গণিত শেখাে, স্বপ্ন দেখো: খুলনা, নড়াইল, ঝিনাইদহ, রাজশাহী ও পাবনার আঞ্চলিক উৎসব নিয়ে বিশেষ আয়োজন
গণিত দিয়ে শীত জয়!

গণিত উৎসব যে শুধু গণিতের ভয়কে জয় করতে সক্ষম হয়েছে তা নয়, গণিতের কাছে হার মেনেছে শীতও। হাড়কাঁপানো সকালের শীতে কুয়াশার চাদরে ঢাকা ভেন্যুগুলোতে খুদে গণিতবিদের সরব প্রাণোচ্ছ্বল উপস্থিতি শীতের স্থবিরতাকে যেন জয় করে জানান দিচ্ছিল উষ্ণতার নতুন অর্থ।
১৯, ২০ ও ২১ ডিসেম্বর বাংলাদেশের মোট ১১টি অঞ্চলে গণিত উৎসব অনুষ্ঠিত হয়। তার মধ্যে রাজশাহী, খুলনা, পাবনা, নড়াইল ও ঝিনাইদহ এই পাঁচটির কথা আপাতত বলব। এই পাঁচটি আঞ্চলিক গণিত উৎসবে ১৪টি জেলার শিক্ষার্থীরা অংশ নেয়।
মাথায় কত প্রশ্ন আসে
গণিত উৎসবের সবচেয়ে আকর্ষণীয় পর্ব কোনটি, এই প্রশ্নটি করা হলে অধিকাংশ শিক্ষার্থীই কিন্তু অলিম্পিয়াডের পরীক্ষা পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা পুরস্কার বিতরণীর কথা বলে না; বরং বলে প্রশ্নোত্তর পর্বের কথা। এই পর্বে শিক্ষার্থীরাই বনে যায় প্রশ্নকর্তা আর মঞ্চে উপবিষ্ট শিক্ষকেরা ‘তটস্থ’ হয়ে থাকেন খুদে গণিতবিদদের ‘কঠিন কঠিন’ সব প্রশ্নের সামনে। ভালো প্রশ্নের জন্য যে পুরস্কারও রয়েছে। শিক্ষার্থীদের প্রশ্ন কেবল গণিতেই সীমাবদ্ধ থাকে না, বিজ্ঞানের বিভিন্ন শাখা এমনকি দর্শনের ভুবনেও চলে প্রশ্নের আনাগোনা। চিকিৎসাবিজ্ঞানে গণিত কী কাজে লাগে? শূন্যের ফ্যাক্টরিয়াল কেন এক হয়? বেলুন ফোলালে এর আয়তন বাড়ে, তাহলে বয়েলের সূত্র কি ভুল? পৃথিবী ছাড়া মহাবিশ্বের অন্য কোথাও প্রাণের উদ্ভব ঘটলে সেখানেও কি পৃথিবীর মতো জৈববিবর্তনের নিয়মগুলো প্রযোজ্য হবে? প্রশ্ন ফাঁস থেকে পরিত্রাণ পাওয়া যাবে কী করে? এমন অসংখ্য প্রশ্নে মুখরিত হয়ে থাকে গণিত উৎসব। অন্যান্য বারের মতো এবারও এত বেশি প্রশ্ন এসেছে শিক্ষার্থীদের কাছ থেকে যে সব প্রশ্নের উত্তর দেওয়ার সময় পাওয়া যায়নি!
তিন ‘ম’–কে ‘না’ বলা, রুবিকস কিউব এবং অন্যান্য
মাদক, মিথ্যা আর মুখস্থ¦—এই তিন ‘ম’কে ‘না’ বলার শপথ বরাবরের মতো এবারও নতুন করে মনে করিয়ে দেওয়া হয় শিক্ষার্থীদের। তারপর সঞ্চালক যখন বলেন, ‘এবার হাত ওঠাও কে কে দেখাদেখি করেছ? একটু আগেই কিন্তু মিথ্যাকে না বলেছ’, তখন কিছু হাত ঠিকই ওঠে! আর উৎসবস্থল মেতে ওঠে করতালি আর হাসির শব্দে। সঙ্গে অঙ্গীকার করে পরের বার এমন সময় হাতের সংখ্যা কমানোর। এ ছাড়া ছিল রুবিকস কিউব প্রতিযোগিতা। উল্লিখিত অঞ্চলগুলোর মধ্যে খুলনা অঞ্চলে এবার সর্বনিম্ন সময়ে রুবিকস কিউব মিলেছে, মাত্র ২২ সেকেন্ডে! ঝিনাইদহ অঞ্চলের বন্ধুসভার ব্যতিক্রমী পরিবেশনা ছিল প্রশ্নফাঁস ও কোচিং–বাণিজ্য নিয়ে ব্যঙ্গাত্মক নাটিকা। নড়াইেল ভাষাসংগ্রামী রিজিয়া খাতুন কর্তৃক বাংলাদেশ গণিত অলিম্পিয়ারে পতাকা উত্তোলন। সুচিত্রা সেনের জেলায় তাড়াতাড়ি শেষ হয়েছে উৎসব। পাকিস্তানে শিশুদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী উৎসব থমকে ছিল এক মিনিট।
গণিতের ধ্বনিতেই বাজে ওই মুক্তির জয়গান
গণিত উৎসবের গান ‘মন মেলে শোন, শুনতে পাবি বিজয়ের আহ্বান, গণিতের...’ দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রশ্নোত্তর পর্ব। যখন মঞ্চে চলে অনুষ্ঠান তখন মঞ্চের পেছনে নিভৃতে কিন্তু দক্ষতার সঙ্গে চলে উত্তরপত্র মূল্যায়ন ও ফলাফল প্রণয়ন। ফলাফল ঘোষণা করার আগে ‘আমরা করব জয়...’ গানটির মাধ্যমে শিক্ষার্থীদের এই মর্মে উদ্দীপ্ত করা হয় যে এই পরীক্ষার ফলাফল যা–ই হোক, শুধু নিজের মনের আনন্দে কিংবা ভালো চাকরি পাওয়ার জন্য নয়, দেশ–জাতি–সমাজ ও সর্বোপরি সমগ্র মানবজাতির কল্যাণের স্বার্থেই সমস্ত ভয় কাটিয়ে উঠে গণিত ও যৌক্তিক মননের চর্চা করা জরুরি।