গণিতে প্রস্তুতির জন্য চাই বারবার অনুশীলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জন্য দেওয়া হলো কিছু গুরুত্বপূর্ণ নির্দেশাবলি।পরীক্ষা-পূর্ব কিছু দরকারি প্রস্তুতি:  গণিতে সর্বশেষ প্রস্তুতির জন্য চাই নির্ভুল রিভিশন। অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ সমস্যাগুলো (অঙ্ক) বিশেষ করে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নাবলি অবশ্যই পরিষ্কারভাবে বাছাই করে রিভিশন দেবে। যদি কোনো প্রশ্নের বা প্রশ্নাবলির সমস্যা সমাধান নিজে করতে না পার, তবে একটি খাতায় সমস্যাবলি লিপিবদ্ধ করে তোমার বিষয় শিক্ষকের মাধ্যমে সমাধান করে নেবে।  প্রশ্নপত্র পাওয়ার পর কোনোমতেই তাড়াহুড়া করা যাবে না। মনোযোগ সহকারে প্রশ্নপত্রের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। পরীক্ষার প্রশ্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে প্রশ্নগুলোর উত্তর শত ভাগ নির্ভুলভাবে দেওয়া সম্ভব সেগুলোই নির্বাচন করতে হবে। যেকোনো প্রশ্নের সমাধান করার আগে ভালো করে পড়ে বুঝতে হবে। তা না হলে সমাধান ভুল করার সম্ভাবনা থেকে যাবে। উদাহরণ: ধরা যাক A যেকোনো সেট। যদি P(A) নির্ণয় করতে বলা হয় তবে সমাধান যেভাবে হবে, যদি P(A) এর উপাদান নির্ণয় করতে বলা হয় তবে সমাধান সেভাবে হবে না। অনেক সময় প্রশ্নপত্রে সংখ্যা কিছুটা পরিবর্তন করে দেওয়া হয়। এতে অঙ্কটি অপরিচিত লাগতে পারে। সে ক্ষেত্রে একটু গভীরভাবে খেয়াল করলেই দেখা যাবে অঙ্কটি পরিচিত। প্রথমেই যেসব প্রশ্নের সমাধান সবচেয়ে সহজ লাগে সেগুলোর উত্তর দেবে। শুরুতে কোনো প্রশ্নের উত্তর ভুল কিংবা কাটাকাটি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যে প্রশ্নের উত্তর জটিল মনে হয়, সেগুলো শেষের দিকে করবে। যদি কোনো অঙ্ক করার সময় বোঝা যায় যে অঙ্কটি ভুল হয়ে যাচ্ছে, সে ক্ষেত্রে অন্তত দুবার চেষ্টার পরও ভুলের কারণ খুঁজে না পাওয়া গেলে অযথা সময় নষ্ট না করে পরবর্তী অঙ্কগুলো করবে এবং শেষের দিকে ওই অঙ্কটি আবার করার চেষ্টা করবে। যদি মনে হয় যে কোনো পরিচিত অঙ্ক সম্পূর্ণ করা হয়েছে কিন্তু শেষে নিশ্চিত জানা উত্তরটির সঙ্গে মিলছে না, সে ক্ষেত্রে ঠান্ডা মাথায় শুরু থেকে প্রতিটি ধাপ ধরে ধরে দেখলে অবশ্যই ভুল খুঁজে পাবে এবং সংশোধন করবে। বীজগণিত, ত্রিকোণমিতি ও পরিমিতি অংশে চিহ্নের (+, -, ), বন্ধনী এবং একক লেখায় ভুল হওয়ার প্রবণতা বেশিমাত্রায় দেখা যায়। তাই সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। প্রশ্নের সমাধানে প্রতিটি লাইন সমাধান করার সময় তার পূর্ববর্তী লাইনের দিকে দৃষ্টি রাখতে হবে, তাহলে ভুল হবে না। অঙ্ক করার সময় মাথা ঠান্ডা রেখে যথাসম্ভব দ্রুত উত্তর দিতে হবে যেন নির্দিষ্ট সময়ের মধ্যে সব প্রশ্নের উত্তর দেওয়া যায়। মনে রাখবে, শত ভাগ প্রশ্নের সমাধানের মাধ্যমেই A+ নিশ্চিত হবে। নির্দিষ্ট সময়ের আগে অর্থাৎ অন্তত ৫-১০ মিনিট আগে সব প্রশ্নের সমাধান করার চেষ্টা করতে হবে। যাতে ওই সময়টায় সব প্রশ্নের সমাধান সুন্দরভাবে রিভিশন দেওয়া যেতে পারে।গণিতে নম্বর কাটার নিয়মাবলি: উত্তরে একক না লিখলে বা ভুল লিখলে অথবা আসন্ন উত্তরে প্রায় বা আসন্ন না লিখলে ১ নম্বর কাটা যাবে। উত্তর নির্ভুল কিন্তু সমাধানের কোনো স্তরে ভুল থাকলে কোনো নম্বর দেওয়া যাবে না। সমাধানের স্তরগুলো নির্ভুল কিন্তু পৃথকভাবে লিখিত উত্তরে ভুল থাকলে ১ নম্বর কাটা যাবে। আলাদাভাবে উত্তর না লিখলেও কোনো নম্বর কাটা যাবে না। যথাস্থানে ‘সমান চিহ্ন (=) , ‘বা’ ‘অথবা’ না থাকলে বা ভুল লিখলে ১ নম্বর কাটা যাবে। জ্যামিতিতে চিত্র ছাড়া বা ভুল চিত্রের সাহায্যে বর্ণনা বা প্রমাণ লিখলে অথবা বর্ণনা বা প্রমাণের সঙ্গে চিত্রের কোনো মিল না থাকলে কোনো নম্বর দেওয়া যাবে না। যেকোনো যুক্তিসংগত জ্যামিতিক প্রমাণ গ্রহণযোগ্য হবে এবং পূর্ণ নম্বর পাবে। জ্যামিতির উপপাদ্যের বিকৃত চিত্রাঙ্কন করলে কোনো নম্বর পাবে না। চিত্র চোখের দৃষ্টিতে শুদ্ধ হলেও চলবে। জ্যামিতির উপপাদ্যের বিশেষ নির্বাচন বা প্রমাণ সঠিক না হলে শুধু চিত্রের জন্য কোনো নম্বর পাবে না। সম্পাদ্যের চিত্র অঙ্কন না করলে বা ভুল করলে অথবা অঙ্কনের প্রয়োজনীয় চিহ্ন না থাকলে শুধু লেখার জন্য কোনো নম্বর পাবে না। কিন্তু যথাযথ অঙ্কনের চিহ্নসহ চিত্র অঙ্কনের জন্য নির্ধারিত নম্বর পাবে। ত্রিকোণমিতি অংশে প্রয়োজন অনুসারে আনুপাতিক চিত্র দিতে হবে। পরিমিতি অংশে প্রয়োজন অনুসারে চিত্র দিলে ভালো হয়।