উত্তর দিতে হবে।
গণিতে ভালো করতে হলে
১। প্রশ্নটি হাতে পাওয়ার পর খুব মনোযোগ দিয়ে পড়বে। বহুনির্বাচনি প্রশ্নের উত্তরের জন্য তোমাদের যে উত্তরপত্রটি দেওয়া হবে, তার সঠিক বৃত্তটি কালো কালির বলপয়েন্ট কলম দ্বারা পরিপূর্ণভাবে ভরাট করতে হবে। কেননা, আংশিক বা অসম্পূর্ণ ভরাট উত্তরপত্র মূল্যায়নযন্ত্র চিহ্নিত করতে পারে না। মনে রাখবে, একই প্রশ্নোত্তরে একাধিক বৃত্ত ভরাট
গ্রহণযোগ্য নয়।
২। সৃজনশীল রচনামূলক প্রশ্নটি মনোযোগ দিয়ে পড়ার পর ঠিক করবে, যেসব প্রশ্নের উত্তর ভালোভাবে পারো, তা পেনসিল দিয়ে চিহ্নিত করে নেবে। যে প্রশ্নের উত্তরটি সবচেয়ে ভালোভাবে পারো, সেই প্রশ্নের উত্তর দিয়ে সৃজনশীল রচনামূলক অংশের উত্তর লেখা শুরু করবে।
৩। অবশ্যই ছয়টি প্রশ্নেরই উত্তর দিতে চেষ্টা করবে।
সৃজনশীল গণিতের তিনটি অংশ
তোমরা ইতিমধ্যে জেনেছ, প্রতিটি সৃজনশীল রচনামূলক প্রশ্নের তিনটি অংশ।
‘ক’ অংশ: যার উত্তরে কমপক্ষে দুটি অংশ থাকবে। নম্বর (১ + ১)। একটি অংশের উত্তর যদি কোনো কারণে ভুল হয়, তবে অপর অংশের সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে। সম্পূর্ণ উত্তরটি পারোনি বলে আংশিক লিখিত উত্তরটি কেটে দেওয়ার প্রয়োজন নেই।
‘খ’ অংশ: যার উত্তরে কমপক্ষে চারটি ধাপ থাকা বাঞ্ছনীয়। উত্তরের প্রতিটি সঠিক ধাপের জন্য তোমার নম্বর পাওয়ার সুযোগ আছে। আগের পরীক্ষা পদ্ধতিতে প্রশ্নের উত্তর পুরোটা সঠিক না হলে কোনো নম্বর দেওয়া হতো না, কিন্তু বর্তমান সৃজনশীল প্রশ্নপত্র পদ্ধতিতে উত্তরের প্রতিটি সঠিক ধাপের জন্য নম্বর পাবে।
‘গ’ অংশ: এ ক্ষেত্রেও উত্তরে কমপক্ষে চারটি ধাপ থাকবে। উত্তরের প্রতিটি সঠিক ধাপের জন্য তোমার নম্বর পাওয়ার সুযোগ আছে।

রতন কান্তি মণ্ডল
মাস্টার ট্রেইনার, সহকারী শিক্ষক
উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়, ঢাকা