গোল বাধিয়েছে গণিতের ফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসিতে প্রত্যাশিত সাফল্য পেয়ে যশোর বোর্ডে দ্বিতীয় যশোর পুলিশ লাইনস স্কুলের শিক্ষার্থীদের বাঁধভাঙা উল্লাস l প্রথম আলো
এসএসসিতে প্রত্যাশিত সাফল্য পেয়ে যশোর বোর্ডে দ্বিতীয় যশোর পুলিশ লাইনস স্কুলের শিক্ষার্থীদের বাঁধভাঙা উল্লাস l প্রথম আলো

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো করে আসছিল দেশের শিক্ষার্থীরা। কিন্তু এবার পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। পাসের হার কমেছে প্রায় ৬ শতাংশ, জিপিএ-৫ কমেছে ২৮ হাজার ৬৮২।
গতবারের চেয়ে ফল খারাপের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা পরীক্ষার সময়ে বিএনপি-জামায়াতের ডাকা টানা অবরোধ ও হরতালকে দায়ী করেছেন। তবে শিক্ষা বোর্ডগুলোর ফলাফলের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, রাজনৈতিক অস্থিরতার চেয়েও গণিতের মতো ‘কঠিন’ বিষয়ে প্রথমবারের মতো সৃজনশীল প্রশ্নপত্র চালু করার কারণে এবার ফলে ধাক্কা লেগেছে। আট শিক্ষা বোর্ডে গড় পাসের হার কমেছে ৫ দশমিক ৯৫ শতাংশ, আর গণিতে পাসের হার কমেছে ৭ দশমিক ৭৩ শতাংশ।
কোনো কোনো বোর্ডে গণিতে গতবারের চেয়ে ১২ শতাংশ পর্যন্ত কম পাস করেছে। অথচ কঠিন বিষয় হিসেবে পরিচিত ইংরেজি, পদার্থ, রসায়নে শিক্ষার্থীরা তুলনামূলক ভালো করেছে। এ বিষয়গুলোতে প্রতিটি বোর্ডে পাসের হার ৯৫ শতাংশের ওপরে। অবশ্য রাজনৈতিক অস্থিরতায় পরীক্ষার্থীদের চাপে থাকার বিষয়টিও সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বীকার করছেন। কারণ, এবার একটি পরীক্ষাও নির্ধারিত সময়ে হয়নি। সব কটি পরীক্ষা হয়েছে ছুটির দিন শুক্র ও শনিবার।
গতকাল শনিবার প্রকাশিত আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসিতে ৮৬ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবার পাস করেছিল ৯২ দশমিক ৬৭ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ৯৩ হাজার ৬৩১ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ২২ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।
ফল খারাপ হওয়ার কারণ জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিএনপি-জামায়াতের ডাকা হরতাল ও অবরোধের কারণে এবার ভয়ভীতি ও উদ্বেগের মধ্যে পরীক্ষা দিয়েছে ছেলেমেয়েরা। ফল খারাপের জন্য মূলত তাঁরা এ বিষয়টিকেই বিবেচনা করছেন। তবে শিক্ষা বোর্ডগুলোর ফল বিশ্লেষণ করে দেখা যায়, সাধারণ শিক্ষা বোর্ডের প্রতিটিতেই এবার গণিতে পাসের হার গতবারের চেয়ে কমেছে। ঢাকা শিক্ষা বোর্ডে এবার গণিতে পাসের হার ৯২ দশমিক ৮০ শতাংশ, গতবার ছিল ৯৮ শতাংশ। এর সঙ্গে ওই বোর্ডে মোট পাসের হারও কমেছে প্রায় সমান, ৫ দশমিক ২৯ শতাংশ।
জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শ্রীকান্ত কুমার চন্দ প্রথম আলোকে বলেন, রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি গণিতে প্রথমবারের মতো সৃজনশীল হওয়ায় ধাক্কা লেগেছে পরীক্ষার ফলে।
