গানের দ্যুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিজবুন নাহার বগুড়া আযীযুল হক কলেজের শিক্ষার্থী
হিজবুন নাহার বগুড়া আযীযুল হক কলেজের শিক্ষার্থী

সা-রে-গা-মাতে সুর মিলিয়েছেন ছোটবেলায়। আর সেই থেকে গানই তাঁর ধ্যানজ্ঞান। কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে বগুড়ার গানের জলসায় নিয়মিত দেখা মেলে তাঁর। গানের সঙ্গে এমনই গলাগলি সম্পর্ক বগুড়া আযীযুল হক কলেজের হিজবুন নাহারের। কাছের মানুষদের কাছে তিনি দ্যুতি নামেই পরিচিত। গত বছর উচ্চমাধ্যমিকের চৌকাঠ পেরিয়েছেন বগুড়ার আযীযুল হক কলেজ থেকে। সংগীত বিষয়ে পড়ার বাসনা ভারতের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। আর সেই প্রত্যয়েই কিনা রীতিমতো আটঘাট বেঁধে নেমেছেন প্রস্তুতি নিতে। যেমনটি বলছিলেন হিজবুন নাহার, ‘রবীন্দ্রভারতীতে আবেদনের খুঁটিনাটি জেনেছি, সেই বিষয়গুলো মাথায় রেখেই এগিয়ে যাচ্ছি। জানি না স্বপ্ন পূরণ হবে কি না!’
তবে পূরণ হয়েছে অনেক ছোট ছোট স্বপ্নের। এই যেমন, স্কুল আর কলেজের পদক ছাড়াও ঝুলিতে পুরস্কার পুরেছেন বিভিন্ন জাতীয় প্রতিযোগিতার। যার মধ্যে ২০১১ সালে জাতীয় শিশু প্রতিযোগিতায় অংশ নিয়ে লালনগীতি বিভাগে রাজশাহী বিভাগে হয়েছেন দ্বিতীয়। আবার ২০১২ সালে বগুড়ার নজরুল একাডেমি আয়োজিত প্রতিযোগিতায় হয়েছেন প্রথম। এ ছাড়া গান করেছেন টেলিভিশনে গানের অনুষ্ঠানে। আর শুধু গানের ভুবনেই নয়, তিনি যুক্ত আছেন রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে।
সুরতীর্থ সংগীত একাডেমি থেকে প্রাতিষ্ঠানিক চর্চা শুরু ২০০৫ সালে। তবে বছর ছয়েক থেকে রাগসংগীতের পাশাপাশি লালন, রবীন্দ্র, নজরুল আর আধুনিক গানের তালিম নিচ্ছেন ওস্তাদ বেলাল হোসেনের কাছে। শেখার পাশাপাশি নিজেদের গড়া ব্যান্ড দল ‘মিউজিক হ্যাভেনের’ সঙ্গেও চর্চা করে যাচ্ছেন সমান তালে। নিয়মিত অংশ নিচ্ছেন বিভিন্ন সংগীত আয়োজনে। জন্ম কুষ্টিয়ায় হলেও বাবা-মায়ের চাকরির সুবাদে হিজবুনের বেড়ে ওঠা বগুড়া শহরে।
গান গাইতে গিয়ে পড়াশোনায় কিন্তু গড়িমসি করেননি হিজবুন। স্কুল থেকে প্রতিটি পরীক্ষাতেই করেছেন ভালো ফল। বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিকে অর্জন করেছেন জিপিএ-৫। আর উচ্চামাধ্যমিকে অর্জন করেছেন ৪.৯০। হিজবুন বলেন, ‘মা–বাবার ইচ্ছা ছিল আমাকে ব্যাংকার বানানোর, কিন্তু গানের প্রতি আগ্রহ দেখে তাঁদের সে ইচ্ছা বদল হয়েছে। এখন তাঁরা চান আমি যেন গান নিয়েই এগিয়ে যাই বহুদূর।’