খুদে গণিতবিদ ও গণিতপ্রেমীরা, আজকে আমি কথা বলব জ্যামিতির ম্যানুয়াল অর্থাৎ ইউক্লিডের এলিমেন্টস সম্পর্কে। কোনো কিছুর স্রষ্টা জিনিসটা কেমন আর কীভাবে কাজ করে, এসব জানানোর জন্য একটা ম্যানুয়াল বই তৈরি করেন। তেমনি জ্যামিতির জনক ইউক্লিড জ্যামিতির ম্যানুয়াল বই এলিমেন্টস লেখেন, যা ১৩টি খণ্ডে বিভক্ত। ইউক্লিড খ্রিস্টপূর্ব ৩০০ অব্দে আলেকজান্দ্রিয়াতে বাস করতেন।
কী আছে ইউক্লিডের এলিমেন্টসে?
>> ইউক্লিড এলিমেন্টসে তার পূর্বসূরিদের সবার অবদান সংগ্রহ করেছিলেন। তিনি ইউডোক্সাসের অনেক উপপাদ্য সংগ্রহ করেছিলেন, থিয়েটিটাসের অনেক উপপাদ্যের তিনি সম্পূর্ণতা দান করেন এবং তাঁর পূর্বসূরিরা যেগুলো ঠিকমতো প্রমাণ করে যেতে পারেননি, সেগুলো তিনি দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করিয়েছেন এই এলিমেন্টস গ্রন্থে। এই গ্রন্থের প্রথম খণ্ডে রয়েছে জ্যামিতির পাঁচটি মৌলিক স্বীকার্য, যাদের জ্যামিতির ভিত্তি বলা হয়ে থাকে। এলিমেন্টস গ্রন্থে ইউক্লিড প্রতিটি প্রতিজ্ঞা শেষে লাতিন শব্দ Q.E.D (Quod Erat demonstrandum) লিখতেন, যার বাংলা অর্থ ‘আমার প্রতিপাদ্যের প্রমাণ এই’।
ইউক্লিডের এলিমেন্টস পড়ে লাভ কী?
>> এর উত্তর আমার দেওয়ার দরকার নেই, কারণ খ্রিস্টপূর্ব ৩০০ অব্দেই ইউক্লিড এর উত্তর তাঁর এক শিষ্যকে দিয়ে গেছেন। একদিন ইউক্লিডের এক শিষ্য ইউক্লিডকে জিজ্ঞেস করেন, ‘এলিমেন্টস পড়ে তাঁর লাভটা কী?’ উত্তরে ইউক্লিড তখনই তাঁর এক দাসকে ডেকে বলেন, ‘একে তিন অবল (প্রাচীন গ্রীসের মুদ্রা) দান করো। কারণ, এ যাই শেখে তার দ্বারা শুধু লাভ করতে চায়।’
চলো, আরেকটি ঘটনা জানা যাক। একবার রাজা প্রথম টলেমি ইউক্লিডকে জিজ্ঞেস করেছিলেন, ‘এলিমেন্টস ছাড়া জ্যামিতি শেখার সহজ কোনো পথ আছে কি?’
তখন ইউক্লিড তাঁর সেই বিখ্যাত উক্তিটি করেন, ‘একটি দুরূহ গাণিতিক সমস্যাকে নিয়ে সংগ্রাম করা ছাড়া, জ্যামিতি শেখার কোনো রাজকীয় পথ নেই।’
ইউক্লিডের এলিমেন্টস পড়ার গুরুত্ব কতটা?
>> পূর্বে গ্রিক দার্শনিকেরা তাঁদের স্কুলের প্রবেশদ্বারে বিজ্ঞপ্তি টানিয়ে রাখতেন, ‘ইউক্লিডের এলিমেন্টস যে শেখেনি, সে যেন আমাদের স্কুলে প্রবেশ না করে।’
এলিমেন্টস সারা বিশ্বে ছড়িয়ে পড়ার পর প্লেটোর একাডেমি থেকে সব বিদ্যায়তনের দরজায় এই কথাগুলো লেখা হতে লাগল।
ইউক্লিডের এলিমেন্টসের ব্যাপারে স্যার আলবার্ট আইনস্টাইন বলেছেন, ‘যৌবনে যে ব্যক্তি ইউক্লিডের এলিমেন্টস অধ্যয়ন করেনি, তার জন্ম তত্ত্বচর্চার জন্য হয়নি।’
আর ইউক্লিডের এলিমেন্টস পড়ে স্যার আইজ্যাক নিউটন এতটাই অনুপ্রাণিত হয়েছিলেন যে গ্রন্থটি পড়ার কিছুদিনের মধ্যেই তিনি গণিতের একটি নতুন শাখা ক্যালকুলাস আবিষ্কার করেন।
দেখতেই পাচ্ছ, ইউক্লিডের এলিমেন্টস কতটা গুরুত্বপূর্ণ। যদি জ্যামিতিতে দক্ষ হতে চাও, তাহলে ইউক্লিডের এলিমেন্টস অধ্যয়ন করো।
আজ আর নয়, সবাইকে জানাই গাণিতিক শুভেচ্ছা।