অন্য বোর্ডগুলোতে গেলবার গণিতে পাসের হার ৯০ শতাংশের বেশি হলেও এবার তা কমেছে। সিলেট বোর্ডে গতবার গণিতে পাস করেছিল ৯৬ দশমিক ৮৮ শতাংশ পরীক্ষার্থী। এবার তা ৮৪ দশমিক ৮৬ শতাংশ। অর্থাৎ কমেছে ১২ দশমিক শূন্য ২ শতাংশ। বোর্ডের গড় পাসের হারও কমেছে ৭ দশমিক ৪১ শতাংশ। গড় পাসের হারেও এই বোর্ড তলানিতে অবস্থান করছে।
এই বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল মান্নান খানও মনে করেন, গণিতের খারাপ ফলের কারণেই এবার সার্বিক ফল খারাপ হয়েছে। তবে এটাও ঠিক, এবার কোন পরিস্থিতিতে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে, সেটাও দেখতে হবে।
গত বছরের সঙ্গে গণিতের ফল তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, অন্য বোর্ডগুলোর মধ্যে কুমিল্লায় ৮ দশমিক ৫৫ শতাংশ কম পাস করেছে। এবার এই বোর্ডে গণিতে পাসের হার ৮৮ দশমিক ৪৭ শতাংশ। চট্টগ্রামে কমেছে ৬ দশমিক ৬৯ শতাংশ। এই বোর্ডে গণিতে পাসের হার ৮৯ দশমিক ৯৩ শতাংশ। এ ছাড়া যশোর বোর্ডে ৯ দশমিক ৫৮ শতাংশ, বরিশাল বোর্ডে ৮ দশমিক ৭৭ শতাংশ ও রাজশাহী বোর্ডে গণিতে গতবারের চেয়ে ২ দশমিক ২৭ শতাংশ কম পাস করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক অধ্যাপক ছিদ্দিকুর রহমানও গণিতে পাসের হার কমে যাওয়ায় এবার ফল খারাপ হয়েছে বলে মনে করেন।
পরীক্ষার কাজের সঙ্গে যুক্ত ঢাকা ও সিলেট শিক্ষা বোর্ডের দুজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এবার গণিতে প্রথমবারের মতো সৃজনশীল প্রশ্নপত্র চালু হয়েছে। বিষয়টি এমনিতেই সৃজনশীল। আবার সৃজনশীল ও নৈর্ব্যক্তিক—দুই অংশেই আলাদাভাবে পাস করতে হয়। ফলে একদিকে নতুন পদ্ধতি, অন্যদিকে আলাদাভাবে পাস করার বিধান থাকায় পরীক্ষার্থীরা এ বিষয়ে খারাপ করেছে।
রাজউক উত্তরা মডেল কলেজের একজন শিক্ষার্থী মিনহাজের বাবা রফিকুল ইসলাম বলেন, গণিতের মতো বিষয় এমনিতেই সৃজনশীল। এর মধ্যে সেটিকে সৃজনশীল করার কারণে অনেকে বুঝেও উঠতে পারেনি।
রাজনৈতিক অস্থিরতা থাকলেও মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার বেড়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিলে এবার পাসের হার ৯০ দশমিক ২০ শতাংশ। গতবার ছিল ৮৯ দশমিক ২৫ শতাংশ। কারিগরি বোর্ডে পাসের হার এবার ৮৩ দশমিক শূন্য ১ শতাংশ, যা গতবার ছিল ৮১ দশমিক ৯৭ শতাংশ। এ কারণে শিক্ষাসংশ্লিষ্ট কেউ কেউ বলছেন, ফল খারাপের জন্য যদি রাজনৈতিক অস্থিরতা এককভাবে প্রভাব ফেলত, তাহলে এই দুই বোর্ডের পরীক্ষার ফলও খারাপ হতো।
উল্লেখ্য, মাদ্রাসার দাখিলে গণিত বিষয়ে এখনো সৃজনশীল চালু হয়নি।
বিজ্ঞানে ভালো ফল: এসএসসি ও সমমানের ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ যে তথ্য দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে, এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছিল ১১ লাখ ৮ হাজার ৬৮৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৯ লাখ ৬১ হাজার ৪০৫ জন।
