
মাত্র চার বছর বয়সে গানের হাতেখড়ি। স্কুলপাঠও শুরু হয়নি তখন। তার আগেই প্রতি শুক্রবার খেলা ফেলে মায়ের হাত ধরে ছুটতে হতো গানের ক্লাসে। ওই বয়সেই শিশু একাডেমীতে গানের দীক্ষা শুরু। মন পড়ে থাকত খেলায়। তবুও মায়ের প্রবল ইচ্ছেতে চলতে থাকল সংগীতসাধনা। এত দিনে অবশ্য সেটি মায়ের ইচ্ছেকে ছাড়িয়ে হয়ে গেছে নিজের ধ্যানজ্ঞান। তাই গান ছাড়া এখন অন্য কিছু ভাবতে পারেন না সুবর্ণা দাস।
সিলেটে জন্ম ও বেড়ে ওঠা সুবর্ণা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর শেষ পর্বের শিক্ষার্থী। তাঁর সংগীতসাধনা ও গানের পরিচিতি এখন বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, শিক্ষক—সবারই জানা। তাই বিশ্ববিদ্যালয়ের হল কিংবা বিভাগে কোনো অনুষ্ঠান এলেই তাতে ডাক পড়ে সুবর্ণার। ক্লাস, পরীক্ষা-যা-ই থাকুক না কেন, গানের কথা এলেই কখনো না করতেন না সুবর্ণা। সানন্দে রাজি হয়ে যেতেন। বিশ্ববিদ্যালয়ের একাধিক প্রতিযোগিতায়ও অংশ নিয়ে রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর।
সুবর্ণা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হল সাংস্কৃতিক প্রতিযোগিতায় ২০১২ সালে প্রথম হন তিনি। এ ছাড়া ২০০৬ সালে সিলেট সরকারি মহিলা কলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতায় তিনি বিজয়ী হন। অংশ নিয়েছেন দেশের দুটি বেসরকারি টেলিভিশনে গানের জনপ্রিয় রিয়েলিটি শোতে। ২০১৪ সালে ফিজআপ চ্যানেল আই সেরাকণ্ঠে অংশ নিয়ে শীর্ষ ১৫-তে স্থান করে নেন। এর আগে চ্যানেল নাইনের পাওয়ার ভয়েস প্রতিযোগিতায় অংশ নিয়ে সারা দেশের মধ্যে শীর্ষ ৩২-এ জায়গা করে নেন।
তবে এ দুই প্রতিযোগিতায় কাঙ্ক্ষিত সাফল্যের দেখা না পেলেও থামতে চান না সুবর্ণা। তাঁর মতে, এ ধরনের বড় প্রতিযোগিতায় অংশ নিয়ে খুঁটিনাটি অনেক কিছুই শিখেছি। ভবিষ্যতে গানের সঙ্গে পথচলায় সেসব শিক্ষাকে কাজে লাগাতে চাই।
সুবর্ণা জানান, জাতীয় পর্যায়ে প্রথম সাফল্যের দেখা পান ২০০৩ সালে। তখন তিনি নবম শ্রেণির শিক্ষার্থী। ওই বছর জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় উচ্চাঙ্গ ও রবীন্দ্রসংগীতে সিলেট বিভাগের প্রতিনিধিত্ব এবং রবীন্দ্রসংগীত বিভাগে ব্রোঞ্জপদক লাভ করেন। এ ছাড়া ২০০২ ও ২০০৩ সালে সোনালী ব্যাংক আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নজরুল ও রবীন্দ্রসংগীতে যথাক্রমে দ্বিতীয় ও প্রথম হন। এর বাইরে স্থানীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বেশ কিছু পুরস্কার রয়েছে সুবর্ণার গানের সাফল্যের ঝুলিতে। এ ছাড়া সিলেটের সাংস্কৃতিক সংগঠন রূপসী বাংলাসহ বিভিন্ন সংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন।
সুবর্ণার গানের হাতেখড়ি সংগীতগুরু ইতি রাণী ভৌমিকের কাছে, সিলেটের শিশু একাডেমীতে। পরবর্তীকালে তাঁর পরামর্শে ১৯৯৩ থেকে ২০০৩ পর্যন্ত শাস্ত্রীয় সংগীতের তালিম নেন শাস্ত্রীয় পণ্ডিত রামকানাই দাসের কাছে, যিনি একুশে পদক বিজয়ী এবং ২০১৩ সালে মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পাওয়া সংগীতগুরু।
গান নিয়েই ভবিষ্যতের যত স্বপ্ন সুবর্ণার। চান গানের মাধ্যমেই প্রতিষ্ঠা পেতে। যাতে গানের সুবর্ণা হিসেবে একনামে সবাই তাঁকে চেনে। নিতে চান গানের ওপর উচ্চশিক্ষা। অথচ শুরুর সময় সুবর্ণার গানের ভবিষ্যৎ নিয়ে তাঁর মা ছিলেন হতাশ। ব্যাংকার মা ধরেই নিয়েছিলেন যে এ মেয়েকে দিয়ে আর গান হবে না। কিন্তু না, দুই বোন এক ভাইয়ের পরিবারে সবার বড় সুবর্ণার গলায় গান শেষ পর্যন্ত বাসা বেঁধেছে। তাই গান দিয়ে সাজাতে চান আগামীর পথচলা।