কেশর ষষ্ঠ শ্রেণির ছাত্র। তোমাদের মতো সে–ও বড় হয়ে গণিতবিদ হতে চায়। তো চলো, তার একটা মজার ঘটনা দিয়ে শুরু করি আজকের পর্ব। জানুয়ারি মাসে নতুন বই পেয়েই সে প্রথমে গণিত বই খুলল। বই খুলে সে দেখতে পেল নানা অজানা বিষয়, যার মধ্যে একটি হলো সম্পাদ্য। প্রথমে সম্পাদ্য দেখে অজানা বিষয় মনে হলেও পরে সে বুঝতে পারল, সবগুলোই সে পারে, কিন্তু একটা খটকা রয়ে গেল তার। খটকা দূর করতে সে সকালদার কাছে গিয়ে প্রশ্ন করল, ‘বইয়ে এক পদ্ধতিতে সমাধান করা আছে। এখন যদি সে নিজের পদ্ধতিতে সমাধান করে, তবে কি সেটা গ্রহণযোগ্য হবে?’ তো সকালদা গণিতপ্রেমী মানুষ, তিনি সঙ্গে সঙ্গে বললেন, ‘কেন হবে না? অবশ্যই হবে।’ কিন্তু সকালদার তো জানা ছিল না যে কেশর প্রমাণ বা আঁকাআঁকি বাদ দিয়ে চাঁদা আর স্কেল দিয়ে দৈর্ঘ্য আর কোণের মান বের করে বসে থাকবে। তো তারপর থেকে কেশর ঘরে গিয়ে চাঁদা দিয়ে লম্ব আঁকা থেকে শুরু করে কোণকে দুই টুকরা করে ফেলা ইত্যাদি যাবতীয় সম্পাদ্য করে ফেলল। তার খুশি দেখে কে। ঝামেলা বাধল এরপরই কিছুদিনের মধ্যে কেশরের গণিত শিক্ষক এসে জ্যামিতি পড়াতে শুরু করলে। কেশর ব্যাপক আগ্রহ নিয়ে সেই নোটখাতাটি দেখিয়ে বলে এগুলো সে নিজে করেছে সহজ উপায়ে, কোনো বৃত্তচাপ আঁকা লাগেনি। স্যার নোটখাতাটির প্রতিটি পৃষ্ঠা দেখেন আর মাথা নাড়েন। এরপর পৃষ্ঠাগুলো কেটে দিয়ে বলেন, ‘এগুলো করলে স্কুলের পরীক্ষায় কিন্তু মার্ক পাবে না।’ অবাক হয়ে কেশর প্রশ্ন করে, ‘স্যার, ঠিক হলেও মার্ক দেবে না কেন?’
স্যার রেগে গিয়ে বলে ওঠেন, ‘আরে, সেইটা আমি কী জানি, ইউক্লিডকে জিজ্ঞেস করো কেন চাঁদা দিয়ে আঁকেনি।’ তো কেশরের এই অবহেলিত ‘কেন’–এর জবাব নিয়েই আমাদের আজকের পর্ব।
মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে যারা সম্পাদ্য মুখস্থ করে তাদের কথা বাদই দিলাম, যারা সম্পাদ্য বোঝার চেষ্টা করে কূলকিনারা পাওনি বরং বিরক্ত হয়েছ, তাদের কথা মাথায় রেখেই এই গল্পে গল্পে প্রশ্নবাণ লেখার শুরু হলো। এই কেন প্রশ্নগুলোর উত্তর পাওয়ার পর আমি মনে করি, সম্পাদ্য সবার কাছেই একটি মজার বিষয় হয়ে উঠবে। তো চলো, শুরু করা যাক।
আমাদের মাধ্যমিক গণিতের জ্যামিতির ভিত্তি ইউক্লিডীয় জ্যামিতি। জ্যামিতির জনক হলেন ইউক্লিড। ইউক্লিড জ্যামিতির ব্যাপারে সব বিধিনিষেধ, আইনকানুন লিখে গেছেন তাঁর এলিমেন্টস গ্রন্থের ১৩টি খণ্ডে। ইউক্লিড স্কেল ও কম্পাসকে জ্যামিতিচর্চার বৈধ যন্ত্রপাতি বলে মনে করতেন। এ জন্য তিনি এলিমেন্টস গ্রন্থের সব সম্পাদ্য শুধু স্কেল (দাগ কাটা থাকলেও দৈর্ঘ্য পরিমাপে ব্যবহার করা যাবে না এ ক্ষেত্রে) ও কম্পাস ব্যবহার করেছেন। আগেই বলেছি যে আমাদের মাধ্যমিক গণিত বইগুলোর প্রায় সব সম্পাদ্য ও উপপাদ্য ইউক্লিডের এলিমেন্টস থেকে নেওয়া। তাই যখন এই সম্পাদ্যগুলো আমরা চাঁদা বা অন্য যন্ত্রপাতির ব্যবহারে নিজের মতো করে করি, তখন তা গ্রহণযোগ্য হয় না। তো বুঝলে তো বন্ধুরা, আমরা কেন সম্পাদ্য আঁকি। যদি সব যন্ত্রপাতি সম্পাদ্য আঁকার জন্য ব্যবহার করা যেত, তাহলে সম্পাদ্য আঁকার কোনো প্রয়োজনই থাকত না। এ ছাড়া আরও দুটি ব্যাপার আছে, ইউক্লিডের সময় ডিগ্রি, রেডিয়ান এগুলো কোনো কোনো অঞ্চলে প্রচলিত ছিল, সবখানে নয়। তাই চাঁদার ব্যবহারও বহুল প্রচলিত ছিল না ইউক্লিডের এলাকায়। আর চাঁদা কিংবা স্কেল দিয়ে মেপে অর্ধেক করলেই যে তুমি একেবারে সঠিকভাবে বাহু বা কোণকে দুই টুকরা করতে পারবে, সেটা কিন্তু নয়। এখানে ভুল থেকে যাওয়ার সম্ভাবনা থাকে কোণ পরিমাপের ক্ষেত্রে যান্ত্রিক ও পর্যবেক্ষণজনিত ত্রুটির কারণে। এ জন্য আমরা একটা কোণকে সমদ্বিখণ্ডিত করতে এত কাহিনি করে বৃত্তচাপ আঁকি। কিন্তু ইউক্লিডের এলিমেন্টস গ্রন্থের সম্পাদ্য ছাড়াও আমাদের বইয়ে যে আরও সম্পাদ্য রয়েছে, যেখানে চাঁদা দিয়ে কোণ আঁকা বা মাপার আইন রয়েছে! আসলে ওগুলো চাঁদার ব্যবহার শেখানোর জন্য দেওয়া হয়। আর যেসব সম্পাদ্যে চাঁদা ব্যবহার করা হয় না, তাহলে বুঝতে হবে সেগুলোর উৎস এলিমেন্টস, আর এ জন্যই হয়তো সেখানে চাঁদা ব্যবহার করা হয়নি।
আজ আর নয়। দেখা হবে, প্রশ্নবাণের নতুন কোনো পর্বে।