গানে গানে সারাবেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিপা গাঙ্গুলী
নিপা গাঙ্গুলী

মূলত গানের মানুষ। গল্প বা আড্ডার মুহূর্তেকেও মাতিয়ে তোলেন গানের ছন্দে। তিনি বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের ইংরেজি সাহিত্যের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নিপা গাঙ্গুলী। কলেজের জীবনানন্দ দাশ চত্বর, কলেজ মিলনায়তন, ইংরেজি বিভাগ—সবখানেই গানের আসর জমাতে দেখা যায় তাঁকে। কলেজ থেকে ইতিমধ্যেই গান গেয়ে অর্জন করেছেন সেরা শিল্পীর সনদ।
নিপার জন্ম বানারীপাড়া উপজেলায়। বাবা সুধাংশু সাহা, মা স্মৃতি সাহার উৎসাহেই গানে হাতে খড়ি। শুরুটা ওস্তাদ রফিকুল ইসলামের কাছে। এরপর উচ্চাঙ্গসংগীতে তালিম নেন ওস্তাদ সজীব আহমেদ ও শহীদুজ্জামান মামুনের কাছে। একই সঙ্গে চলে আধুনিক ও নজরুলসংগীতের চর্চা। ভালো শিল্পী হিসেবে বরিশালে নজরুল পরিষদের সদস্য করে নেওয়া হয় নিপাকে।
প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু নানা প্রতিযোগিতায় অংশ নেওয়া। নজরুল, আঞ্চলিক, আধুনিক ও দেশাত্মবোধক গানে অনেক পুরস্কার পেয়েছেন নিপা। এর মধ্যে উল্লেখযোগ্য, চ্যানেল আই সেরাকণ্ঠ বরিশাল বিভাগের সেরা দশ মনোনীত হয়ে পদক ও সনদ প্রাপ্তি।
নতুন কুঁড়ি, বাংলাদেশ শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০০৪-২০০৫ সালে নজরুল ও দেশাত্মবোধক গানে প্রথম স্থান অর্জন। ২০১৪ সালে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে দেশাত্মবোধক গানে দ্বিতীয় এবং নজরুলসংগীতে প্রথম স্থান অর্জন করেন।
২০১২ সাল থেকে নিপা বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের আধুনিক গানে নিয়মিত তালিকাভুক্ত শিল্পী।
শুধু ক্যাম্পাস নয়, নিপা তাঁর গানের সুরে বরিশালের স্রোতাদের কাছে সমাদৃত হয়েছেন। পড়াশোনার পাশাপাশি সংগীতের চর্চা অব্যাহত রাখতে চান নিপা। তাঁর স্বপ্ন একজন গুণী সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রকাশ করা। এ জন্য নিপা বরিশালের মানুষসহ সবার আশীর্বাদ চান।