সৃজনশীল প্রশ্ন
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, তোমরা প্রথমবারের মতো গণিত বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে পরীক্ষায় অংশ নেবে। অনেক শিক্ষার্থী গণিত বিষয়টিকে ভয় করে। কেউ কেউ অঙ্ক বুঝতে না পেরে তা মুখস্থ করে আরও বিপদে পড়ে।
গণিতের ভয় দূর করতে ২০১৪ সালের জেএসসি পরীক্ষায় গণিত বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতি প্রবর্তন হয়েছে।
গণিতে সৃজনশীল প্রশ্নপদ্ধতি প্রবর্তনের সুফল পাবে শিক্ষার্থীরা। এ বিষয়ে নম্বর প্রাপ্তিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে একটা বড় ধরনের অবিচারের শিকার হয়ে আসছে। কোনো শিক্ষার্থী গণিতের কোনো একটি অঙ্ক কষতে গিয়ে এর সব কটি ধাপ ঠিকমতো সম্পন্ন করে শেষে উত্তরটা লিখতে গিয়ে কোনো সংখ্যা ভুল করলে কিংবা চিহ্ন দিতে গিয়ে ভুল করলে আগের নিয়মানুযায়ী ওই অঙ্কে সে শূন্য পেতো। কিন্তু সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে শিক্ষার্থী পূর্ণ নম্বরের বদলে ক্ষেত্রবিশেষে আংশিক নম্বর পাবে। উদাহরণ হিসেবে অষ্টম শ্রেণির গণিত বিষয়ের একটি আগের নিয়মে প্রশ্ন এবং একটি সৃজনশীল প্রশ্ন নিচে সংযুক্ত করে আলোচনা করা হলো।
অষ্টম শ্রেণি (পাটিগণিত, তৃতীয় অধ্যায়)
আগের নিয়মে প্রশ্ন:
একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের ২ গুণ। প্রতি বর্গমিটার ৪ টাকা হিসাবে ঘাস লাগাতে সর্বমোট ২১,৬৩২ টাকা খরচ হয়। প্রতি বর্গমিটারে ৩ টাকা হিসাবে ওই বাগানের চারদিকে বেড়া দিতে মোট ২৮০৮ টাকা খরচ হলে বেড়ার উচ্চতা কত?
সৃজনশীল প্রশ্ন:
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের ২ গুণ। প্রতি বর্গমিটার ৪ টাকা হিসাবে ঘাস লাগাতে ২১,৬৩২ টাকা খরচ হয়। প্রতি বর্গমিটারে ৩ টাকা হিসাবে ওই বাগানের চারদিকে বেড়া দিতে মোট ২৮০৮ টাকা খরচ হয়।
ক. আয়তাকার বাগানটির ক্ষেত্রফল বের করো। ২
খ. আয়তাকার বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। ৪
গ. বাগানটির চারদিকের বেড়ার উচ্চতা নির্ণয় করো। ৪
আগের প্রশ্নটি লক্ষ করে বলা যায়, এ প্রশ্নের উত্তর লিখতে গিয়ে শিক্ষার্থী আয়তকার বাগানটির ক্ষেত্রফল বের করা থেকে শুরু করে এর দৈর্ঘ্য ও প্রশ্ন হিসাব করে পরিসীমা নির্ণয় করতে সর্বশেষ বাগানটির চারদিকে পরিবেষ্টিত বেড়ার উচ্চতা বের করবে। এখন যদি কোনো শিক্ষার্থী সব কটি ধাপ সঠিকভাবে করার পর বেড়ার উচ্চতা নির্ণয়ের হিসাব-নিকাশ ভুল করে, তবে সে শূন্য পাবে।
এবার সৃজনশীল প্রশ্নটির দিকে দৃষ্টি দিলে দেখবে, প্রশ্নটি আসলে সনাতন প্রশ্নটিকে কতগুলো পর্যায়ক্রমিক ধাপে বিন্যস্ত করে একটি সমন্বিত রূপ দিয়ে উপস্থাপন করা হয়েছে। তাতে ক অংশে আয়তাকার বাগানটির ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। এর উত্তরে শিক্ষার্থীরা আয়তাকার বাগানের প্রস্থ x ধরে নিয়ে প্রথমে দৈর্ঘ্য বের করবে।
উত্তর- ক: যদি প্রস্থ = x হয়
তাহলে প্রশ্নানুসারে দৈর্ঘ্য = x.২
= ২x
অবশেষে দৈর্ঘ্য ও প্রস্থ গুণ করে বাগানটির ক্ষেত্রফল বের করবে। যেমন: আয়তাকার বাগানের ক্ষেত্রফল = দৈর্ঘ্যপ্রস্থ
= ২x.x
= ২x2
