গার্হস্থ্য অর্থনীতির সম্মিলিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাদানকল্প প্রতিষ্ঠান গার্হস্থ্য অর্থনীতি কলেজ ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির সম্মিলিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এখানে পাসের হার ৮১ দশমিক ০৬ শতাংশ।
আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। ১২ নভেম্বর গার্হস্থ্য অর্থনীতি কলেজ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
রবি, এয়ারটেল, বাংলালিংক কিংবা টেলিটক নম্বর থেকে ‘DU GOC Roll No’ ফরম্যাটে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যাচ্ছে।
উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের পরীক্ষায় সম্মিলিতভাবে (বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা) ২ হাজার ৬৫৫ আসনের বিপরীতে পরীক্ষা দেন ৫ হাজার ৫৪৫ জন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৪৯৫ জন (পাসের হার ৮১ দশমিক ০৬ শতাংশ)।
গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারছেন। এ ছাড়া রবি, এয়ারটেল, বাংলালিংক কিংবা টেলিটক নম্বর থেকে ‘DU GOC Roll No’ ফরম্যাটে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যাচ্ছে।