গার্হস্থ্য অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সৃজনশীল প্রশ্নোত্তর

প্রিয় শিক্ষার্থী, আজ ‘গার্হস্থ্য অর্থনীতি’ বিষয় থেকে সৃজনশীল প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

# শুভ ও নেলী দুই ভাইবোন, শুভ তার শোবার ঘরে বসে পড়ছে। নেলী বসার ঘরে বসে পড়াশোনা করছে। বিষয়টি দেখে মা নেলীকে শুভর ঘরে পড়ার ব্যবস্থা করে দেন। বড় ঘরটিতে একটি মাত্র ফ্যান থাকায় নেলী বাতাস পাচ্ছিল না। ফলে অল্প কিছুক্ষণের মধ্যেই নেলী ঘেমে ওঠে। শুভ বিষয়টি দেখে বোন নেলীকে ফ্যানের বাতাস পাওয়া যায় এমন জায়গায় গিয়ে বসতে বলে।

ক. গৃহ সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়?

খ. ‘শক্তির’ যথাযথ ব্যবহার বলতে কী বোঝায়?

গ. শুভ ও নেলীকে একই ঘরে পড়তে দেওয়ার মাধ্যমে মা তাঁর পরিবারের কোন সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করলেন— ব্যাখ্যা করো।

ঘ. যৌথ সম্পদের সুষ্ঠু ব্যবহার শুভ ও নেলীর মধ্যে স্বার্থত্যাগের মানসিকতা গড়ে তুলতে সহায়ক—তুমি কি এ বিষয়ে একমত? সপক্ষে যুক্তি দাও।

উত্তর: ক

গৃহ সম্পদকে দুই ভাগে ভাগ করা যায়।

উত্তর: খ

অর্থ ও সময়ের মতো শক্তিও পরিবারের অন্যতম মানবীয় সম্পদ। কম শক্তি ব্যবহার করে বেশি কাজ করাকে শক্তির যথাযথ ব্যবহার বলে। শক্তির যথাযথ ব্যবহারের ওপর পরিবারের সদস্যদের স্বাস্থ্য ও মানসিক পরিতৃপ্তি নির্ভর করে। ব্যক্তিবিশেষে শক্তির তারতম্য ঘটে।

শক্তিকে ইচ্ছামতো ব্যবহার করলে তা তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। ফলে কাজে অনীহা, ক্লান্তি ও বিরক্তির সৃষ্টি হয়। উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে শক্তি ব্যয় করলে এর অপচয় রোধ করা যায়।

উত্তর: গ

শুভ ও নেলীকে একই ঘরে পড়তে দেওয়ার মাধ্যমে মা তাঁর পরিবারের বৈদ্যুতিক পাখার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করেছেন। পরিবারের সব সদস্য যৌথভাবে যে সম্পদগুলো ব্যবহার করে, তাকে পারিবারিক যৌথ সম্পদ বলে।

যৌথ সম্পদের সঠিক ও সুষ্ঠু ব্যবহার পরিবারের সবার মধ্যে সুসম্পর্ক বজায় রাখে। শুভ ও নেলী দুজন দুই ঘরে বসে পড়লে বিদ্যুতের অপচয় হয়। দুজন একসঙ্গে বসে একই ঘরে পড়ালেখা করলে বিদ্যুতের সাশ্রয় হয়।

শুভ ও নেলীর মা জানেন, একটি কক্ষে একাধিক সদস্য থাকতে পারে। এ ক্ষেত্রে প্রত্যেক সদস্যের সুবিধা-অসুবিধা ও প্রয়োজনীয়তার কথা বিবেচনায় রেখে প্রয়োজনীয় বাতাসের ব্যবস্থা করতে হয়।

তাই বলা যায়, পরিস্থিতি, কাজের ধরন, প্রকৃতির ওপর ভিত্তি করে সমঝোতা ও সহনশীলতার মাধ্যমে তাঁদের মা বৈদ্যুতিক আলো ও পাখার যৌথ ব্যবহার করে পারিবারিক যৌথ সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করেছেন।

উত্তর: ঘ

‘যৌথ সম্পদের সুষ্ঠু ব্যবহার শুভ ও নেলীর মধ্যে স্বার্থত্যাগের মানসিকতা গড়ে তুলতে সহায়ক’—হ্যাঁ, এ বিষয়ের সঙ্গে আমি একমত পোষণ করছি।

প্রতিটি পরিবারে এমন কিছু যৌথ সম্পদ রয়েছে, যা সুষ্ঠু ব্যবহারের লক্ষ্যে সদস্যদের ব্যক্তিগত স্বার্থত্যাগের জন্য মানসিক প্রস্তুতি রাখতে হয়। যৌথ সম্পদগুলো সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হয়। সতর্কতার সঙ্গে ব্যবহার না করলে সদস্যদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি ও সম্পর্কের অবনতি হতে পারে। তাই সমঝোতা ও সহনশীলতার মাধ্যমে যৌথ সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার করে পরিবারের সবার মধ্যে সুসম্পর্ক বজায় রাখা যায়।

গৃহে পাখা ব্যবহারের কিছু সুনির্দিষ্ট নিয়মকানুন রয়েছে। যেমন: প্রত্যেকের সুবিধা-অসুবিধা ও প্রয়োজন বুঝে পাখা ব্যবহার করতে হয়। যার বেশি বাতাসের প্রয়োজন, সে পাখার সোজাসুজি নিচে থাকবে। আর যার কম প্রয়োজন, সে পাখা থেকে দূরে থাকবে।

উদ্দীপকে শুভ নেলীর কষ্ট অনুধাবন করে নিজে পাখার নিচে না বসে নেলীকে পাখার নিচ বরাবর বসতে বলে। এতে দুজনের মাঝে সুসম্পর্কের সৃষ্টি হয়।

আমার মতে, শুভ ও নেলী সঠিক ও সুষ্ঠুভাবে বৈদ্যুতিক পাখার ব্যবহার করেছে, যা তাদের স্বার্থত্যাগেরই বহিঃপ্রকাশ।

সহকারী শিক্ষক

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা