গবেষণায় বরাদ্দ ২ শতাংশ, বেতন-ভাতায় ৭৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৬৬৪ কোটি ৩৭ লাখ টাকার বাজেট প্রস্তাব করা হচ্ছে। বাজেটে গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে মাত্র ১৪ কোটি টাকা। হিসাবে এটি মোট বাজেটের মাত্র ২ শতাংশ। তবে আগের বছর এটি ছিল আরও কম, মাত্র সাড়ে আট কোটি টাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আগামীকাল শনিবার সিনেটের বার্ষিক অধিবেশনে এই বাজেট উপস্থাপন করা হবে। বেলা ১১টায় অধিবেশন শুরু হবে।

প্রস্তাবিত বাজেটের পর্যালোচনায় দেখা যায়, এর সিংহভাগ খরচ হবে (৭৮.৫৯ শতাংশ) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতায়। বাজেটে ৪১৬ কোটি ৭ লাখ টাকা বেতন-ভাতা ও ১০৬ কোটি টাকা পেনশনের জন্য বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের জন্য ব্যয় হবে ৭০ কোটি ৮৫ লাখ টাকা। এর মধ্যে গ্রন্থাগারের বই কেনা, বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা, রাসায়নিক যন্ত্রপাতি, শিক্ষাসফর, সেমিনার, পরীক্ষা, শিক্ষকদের প্রশিক্ষণ সহায়তা, ইন্টারনেট, বৃত্তি, খেলাধুলা, শিক্ষার্থী পরিবহন ও গবেষণা অন্তর্ভুক্ত আছে।

গবেষণা খাতে ১৪ কোটি টাকা বরাদ্দের বাইরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘হায়ার এডুকেশন কোয়ালিটি এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (হিক্যাপ)’-এর ১৩টি প্রকল্পে ২২ কোটি ৩৯ লাখ টাকা বরাদ্দ রয়েছে। অন্যান্য খাতে খরচ হবে বাজেটের বাকি টাকা।

এ বছর মোট বাজেটের আকার বাড়ছে না। ২০১৬-১৭ অর্থবছরের বরাদ্দ ছিল ৬৬৪ কোটি ১১ লাখ টাকা। কিন্তু সংশোধিত বাজেটে তা ৬৬৭ কোটি ১৯ লাখ টাকায় দাঁড়ায়। সে হিসাবে এ বছর বাজেটের আকার বরং কমছে, যা গত ১০ বছরে প্রথম। এবারের বাজেটের ঘাটতি ১১ কোটি ৭২ লাখ টাকা, যা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আয় থেকে মেটানো হবে।

বাজেট কমার কারণ হিসেবে প্রস্তাবিত বাজেটের মুখবন্ধে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন বলেছেন, পেনশনধারীদের গ্রস পেনশনের শতকরা ১০০ ভাগ সমর্পণের সুবিধা বাতিল করে ৫০ ভাগ বাধ্যতামূলক সমর্পণ ও অবশিষ্ট ৫০ ভাগের জন্য নির্ধারিত হারে প্রতিবছর মাসিক পেনশন গ্রহণের নিয়ম চালু করায় বাজেট কিছুটা কম হয়েছে।

বাজেটে আয়ের সবচেয়ে বড় উত্স হিসেবে রয়েছে ইউজিসির ৬১০ কোটি ১০ লাখ টাকার অনুদান। বাকি টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে জোগান দিতে হবে। শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন ধরনের ফি বাবদ আসবে ২৫ কোটি ৯৫ লাখ টাকা। এসবের মধ্যে বেতন, ভর্তি, ভর্তি ফরম ফি, সেশন ফি, পরীক্ষার ফি, সনদপত্র, হলের ফি ও বিভাগের ফি অন্তর্ভুক্ত রয়েছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেটে শিক্ষা ও গবেষণা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। কারণ, এ প্রতিষ্ঠানকে দেশের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনুসরণ করে।