(জেনে রাখো: এরূপ অঙ্ক কষে দেখাতে পারলে শিক্ষার্থী পূর্ণ নম্বর, অর্থাত্ ২ পাবে। আর যদি আয়তাকার বাগানের ক্ষেত্রফলের সূত্র লিখে তাতে বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের মান সঠিকভাবে বসাতে পারে, কিন্তু ক্ষেত্রফল হিসাব করতে ভুল করে, তাহলে শিক্ষার্থী আংশিক নম্বর ১ পাবে; কোনোভাবেই শূন্য পাবে না।)
উত্তর-খ: এ অংশে আয়তাকার বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থের মান নির্ণয় করতে বলা হয়েছে। এর উত্তরে শিক্ষার্থী ক অংশে প্রাপ্ত ক্ষেত্রফলের মান ব্যবহার করে সামনে অগ্রসর হবে। যেমন:
প্রশ্নানুসারে, প্রতি বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হয় ৪ টাকা
২x2 বর্গমিটারে ঘাস লাগাতে খরচ হয় ৪.২x2
= ৮x2
প্রশ্নানুসারে ৮x2 = ২১,৬৩২
বা x2 = ২১,৬৩২/৮
প্রস্থ বা x = ৫২ মিটার
দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ
দৈর্ঘ্য = ৫২.২ = ১০৪ মিটার।
(জেনে রাখো: খ অংশের এরূপ উত্তর লিখতে পারলে শিক্ষার্থী পূর্ণ নম্বর ৪ পাবে।
আর যদি শিক্ষার্থী শুধু আয়তাকার বাগানটির প্রস্থের (x) মান বের করল কিন্তু দৈর্ঘ্যের মান নির্ণয় করতে ভুল করল তাহলেও আংশিক নম্বর পাবে। কোনোভাবেই শূন্য পাবে না।)
উত্তর-গ: এ অংশে বাগানটির চারদিকের বেড়ার উচ্চতা নির্ণয় করতে বলা হয়েছে। এর উত্তরে শিক্ষার্থী প্রথমে বেড়ার দৈর্ঘ্য বা আয়তাকার বাগানটির পরিসীমা বের করবে। যেমন:
পরিসীমা = (দৈর্ঘ্য + প্রস্থ) ২
= (২x + x)২
= ৪x + ২x
= ৬x
এবার বাগানটির চারদিকের বেড়ার ক্ষেত্রফল বের করতে হবে। যেমন:
যদি বেড়ার উচ্চতা = H হয়
তাহলে বেড়ার ক্ষেত্রফল = ৬x.H = ৬.৫২H [যখন x বা প্রস্থ = ৫২]
= ৩১২H
প্রশ্নানুসারে ৩১২H = ২৮০৮/৩
বা ৩১২H = ৯৩৬
H = ৩
উত্তর: বেড়ার উচ্চতা ৩ মিটার
(জেনে রাখো: বাগানটির পরিসীমার মান বের করে ওই মানের সাহায্যে বেড়ার উচ্চতা নির্ণয়ের উল্লিখিত উত্তরের জন্য শিক্ষার্থী পূর্ণ নম্বর ৪ পাবে। আর যদি বেড়ার ক্ষেত্রফলের সূত্র লিখে তাতে সঠিকভাবে মান বসাতে পারে, কিন্তু পরবর্তী সময়ে গাণিতিক হিসাবে ভুল করার কারণে H-এর সঠিক মান বের করতে না পারে, তাহলে শিক্ষার্থী আংশিক নম্বর পাবে; কোনোভাবেই শূন্য পাবে না।)
গণিতের আগের নিয়মে প্রশ্ন এবং এবং সৃজনশীল প্রশ্নের নমুনা, সৃজনশীল প্রশ্নের নমুনা উত্তর ও নম্বর প্রদান নির্দেশনার আলোকে বলা যায়:
গণিত আগের নিয়মে প্রশ্নের আংশিক সঠিক উত্তরেও শূন্য নম্বর দেওয়া হয়। গণিত সৃজনশীল প্রশ্নের আংশিক সঠিক উত্তরের জন্য আংশিক নম্বর পাওয়া যায়।
গণিত আগের নিয়মে প্রশ্নের বিবরণ থেকে অঙ্কটি কষার জন্য কীভাবে শুরু করে সামনে অগ্রসর হবে, এর কোনো ইঙ্গিত থাকে না। অথচ সৃজনশীল প্রশ্ন তিনটি পর্যায়ক্রমিক অংশে/ধাপে (ক, খ ও গ) বিভক্ত থাকায় শিক্ষার্থী শুরুটা কোথায় থেকে কবে সামনে অগ্রসর হবে, তা সহজে অনুমান করতে পারে।
আগের নিয়মে গণিত প্রশ্নটি শুরুতেই পাথরের মতো শিক্ষার্থীর মস্তিষ্কে চেপে বসতো। অথচ গণিত সৃজনশীল প্রশ্ন সহজ থেকে ধাপে ধাপে মধ্যম ও কঠিন (চিন্তন দক্ষতার) স্তরে বিন্যস্ত থাকায় শিক্ষার্থী আত্মবিশ্বাস নিয়ে কঠিন স্তরের অঙ্ক করতে সমর্থ হয়।
কম মেধাবী শিক্ষার্থীরা গণিত সৃজনশীল প্রশ্নের পুরো প্রশ্নটি না পারলেও অংশবিশেষের (ক বা খ) উত্তর লিখে পরীক্ষা পাশের সুযোগ পেতে পারে।
কন্ট্রোলার অব পাবলিকেশন্স
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড
সাবেক শিক্ষাক্রম বিশেষজ্ঞ, এনসিটিবি