সংবাদ সম্মেলনের আগে সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী ও বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা।
বিভাগভিত্তিক ফল বিশ্লেষণে দেখা যায়, বিজ্ঞানের শিক্ষার্থীরা পরীক্ষায় বেশি ভালো করেছে। এই বিভাগে পাসের হার ৯৬ দশমিক ৩৫ শতাংশ। ব্যবসায় শিক্ষায় ও মানবিকে পাসের হার যথাক্রমে ৮৬ দশমিক ৯৩ শতাংশ ও ৭৯ দশমিক ৩২ শতাংশ। অবশ্য তুলনামূলকভাবে ভালো শিক্ষার্থীরা বিজ্ঞানে পড়ার সুযোগ পায়।
ছাত্র-ছাত্রীদের মধ্যে পাসের হারে ছেলেরা সামান্য এগিয়ে আছে। ছাত্রদের পাসের হার ৮৭ দশমিক ১৬ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৮৬ দশমিক ২৮ শতাংশ।
ফলাফলের বিভিন্ন সূচকে এবার ঢাকা বোর্ডে সেরা হয়েছে রাজধানীর ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি সেরা হওয়ায় কিছুটা বিস্মিত শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের কয়েকজন কর্মকর্তা। এ ছাড়া বিদ্যমান ব্যবস্থায় সেরা প্রতিষ্ঠান বাছাই নিয়েও প্রশ্ন আছে। শিক্ষামন্ত্রীও বিষয়টি স্বীকার করে গতকাল বলেছেন, এখন থেকে সেরা ২০ বা সেরা ১০ প্রতিষ্ঠানের তালিকা করা হবে না।
এবার মাদ্রাসা, কারিগরিসহ ১০ বোর্ডে পাসের হার ৮৭ দশমিক শূন্য ৪ শতাংশ, যা গতবার ছিল ৯১ দশমিক ৩৪ শতাংশ। এবার ১০ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১১ হাজার ৯০১ জন। গতবার পেয়েছিল ১ লাখ ৪২ হাজার ২৭৬ জন। এবার সারা দেশের ৫ হাজার ৯৫টি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই পাস করেছে। গতবার সারা দেশে ৬ হাজার ২১০টি প্রতিষ্ঠান থেকে সব শিক্ষার্থী পাস করেছিল।
গতবারের মতো এবারও আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার বিবেচনায় সেরা হয়েছে রাজশাহী বোর্ড। এই বোর্ডে পাসের হার ৯৪ দশমিক ৯৭ শতাংশ। গতবারের মতো এবারও সিলেটের অবস্থান সবার নিচে। এই বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৮২ শতাংশ, যা গতবার ছিল ৮৯ দশমিক ২৩ শতাংশ।
এ ছাড়া ঢাকা বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৬৫, কুমিল্লায় ৮৪ দশমিক ২২, যশোরে ৮৪ দশমিক শূন্য ২ শতাংশ, চট্টগ্রামে ৮২ দশমিক ৭৭, বরিশালে ৮৪ দশমিক ৩৭ এবং দিনাজপুরে ৮৫ দশমিক ৫০ শতাংশ।
গত ৬ ফেব্রুয়ারি এই পরীক্ষা শুরু হয়েছিল। হরতাল-অবরোধে বারবার পিছিয়ে পরীক্ষা শেষ হয় ৩ এপ্রিল। নির্ধারিত সময় অনুযায়ী শেষ হওয়ার কথা ছিল ১১ মার্চ।
জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী প্রথম আলোকে বলেন, ‘ছেলেমেয়েরা রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও অনিশ্চয়তার মধ্যে যে মাথা ঠান্ডা করে পরীক্ষা দিতে পেরেছে, এটাই বড় বিষয়। এ রকম পরিস্থিতির মধ্যে আমিও পরীক্ষা দিতে পারতাম কি না সন্দেহ।’


এক নজরে

ফলাফল
এসএসসিতে পাসের হার ৮৬.৭২%

জিপিএ–৫ ৯৩,৬৩১

ছাত্র ৮৭.১৬%
ছাত্রী ৮৬.২৮%

সবচেয়ে বেশি পাসের হার
রাজশাহী বোর্ড ৯৪.৯৭%

সবচেয়ে কম পাসের হার
সিলেট বোর্ড ৮১.৮২%

দাখিলে পাসের হার ৯০.২০%
ভোকেশনালে পাসের হার ৮৩.০১%