গণিত ইশকুল | মন্টি হল প্যারাডক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিঃ প্রতিকী প্যারাডক্স

সম্ভাব্যতার সঙ্গে পরিচিত মানুষের কাছে বেশ পরিচিত নাম ‘মন্টি হল প্যারাডক্স’। তা–ও যারা জানো না, তাদের জন্য আরেকবার এই সমস্যার ইতিহাস জেনে নেওয়া যাক। মন্টি হল ছিলেন ‘লেটস মেক আ ডিল’ নামের একটি আমেরিকান গেম শোর হোস্ট। আর এই গেম শো থেকে অনুপ্রাণিত কিছু পরিসংখ্যানবিদের হাত ধরেই এই বিখ্যাত প্যারাডক্সের উদ্ভব। তাই মন্টি হলের নামেই এই সমস্যার নামকরণ করা হয়। তো চলো দেখে নিই সমস্যাটি।

এই গেম শোতে তোমাকে তিনটি দরজার মধ্য থেকে যেকোনো একটি দরজা বেছে নিতে হবে। আর এই তিনটি দরজার মধ্যে একটির পেছনে আছে গাড়ি, বাকি দুটির পেছনে আছে একটি করে ছাগল। প্রথমে তুমি যেকোনো একটি দরজা বেছে নিলে, ধরো ১ নম্বর। এখন, মন্টি হল ৩ নম্বর দরজা খুলে তোমাকে দেখিয়ে দিল একটি ছাগল। তারপর জিজ্ঞেস করল, তুমি কি এখন মত বদলে পাল্টে ১ নম্বর দরজা থেকে ২ নম্বর দরজায় যেতে চাও? কী করবে তুমি?

চিন্তাভাবনা শুরু করার আগে একটা দরকারি জিনিস জেনে নাও। তুমি না জানলেও মন্টি হল কিন্তু ঠিকই জানে কোন দরজার পিছনে কী আছে।

আমরা এখন সম্ভাব্যতার সূত্র দিয়ে চিন্তা করতে পারি যে আসলে আমাদের কী করা উচিত? তবে তার আগে একটু দেখি, বেশির ভাগ মানুষ আসলে কী মতামত দেয় এ ব্যাপারে। ১৯৯৫ সালের এক জরিপে ২২৮ জনের মধ্যে ৮৭% মানুষ বলে, ১ আর ২ নম্বর দরজার পেছনে গাড়ি থাকার সম্ভাবনা আসলে সমান সমান। সুতরাং সিদ্ধান্ত পাল্টানোর আসলে কোনো কারণ নেই। আমি ১–এ আছি, ১-এই থাকি। একই রকম কথা শুরুর দিকে অনেক গণিতবিদও বলেছেন বলে জানা যায়। সোজাসাপটা চিন্তা করলে এই কথাই আসলে সত্যি মনে হয়। দুটি দরজা, তার একটার পেছনে ছাগল আরেকটার পেছনে গাড়ি, সুতরাং ফিফটি-ফিফটি সুযোগ ছাড়া আর কিবা হতে পারে? তাহলে কেন আসলে এখানে অন্য কিছু চিন্তা করতে হবে?

আসল কারণ হচ্ছে, আমরা তথ্য পেয়েছি দুই ভাগে।

প্রথমে যখন জেনেছি যে তিনটা দরজা, একটা গাড়ি। আমরা জানি, তিনটা দরজার পিছনেই গাড়ি থাকার সম্ভাবনা ১/৩ (সম্ভাব্যতার ভাষায় এই প্রাথমিক জ্ঞানকে বলে prior)।

অর্থাৎ Pr(car in 1) = Pr(car in 2)= Pr(car in 3) = 1/3

কিন্তু যখন ৩ নম্বর দরজার পেছনে ছাগল দেখে ফেললাম, তখন কিন্তু আমাদের হাতে অতিরিক্ত তথ্য আছে। অর্থাৎ এখন আমাদের আসলে শুধু Pr(car in 1) দেখলেই চলবে না, আমাদের দেখতে হবে Pr(car in 1 | goat shown in 3), অর্থাৎ তিন নম্বর দরজার পেছনে ছাগল দেখিয়ে দিলে এখন ১ আর ২ নম্বর দরজার পেছনে গাড়ি থাকার সম্ভাবনা কত? (এই যে নতুন তথ্যের আলোকে আমরা সম্ভাব্যতা নতুন করে মাপব, এই নতুন সম্ভাব্যতাকে বলে posterior)

এবারে আসলে একটা অনুমান করতে হবে যে মন্টি সব সময়ই একটা ছাগল দেখাবে এবং সে সেটা দেখিয়েছে ৩ নম্বর দরজার পেছনে। এইটা ধরে নিয়ে চিন্তা করি। আসলে গাড়ি যদি থাকে ১ নম্বর দরজার পিছনে, যেটা তুমি বেছে নিয়েছ, তাহলে মন্টি আসলে ২ বা ৩ যেটা ইচ্ছা খুলে দেখাতে পারবে। তার মানে, গাড়ি ১ নম্বর দরজার পেছনে থাকা আর ৩ নম্বর দরজা খুলে দেওয়ার সম্ভাব্যতা = ১/৩ × ১/২ = ১/৬।

কিন্তু গাড়ি যদি থাকে ২ নম্বর দরজার পেছনে, তাহলে তো সে নিশ্চয়ই ২ নম্বর খুলে দেখাবে না। তখন অবশ্যই ৩ নম্বর খুলবে।

সুতরাং, গাড়ি ২ নম্বর দরজার পেছনে থাকা আর ৩ নম্বর দরজা খুলে দেওয়ার সম্ভাব্যতা = ১/৩ × ১ = ১/৩

তাহলে, যদি তুমি ১ বেছে থাকো, আর ৩ খুলে ছাগল দেখানো হয়, সে ক্ষেত্রে গাড়ি ২ নম্বর দরজার পেছনে থাকার সম্ভাব্যতা পুরো দ্বিগুণ ১ নম্বর দরজার থেকে। অর্থাৎ দ্বিগুণ সুযোগ, সিদ্ধান্ত পাল্টে ২ নম্বর দরজায় চলে গেলে গাড়ি পেয়ে যাওয়ার। এই সমাধান অবশ্যই বেশির ভাগ লোকের চিন্তা থেকে ভিন্ন। কেউ চাইলে Bayes’ theorem ব্যবহার করে দেখতে পারো, এ ক্ষেত্রে কী ফলাফল আসে!

তাহলে বুঝতে পারলে কেন মন্টি হল সমস্যাকে প্যারাডক্স বলা হয়?

কারণ ইনটিউশন বা সোজাসাপটা চিন্তায় যেটাকে সঠিক সমাধান মনে হয়, আসলে সমাধান একটু ভিন্ন। তবে সঠিক সমাধানটা যে কী, তা নিয়ে এত দিনে আর কারও কোনো সন্দেহ নেই।