
হরতাল-অবরোধের মধ্যেই কক্সবাজার আঞ্চলিক পর্বে অংশ নিতে প্রায় ১০০ কিলোমিটার দূর থেকে এসেছিল পঞ্চম শ্রেণির জান্নাতুন ফাতেমা। সাগর পাড়ি দিয়ে মহেশখালী থেকে এসেছে অনুপ আদিত্য। বিয়াস বিনতে কামাল এসেছে পাহাড় ডিঙিয়ে। সঙ্গে হরতাল-অবরোধ তো ছিলই। এ যেন সাগর-নদী-পাহাড় পাড়ি দিয়ে প্রাণের উৎসবে হাজির হওয়া।
কোনো কিছুই বাধা হতে পারেনি রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর ও কক্সবাজার অঞ্চলের শিক্ষার্থীদের। কক্সবাজারের উৎসব ছিল এবারের শেষ আঞ্চলিক পর্ব। এরপর শুরু হয়ে গেছে জাতীয় উৎসবের কাউন্টডাউন।
সবকিছু বেশি বেশি
এবারের ছিল গণিত অলিম্পিয়াডের ত্রয়োদশ আয়োজন। আগের যেকোনো বারের চেয়ে এবার ছিল বেশিসংখ্যক আয়োজন, বেশি বেশি উপস্থিতি।
কিছুদিন আগে শুধুই শিক্ষার্থীরা ছিল গণিত উৎসবের বিষয়ে আগ্রহী। কিন্তু সে চিত্র পাল্টে গেছে। এখন শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবক, শিক্ষকেরাও সমান উৎসাহী। তাই উৎসবের দিন সকালবেলা শিক্ষার্থীদের নিয়ে হাজির হন অভিভাবকেরা। সারা দিন নিজেরাও উপভোগ করেন নানা আয়োজন।
যে পরীক্ষা দিতেই আনন্দ
অনেকে ভাবেন শিক্ষার্থীদের জন্য কষ্টকর অভিজ্ঞতার একটি হলো পরীক্ষা। কিন্তু গণিত উৎসবে পরীক্ষা দিতেই আনন্দ। ১ ঘণ্টা ১৫ মিনিট পরীক্ষার নামে যা হয়, প্রচলিত পরীক্ষার সঙ্গে তা মেলানো যাবে না। সমাধান করতে হয় মোট ১০টি সমস্যা। একটি সমস্যার সমাধান করতে পারলেই শিক্ষার্থীদের চোখে-মুখে দেখা যায় আনন্দের ঝিলিক, ওই আনন্দের নেই তুলনা। এর অন্যতম কারণ এই সমস্যা সবার জন্য একেবারেই নতুন।
প্রশ্ন করে পুরস্কার
সাধারণত আমাদের শিক্ষার্থীদের বাসা–স্কুেল প্রশ্ন করতে উৎসাহিত কম করা হয়। আর গণিত উৎসব শুরু থেকেই শিক্ষার্থীদের প্রশ্ন করাকে উৎসাহিত করছে। এখন শিক্ষার্থীদের প্রশ্ন করতে কোনো ভয় হয় না। ভালো প্রশ্ন করলেই মেলে পুরস্কার। এ জন্যই বলা হয়, গণিত উৎসবে সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান প্রশ্নোত্তর পর্ব। যদিও শুরুর দিকে শিক্ষার্থীদের প্রশ্ন হতো খুবই সাধারণ। কিন্তু এখন একদিকে যেমন বেড়েছে প্রশ্নকারীর সংখ্যা, অন্যদিকে বেড়েছে প্রশ্নের মানও। কোনো কোনো উৎসবে কিছু প্রশ্নের উত্তর দেওয়া বেশ কঠিন হয়।
গণিতে নেই কোনো ভয়
একসময় আমাদের দেশে গণিতের প্রতি শিক্ষার্থীদের ভীতি কাজ করত। কিন্তু গণিত উৎসব শুরু হওয়ার পর থেকে আস্তে আস্তে শিক্ষার্থীদের সে ভয় কাটছে। এখন তারা গণিতকে ভালোবাসে। সব উৎসবে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে দেখা গেছে অনেকেরই সবচেয়ে প্রিয় বিষয় গণিত। সব ভেন্যুর মতোই রাঙামাটি, নোয়াখালী, চাঁদপুর ও কক্সবাজারের উৎসবগুলোয় মেয়েদের অংশগ্রহণ ছিল আগের তুলনায় বেশি।
এ যেন অন্য বাংলাদেশ
গণিত উৎসব শুধুই গণিত শেখার জায়গা নয়। এখানে শোনানো হয় বড় মানুষ হওয়া, ভালো মানুষ হওয়ার গল্প। দেওয়া হয় দেশকে ভালোবাসার দীক্ষা। নোয়াখালী উৎসবে একজন অভিভাবক বলছিলেন, ‘এখানে এলে আমার মন ভরে যায়। বাচ্চারা আনন্দ করছে, প্রশ্ন করছে, নতুন নতুন তথ্য জানছে। এ যেন অন্য বাংলাদেশ, আমাদের স্বপ্নের বাংলাদেশ।’
দেখা হবে জাতীয় উৎসবে
এই চারটি অঞ্চল থেকে মোট ১৯০ জনকে নির্বাচন করা হয় জাতীয় উৎসবের জন্য। অন্য সব অঞ্চলের শিক্ষার্থীদের সঙ্গে এরাও জাতীয় উৎসবে অংশ নেবে।
এবারের জাতীয় উৎসব হবে অন্যান্যবারের চেয়ে একটু ভিন্ন। শিক্ষার্থীদের জন্য থাকছে বিভিন্ন রকম খেলাধুলা, নানা রকম প্রতিযোগিতা। গ্রামীণ খেলা যেমন থাকছে, তেমনি থাকছে পাহাড়ে চড়ার প্রশিক্ষণের মতো অ্যাডভেঞ্চারও। থাকছে আরও অনেক অনেক চমক। দেখা হবে জাতীয় উৎসবে।